চিনি কি নষ্ট হয়?
সঠিকভাবে সংরক্ষণ না করলে চিনির গুণগত মান কমে যেতে পারে।
দীর্ঘদিন ধরে রান্না বা বেইকিং না করলে কেবিনেটে রাখা চিনির দিকে তাকিয়ে অনেকেই ভাবেন এতদিন পর এই চিনি কি এখনও ব্যবহারযোগ্য? তবে চিন্তার কিছু নেই।
বিশেষজ্ঞদের মতে, চিনি আসলে নষ্ট হয় না। ময়দা বা অন্যান্য উপকরণের মতো এর কোনো নির্দিষ্ট মেয়াদ শেষ হয় না। তবে সংরক্ষণের ধরন ও পরিবেশের কারণে চিনির গুণগত মানে পরিবর্তন আসতে পারে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘সুগার নিউট্রিশন রিসোর্স সেন্টার’-এর তথ্যানুসারে জানানো হয়, চিনির একটি বিশেষ ক্ষমতা রয়েছে— এটি নিজেই একধরনের সংরক্ষণকারী পদার্থ হিসেবে কাজ করে।
তাই জানতে হবে কেন চিনি নষ্ট হয় না, তবে কোন অবস্থায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে। আর কীভাবে বিভিন্ন ধরনের চিনি সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকে।
সাদা দানাদার চিনি যে কারণে নষ্ট হয় না
দানাদার সাদা চিনির স্থায়িত্ব অনির্দিষ্ট। অর্থাৎ এটি বছরের পর বছর ভালো থাকে, যদি শুষ্ক ও অন্ধকার স্থানে সংরক্ষণ করা হয়।
‘সুগার নিউট্রিশন রিসোর্স সেন্টার’-এর তথ্যানুসারে, অতীতে যখন রেফ্রিজারেইশনের ব্যবস্থা বা ফ্রিজ ছিল না, তখন খাবার সংরক্ষণের জন্য চিনি ব্যবহার করা হতো।
যেমন- লবণ বা ধোঁয়া দিয়ে খাবার সংরক্ষণের প্রচলন ছিল, তেমনি চিনি দিয়েও অনেক খাবার সংরক্ষণ করা হতো।
এর কারণ হল, চিনি খাবার থেকে আর্দ্রতা শোষণ করে নেয়। আর ব্যাক্টেরিয়া বা ছত্রাক বৃদ্ধির জন্য পানির উপস্থিতি প্রয়োজন।
চিনির উপস্থিতিতে সেই পানি কমে যায়, ফলে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না। তাই চিনি জেলি, জ্যাম বা পিনাট বাটারের মতো খাবার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখে।
চিনি নষ্ট হয়েছে কি-না, বুঝা যায় যেভাবে
যদিও চিনি নষ্ট হয় না, তবুও এটি দূষিত হতে পারে।
পোকামাকড়, আর্দ্রতা বা অন্য কোনো পদার্থের সংস্পর্শে এলে চিনির গুণ নষ্ট হতে পারে বা এটি খাওয়ার অনুপযুক্ত হয়ে যেতে পারে।
চিনি আশপাশের গন্ধ ও স্বাদ সহজেই শোষণ করে নেয়। তাই যদি এটি পেঁয়াজ, মসলা বা অন্য কোনো তীব্র গন্ধের জিনিসের পাশে রাখা হয়, তবে চিনির স্বাদও পরিবর্তিত হতে পারে।
কিছু খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠান পরামর্শ দেয়, দুই বছরের বেশি পুরানো চিনি ব্যবহার না করতে।
তবে যদি কোনো দুর্গন্ধ না থাকে এবং দানার গঠন ঠিক থাকে, তাহলে পুরানো চিনি নতুন চিনির মতোই ব্যবহার করা যায়।
বাদামি চিনি কি নষ্ট হয়?
বাদামি চিনির ক্ষেত্রে একটি সমস্যা প্রায়ই দেখা যায়, সেটা হল- শক্ত হয়ে যাওয়া।
বাতাসে কিছু সময় খোলা থাকলে বাদামি চিনি এক ধরনের ইটের মতো শক্ত হয়ে যায়, যা ব্যবহার করা কঠিন।
তবে এটি নষ্ট হওয়া নয়, বরং আর্দ্রতা হারানোর ফল।
বাদামি চিনি সংরক্ষণের সেরা উপায় হল একটি বায়ুরোধী (অর্থাৎ সম্পূর্ণভাবে বন্ধ করা যায় এমন) পাত্রে রাখা।
যদি ইতিমধ্যে চিনি শক্ত হয়ে যায়, তবে কয়েক ফোঁটা পানি মিশিয়ে অথবা মাইক্রোওভেনে অল্প গরম করে তা নরম করা যায়।
বাদামি চিনি সর্বোচ্চ দুই বছরের মধ্যে ব্যবহার করলে স্বাদ ও গুণ বজায় থাকে। চাইলে এটি ফ্রিজেও রাখা যায়, তবে ব্যবহারের আগে কয়েক ঘণ্টা ঘরের তাপমাত্রায় রাখতে হবে।
গুঁড়া চিনি (পাউডার চিনি) কতদিন ভালো থাকে?
গুঁড়া চিনি, যাকে ‘কনফেকশনার্স’ চিনি বা পাউডার চিনি বলা হয়, সেটিও বছরের পর বছর ভালো থাকে যদি এটি বায়ুরোধী পাত্রে ও ঠাণ্ডা, শুকনা স্থানে রাখা হয়।
তবে আর্দ্রতা বা বাতাসের সংস্পর্শে এলে চিনির গন্ধ ও স্বাদ পরিবর্তিত হতে পারে।
তাই যে কোনো ধরনের চিনি সাদা, বাদামি বা গুঁড়া- সংরক্ষণের সবচেয়ে নিরাপদ উপায় হল বায়ুরোধী পাত্রে রেখে কেবিনেটের পেছনের শুকনো স্থানে রাখা।
চিনির সংরক্ষণের ইতিহাস
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ফ্রিজ আবিষ্কারের অনেক আগেই মানুষ খাবার সংরক্ষণে চিনি ব্যবহার করত। একসময় ফল, সবজি বা মাংসকে দীর্ঘ সময় ধরে ভালো রাখার জন্য চিনি ব্যবহার করা হত।
চিনির এই ক্ষমতা এখনও অপরিবর্তিত। তাই ফলের জ্যাম, জেলি বা মিষ্টি সংরক্ষণ করার ক্ষেত্রে চিনি মূল ভূমিকা পালন করে। এটি শুধু স্বাদ বাড়ায় না, বরং খাবারের স্থায়িত্বও বৃদ্ধি করে।
চিনির মান ঠিক রাখার পন্থা
আরও পড়ুন
