উহ! খাবার ঝাল!! তবে উপকারিতাও আছে
মিষ্টির চাইতে ঝাল খাবারের উপকারিতা বেশি। কিন্তু অতিরিক্ত ভালো নয়।
খাবারে অনেকেই ঝাল পছন্দ করেন, মানে ঝাল ছাড়া খাবার ভাবতেই পারেন না। আবার কেউ সামান্য ঝালেই অস্বস্তিতে পড়েন।
তবুও ঘরে রান্না করা বা রেস্তোরাঁয় ঝাল খাবারের জনপ্রিয়তা কিন্তু ব্যাপক। দেশি খাবারের পাশাপাশি খাদ্য-রসিকেরা নানান ধরনের বিদেশি ঝাল খাবার খেতে পছন্দ করেন।
ভারতীয় ঝাল কারি, মেক্সিকোর সালসা বা কোরিয়ার কিমচির ঝাল স্বাদ, যা অন্য সংস্কৃতির খাদ্যাভ্যাস হলেও আমাদের এখানে জনপ্রিয়।
আর স্বাদের বাইরে ঝাল খাবারের আছে নানান স্বাস্থ্যগুণ, যা সাম্প্রতিক গবেষণা ও পুষ্টিবিদদের বিশ্লেষণে উঠে এসেছে।
ঝালের উৎস ও শরীরে এর প্রভাব
ঝাল খাবারের প্রধান বৈশিষ্ট্য আসে ‘ক্যাপসাইসিন’ নামের উপাদান থেকে। এটা সাধারণত মরিচ-ধর্মী খাবারে পাওয়া যায়।
ক্যাপসাইসিন খাওয়ার পর শরীরে এক ধরনের উষ্ণতার অনুভূতি তৈরি হয়, যা রক্তসঞ্চালন বাড়ায় এবং সাময়িকভাবে শক্তি খরচের হার বাড়াতে সাহায্য করে।
মার্কিন পুষ্টিবিদ ও ‘ফ্রম বার্নআউট টু ব্যালান্স’ বইয়ের লেখক প্যাট্রিসিয়া ব্যানান রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই উপাদান শরীরের প্রদাহ কমাতে ও রক্ত চলাচল উন্নত করতে পারে। এছাড়া ক্ষুধা নিয়ন্ত্রণেও সহায়ক ঝাল।”
বিপাকক্রিয়া ও ঝাল খাবার
ঝাল খাবার খেলে শরীরের বিপাকক্রিয়া সামান্য হলেও সক্রিয় হয়। খাবার হজম করার সময় শরীর এমনিতেই কিছু শক্তি ব্যয় করে, আর ঝাল খাবার সেই শক্তি ব্যয়ের মাত্রা অল্প সময়ের জন্য বাড়াতে পারে। একে বলা হয় তাপ উৎপাদনের প্রক্রিয়া।
এই সময় শরীর অতিরিক্ত ক্যালরি পোড়ায় এবং চর্বি ভাঙার হারও কিছুটা বাড়ে।
তবে পুষ্টিবিদরা বলেন- শুধু ঝাল খেলেই যে ওজন কমবে বা বিপাকক্রিয়া বদলে যাবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়।
হৃদস্বাস্থ্য ও প্রদাহ কমানো
ঝাল খাবারের আরেকটি উল্লেখ করার মতো দিক হল- এর প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য।
চীনের ‘পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হসপিটাল, ডায়াবেটিস রিসার্চ সেন্টার অফ চাইনিজ অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ’য়ের গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঝাল খাবার গ্রহণ করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিছু ক্ষেত্রে কমতে পারে।
বিশেষ করে বিপাকজনিত সমস্যায় ভোগা নারীদের ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব বেশি দেখা গেছে। এই কারণেই ঝাল খাবারকে অনেক সময় হৃদস্বাস্থ্যের জন্য সহায়ক হিসেবে ধরা হয়।
বয়স ও কোষের সুস্থতার সঙ্গে সম্পর্ক
বয়স বাড়া স্বাভাবিক, তবে সবার শরীর একই গতিতে বয়সের প্রভাব নেয় না।
কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ঝাল খাবার খেলে জৈবিক বয়সের অগ্রগতি তুলনামূলক ধীর হতে পারে। বিশেষ করে বিপাকক্রিয়া ও বৃক্কের কার্যকারিতার ক্ষেত্রে এই ধীরগতির প্রভাব বেশি দেখা যায়।
যদিও চীনের ‘ওয়েস্ট চায়না ফোর্থ হসপিটাল’য়ের করা এই গবেষণার জন্য আরও বিস্তৃত পর্যবেক্ষণের প্রয়োজন বলে জানায় গবেষকরা; তবুও প্রাথমিক ফলাফল ঝাল খাবারের পক্ষে ইতিবাচক বার্তা দেয়।
স্বাদ বাড়িয়ে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস
ঝাল খাবারের আরও একটি বড় সুবিধা হল- এটি খাবারের স্বাদ বাড়ায়। ফলে অতিরিক্ত লবণ বা চিনি যোগ না করেও খাবার উপভোগ করা যায়।
প্যাট্রিসিয়া ব্যানান বলেন, “ঝাল উপাদান ব্যবহার করলে অনেকেই তুলনামূলক স্বাস্থ্যকর খাবার সহজে গ্রহণ করতে পারেন, কারণ স্বাদের ঘাটতি থাকে না। এতে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।”
যারা সতর্ক থাকবেন
সব উপকারিতার পরও ঝাল খাবার সবার জন্য সমান উপযোগী নয়। যাদের অম্বল, গ্যাস্ট্রিক সমস্যা, ঘুমের ব্যাঘাত বা অন্ত্রের সংবেদনশীলতা আছে, তাদের ক্ষেত্রে ঝাল খাবার সমস্যা বাড়াতে পারে।
অতিরিক্ত ঝাল খেলে পেটের অস্বস্তি, বুকজ্বালা কিংবা ঘুমের ব্যাঘাত দেখা দিতে পারে। তাই ঝাল খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বজায় রাখাই জরুরি।
এই পুষ্টিবিদের মতে, তীব্র ঝালের চেয়ে নিয়মিত অল্প ঝাল খাওয়াই বেশি উপকারী।
আরও পড়ুন
