চিনি লুকিয়ে থাকে যেসব খাবারে
না জানার কারণে স্বাস্থ্যকর খাবার থেকেও চিনি গ্রহণ করা হয়ে যেতে পারে।
ছোটবেলায় মিষ্টি খেতে ভালোবাসলেও বড় হয়ে বোঝা যায় অতিরিক্ত চিনি শরীরের জন্য কতটা ক্ষতিকর।
শুধু ওজন বৃদ্ধি নয়- রক্তচাপ, ডায়াবেটিস, হরমোনের ভারসাম্যহীনতা, দাঁতের ক্ষয়, এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ায় এই অতিরিক্ত চিনি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র সম্প্রতি মন্তব্য করেছেন, “চিনি এক ধরনের বিষ। এটি শিশুদের ক্ষতিগ্রস্ত করছে, তাদের আসক্ত করছে এবং স্বাদ-রুচি নষ্ট করছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এর সুপারিশ অনুযায়ী, ‘একজন ব্যক্তির প্রতিদিনের ক্যালোরির চাহিদার মাত্র ১০ শতাংশের কম আসা উচিত যোগ করা চিনি থেকে।’
অথচ ‘স্বাস্থ্যকর’ মনে হওয়া অনেক খাবারেই লুকিয়ে আছে অতিরিক্ত চিনি।
এই বিষয়ে ‘ফ্ল্যাট বেলি কুকবুক ফর ডামিজ’- বইয়ের সহ-লেখক ও মার্কিন পুষ্টিবিদ টারা কলিংউড ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অজান্তেই আমরা গ্রহণ করছি বেশ কিছু খাবার যাতে লুকানো থাকে অতিরিক্ত চিনি।”
দই ও দইজাত পণ্য
বাংলাদেশে ঘরে তৈরি টক দই জনপ্রিয় হলেও, বাজারজাত ‘ফ্লেইভার্ড’ বা স্বাদযুক্ত দইগুলোতে চিনি থাকে অনেক বেশি।
টারা কলিংউড বলেন, “ফ্রুটেড ইয়োগার্টে আসলে ফল খুবই কম থাকে, বরং চিনির পরিমাণ অনেক বেশি।”
তাহলে এর সমাধান? প্লেইন বা বিশুদ্ধ টক দই কিনে নিজে ফল এবং সামান্য মধু বা গুড় মিশিয়ে খাওয়া যেতে পারে।
গ্রানোলা ও গ্রানোলা বার
“গ্রানোলা অনেক সময় চিনি দিয়ে তৈরি হয় যা বিস্কুটের গুঁড়ার মতো,” বলেন কলিংউড।
স্বাস্থ্যকর মনে হলেও গ্রানোলা বা গ্রানোলা বারে প্রাকৃতিক উৎস (যেমন মধু, ম্যাপল সিরাপ) থেকে আসা হলেও চিনি প্রচুর পরিমাণে থাকে।
বাংলাদেশে এখন এই পণ্যগুলো জিমপন্থী ও স্বাস্থ্য সচেতনদের মধ্যে জনপ্রিয় হলেও, এদের লেবেল ভালোভাবে না পড়লে প্রতিদিন বাড়তি চিনি গ্রহণের ঝুঁকি থেকেই যায়।
স্মুদি ও জুস ব্লেন্ড
প্যাকেটজাত স্মুদি বা জুসে প্রাকৃতিক ফলের চিনি ছাড়াও অনেক সময় বাড়তি চিনি যোগ করা থাকে।
“জুস বা স্মুদি যদি মিষ্টিজাত মিষ্টান্নের মতো লাগে, তবে সেটা সন্দেহজনক”- বলছেন কলিংউড।
দেশে এখন নানান ব্র্যান্ডের বোতলজাত স্মুদি ও ফলের জুস পাওয়া যায়, যার অনেকগুলোতেই ‘কোনো চিনি যোগ হয়নি’ লেখা থাকে। তবে ‘কনসেনট্রেটেড’ বা সিরাপের মাধ্যমে চিনি থেকেই যায়।
ইনস্ট্যান্ট ওটমিল ও সিরিয়াল
ওটমিল স্বাস্থ্যকর হলেও ‘ইনস্ট্যান্ট’ ও ‘ফ্লেইভার্ড’ ওটমিলে চিনি থাকে প্রচুর। শিশুদের জন্য যে সিরিয়ালগুলো বাজারজাত হয়, সেগুলোতেও চিনির মাত্রা বেশি।
টারা বলেন, “অনেক সময় ‘স্বাস্থ্যকর’ শব্দটা দিয়ে ভুল ধারণা দেওয়া হয়। লেবেলে থাকা ‘অ্যাডেড সুগার’ বা ‘চিনি-যুক্ত’-র অংশটি খেয়াল করতে হবে।”
সালাদ কিট
সালাদ তো স্বাস্থ্যকর— এই বিশ্বাসে অনেকে তৈরি সালাদ কিট কিনে খান।
তবে টারা কলিংউড বলছেন, “লেটুস নয়, সমস্যা হল ড্রেসিংয়ে। ক্যান্ডিড নাটস বা শুকনো ফলের মধ্যে থাকা চিনি।”
আমাদের দেশেও অনেকে বিদেশি ড্রেসিং ব্যবহার করেন সালাদে। যেগুলোর লেবেলে চিনির তথ্য খেয়াল করা উচিত।
কেচাপ ও বারবিকিউ সস
কেচাপ বা সসকে ক্ষতিকর ভাবা হয় না, কারণ এগুলো সামান্য পরিমাণে ব্যবহার করা হয়। তবে এর মাঝেই থাকে হাই ফ্রুকটোজ কর্ন সিরাপ।
কলিংউড বলেন, “এই উপাদান শরীরের জন্য সবচেয়ে খারাপ ধরনের চিনি।”
নাট বাটার
পিনাট বাটার বা বাদামের মাখন স্বাস্থ্যকর চর্বি হিসেবে পরিচিত হলেও বেশিরভাগ বাজারজাত পণ্যে চিনি মেশানো হয়।
কলিংউড বলেন, “বাণিজ্যিকভাবে প্রস্তুত নাট বাটারে প্রক্রিয়াকরণের সময় চিনি যোগ করা হয়।”
বাংলাদেশেও বিদেশি ব্র্যান্ডের নাট বাটার জনপ্রিয় হচ্ছে, কিন্তু সেগুলো কেনার আগে লেবেল ভালোভাবে না পড়লে অজান্তেই চিনি খাওয়া হয়ে যায়।
করণীয় কী?
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও এখন অনেক ব্র্যান্ড খাদ্যমান নিশ্চিত করতে পুষ্টিগুণের লেবেল দিচ্ছে, যা দেখে বুঝে খাবার কিনতে হবে।
এছাড়া নিজের রান্নার সময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে। যেমন- ফলের মিষ্টতা, খেজুর বা খেজুরের সিরাপ, সামান্য পরিমাণ মধু ইত্যাদি। তবে মনে রাখতে হবে এগুলো অতিরিক্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন
