শীতে হলুদ-মরিচের গুঁড়া ভালো রাখার উপায়
শুকনার সময় হলেও মসলায় জমতে পারে আর্দ্রতা।
বাঙালি রান্নায় অপরিহার্য উপাদান হলুদ ও মরিচ গুঁড়া। তবে শীতের সময়ে দুই মসলারই গুণগত মান নষ্ট হতে পারে।
বাইরে আবহাওয়া ঠাণ্ডা হলেও ঘরের ভেতরের আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে মসলাতেও আর্দ্রতা জমে যায়।
ফলে গুঁড়া দলা বাঁধা, গন্ধ বদলে যাওয়া বা রং ফিকে হয়ে যাওয়ার মতো সমস্যা খুব পরিচিত।
শীতেই কেন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে
শীতকালে বাতাসে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকে, বিশেষ করে সকালে ও রাতে। রান্নাঘরের ভেতরে গরম ভাপ ও ঠাণ্ডা বাতাস একসঙ্গে মিশে মসলার পাত্রে আর্দ্রতা প্রবেশ করে। আর হলুদ ও মরিচ গুঁড়া সহজেই এই আর্দ্রতা টেনে নেয়।
“আর্দ্রতা জমলে মসলার ভেতরে ছত্রাক জন্মানোর ঝুঁকিও বাড়ে এবং স্বাদ ও গন্ধ নষ্ট হতে শুরু করে” বলেন জানান বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো।
মসলার পাত্র নির্বাচন কতটা গুরুত্বপূরণ
হলুদ ও মরিচ গুঁড়া ভালো রাখতে পাত্রের বিষয়টি প্রাধান্য দেওয়া উচিত। ঢাকনা ভালোভাবে বন্ধ হয় না এমন পাত্রে শীতকালে সহজেই বাতাস ঢুকে পড়ে। এতে মসলায় স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়।
কাচ বা ভালো মানের শক্ত প্লাস্টিকের বায়ুরোধী পাত্র ব্যবহার করলে ভেতরে আর্দ্রতা ঢোকার সম্ভাবনা কমে।
রান্নার সময় ভেজা চামচ দিয়ে মসলা তোলা থেকেও বিরত থাকলে মসলা ভালো থাকে।
শীতে হালকা রোদে দেওয়া যাবে কি-না?
শীতে রোদে দিলে মসলা নষ্ট হয়ে যায় এমন ধারণা থাকলেও আসলে শীতের হালকা রোদে অল্প সময়ের জন্য হলুদ ও মরিচ গুঁড়া দেওয়া যেতে পারে। এতে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যায়।
তবে তীব্র রোদে দীর্ঘ সময় রাখলে মসলার রং ও স্বাদ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বলে মত দেন এই পুষ্টিবিদ।
পরিষ্কার শুকনা থালায় পাতলা করে ছড়িয়ে সকাল বেলার হালকা রোদে আধা ঘণ্টার মতো রাখলেই যথেষ্ট।
রান্নাঘরে কোথায় রাখা উচিত
হলুদ ও মরিচ গুঁড়া চুলার একেবারে পাশে রাখলে রান্নার সময়ের ভাপ সরাসরি মসলার ওপর পড়ে। এতে আর্দ্রতা জমার ঝুঁকি বাড়ে।
শীতকালে রান্নাঘরের অপেক্ষাকৃত শুকনা ও ঠাণ্ডা জায়গায় মসলার পাত্র রাখা ভালো।
তবে ফ্রিজের ভেতরে মসলা রাখার প্রয়োজন নেই। কারণ ঠাণ্ডা থেকে বের করলে ঘনীভবনের কারণে আরও আর্দ্রতা জমতে পারে।
দলা বাঁধলে যা করবেন
শীতে অনেক সময় হলুদ ও মরিচ গুঁড়া দলা বেঁধে যায়। এতে অনেকেই ভেবে নেন মসলা নষ্ট হয়ে গেছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটি আর্দ্রতার কারণে হয়।
পরিষ্কার শুকনা চামচ দিয়ে দলা ভেঙে নিয়ে হালকা রোদে বা বাতাসে কিছুক্ষণ রাখলে সমস্যা কমে যায়। তবে যদি গন্ধ বা রংয়ে বড় পরিবর্তন দেখা যায়, তখন মসলা ব্যবহার না করাই নিরাপদ।
ঘরে বানানো ও বাজারের মসলার যত্নে পার্থক্য
ঘরে বানানো হলুদ ও মরিচ গুঁড়া সাধারণত রাসায়নিক সংরক্ষণকারী উপাদান ছাড়াই তৈরি হয়। তাই শীতে এগুলো বেশি যত্নে রাখা প্রয়োজন।
বাজারের প্যাকেটজাত মসলায় সংরক্ষণকারী উপাদান থাকায় তুলনামূলক কম সমস্যা দেখা দেয়, তবে সেগুলোকেও খোলা অবস্থায় রেখে দিলে নষ্ট হতে পারে।
প্যাকেট খুলে তাই অন্য বায়ুরোধী পাত্রে ঢেলে রাখাই ভালো।
আরও পড়ুন
