২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শীতের উষ্ণ খাবার স্যুপের স্বাদ বাড়ানোর কৌশল

শুধু স্বাদ বাড়ানোই নয়, পেট ভরা রাখতেও স্যুপে নানান উপকরণ মেশানোর প্রয়োজন হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 08:36 AM

Updated : 26 Aug 2026, 05:30 PM

শীত এলেই সন্ধ্যার পর একটু ওম পেতে স্যুপ খাওয়ার প্রবণতা বাড়ে। গরম গরম স্যুপে শরীর আর মন দুটোই হয়ে ওঠে উষ্ণ।

তবে স্যুপ খেয়ে দীর্ঘ সময় পেট ভরা থাকতে চায় না। একটু পরেই আবার খিদে লাগে। কিন্তু সঠিক উপাদান ব্যবহার করলে বাড়বে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই। আর পেটও থাকবে ভরা।

প্রোটিন থাকলেই তৃপ্তি দীর্ঘস্থায়ী

স্যুপকে সত্যিকারের পরিপূর্ণ করতে হলে তাতে অবশ্যই প্রোটিন যোগ করতে হবে। শুধু সবজি দিয়ে স্যুপ বানালে স্বাদ ভালো হলেও অনেক সময় পেট বেশিক্ষণ ভর্তি থাকে না।

মসুর, ছোলা, মটরশুঁটি, টোফু বা মাংসের ছোট টুকরা যোগ করলে স্বাদ না লাগার সমস্যা দূর হয়।

“প্রোটিন হজম হতে একটু বেশি সময় নেয়, ফলে খিদেও দেরিতে ফিরে আসে”- বলেন, বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো ।

স্যুপের তরল অংশেই যোগ হোক বাড়তি খাদ্যমান

প্রয়োজনে স্যুপের ঝোলের মধ্যেও নরম প্রোটিন মিশিয়ে নেওয়া যায়।

টোফু বা নরম দুধজাত খাবার ব্লেন্ড করে ঝোলে মিশিয়ে দিলে স্যুপ ঘন হয় এবং পুষ্টিগুণ অনেক বাড়ে। এইভাবে স্যুপ বানিয়ে শরীরের প্রয়োজনীয় প্রোটিন জোগাড় দেওয়া যায়। আর এই স্যুপ খেতেও দারুণ মজাদার।

হাড়ের ঝোলেও মিলতে পারে বাড়তি শক্তি

আমিষ পছন্দ হলে হাড়ের ঝোল ব্যবহার একটি ভালো কৌশল। সাধারণ ঝোলের তুলনায় হাড়ের ঝোলে বেশি প্রোটিন থাকে।

এতে স্যুপের পুষ্টিমান বাড়ে এবং বেশি সময় ধরে পেট ভরা রাখে। সঠিকভাবে নিয়মিত ব্যবহার করলে এটি স্যুপকে আরও মজাদার খাবার করতে পারে।

তৃপ্তি আসে আঁশে

আঁশ বা ‘ফাইবার’ হচ্ছে তৃপ্তির আরেকটি বড় উপাদান। আঁশ পেটে ঢুকে পাকস্থলীর ভেতরে চাপ তৈরি করে, ফলে মস্তিষ্কে তৃপ্তির সংকেত পৌঁছে যায়।

সাধারণ স্যুপে পেঁয়াজ বা টমেটো স্বাদ বাড়ালেও তৃপ্তি দীর্ঘস্থায়ী করতে তুলনামূলক একটু শক্ত সবজি প্রয়োজন।

গাজর, বাঁধাকপি, মাশরুম, শিম, ক্যাপসিকাম, পুঁইশাক, ব্রকলি কিংবা ফুলকপি যোগ করলে আঁশের পরিমাণ বাড়ে এবং চিবোনোর অনুভূতিও তৈরি হয়।

“আলু, মিষ্টি কুমড়া বা ভুট্টার মতো শর্করাযুক্ত সবজি তো আরও তৃপ্তিদায়ক”- বলেন, পুষ্টিবিদ আখতারুন নাহার আলো ।

ডালের গুরুত্ব

মসুর, ছোলা, রাজমা বা অন্যান্য ডাল-ধর্মী খাদ্য স্যুপে যোগ করলে দ্বিগুণ উপকার পাওয়া যায়। এই খাবারগুলোতে একসঙ্গে প্রোটিন ও আঁশ থাকে।

এই দুইয়ের যুগলবন্দিই দীর্ঘ সময় খিদে কমিয়ে রাখে। অল্প পরিমাণে ডাল মেশালেই স্যুপের ঘনত্ব বাড়ে এবং স্বাদ সাথে পেট ভরার অনুভূতি তৈরি হয়।

শস্য যোগে বাড়ে পরিপূর্ণতা

স্যুপে শস্য ব্যবহার করার পরামর্শ দেন, আখতারুন নাহার আলো।

যব, শস্য বা বুনো চাল, ভুট্টার গুঁড়া, বিভিন্ন বাদামের গুঁড়া- স্যুপে দিলে তা শুধু স্বাদ নয়, পুষ্টিও বাড়ায়। এসব শস্যে আঁশ বেশি থাকে এবং ঝোলে ভিজেও সহজে গলে যায় না।

আবার চাইলে নুডলসও ব্যবহার করা যায়। এগুলো স্যুপকে আরও ভারী ও তৃপ্তিকর করে তোলে।

উপরের সাজই বাড়ায় মনে তৃপ্তি

খাবারের মানসিক তৃপ্তির কথাও ভুললেও চলবে না। স্যুপের ওপরে সামান্য বাড়তি সাজ দিলে মনেও এক ধরনের পরিতৃপ্তি আসে।

সামান্য কচি পেঁয়াজ কুচি, ধনেপাতা, অ্যাভোকাডো কুচি, আলু কুরকুরি ভাজা বা লেবুর রস দিলে স্যুপ দেখতে সুন্দর ও স্বাদ বাড়ে।

আরও পড়ুন

সহজে রান্না করার টুকিটাকি বিষয়

রান্নার পদ্ধতিতে সবজির পুষ্টিগুণ থাকবে অটুট

ডিম রান্নার স্বাস্থ্যকর উপায়

খাবার ফ্রিজে রাখার সঠিক পন্থা

পাস্তা কেনার সময় যেসব বিষয়ে নজর দিতে হবে