প্রদাহ কমায় যেসব মসলা
সুস্থতার জন্য খাবারে যোগ করা যেতে পারে নানান ধরনের মসলা।
বেশি মসলাদার খাবার দেহের জন্য ভালো না। তবে কিছু মসলা পরিমাণ মতো খাওয়া উপকারী।
দীর্ঘমেয়াদি প্রদাহ বা শরীরে লুকিয়ে থাকা `ক্রনিক ইনফ্লামেইশন’ অনেক সময় নানান জটিল অসুস্থতার কারণ হয়; যেমন- জয়েন্ট বা হাড়ের জোড়ে ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস কিংবা পরিপাকজনিত সমস্যা।
তাই খাদ্যতালিকায় প্রদাহনাশক উপাদান রাখা এখন বিশেষজ্ঞদের অন্যতম পরামর্শ। নিয়মিত রান্নায় কিছু প্রাকৃতিক মসলা ব্যবহার করলে শরীরের প্রদাহ অনেকটাই কমানো সম্ভব।
যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ কেইলি ক্লে ‘রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এক ধরনের মসলা বেশি না খেয়ে নানান মসলা নিয়মিত খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। বৈচিত্র্যই স্বাস্থ্যকে সমর্থন করে।”
দারুচিনি
এই মসলার দুটি ধরন আছে সিলন দারুচিনি (কম ব্যবহৃত, মৃদু গন্ধযুক্ত) ও কাসিয়া দারুচিনি (বাজারে সহজলভ্য)।
কাসিয়া দারুচিনিতে কুমারিন নামের প্রাকৃতিক যৌগ বেশি থাকে, যা প্রদাহ কমাতে সহায়ক। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস, আর্থ্রাইটিস বা কোলাইটিসের মতো প্রদাহজনিত রোগে দারুচিনি উপকারী ভূমিকা রাখে।
ব্যবহার: চায়ের সঙ্গে, আপেল বা দুধের পানীয়তে কিংবা পায়েস ও পুডিংয়ে দারুচিনির গুঁড়া যোগ করলে স্বাদ ও গন্ধের পাশাপাশি মিলবে প্রদাহনাশক উপকার।
আদা
তাজা আদা শুকাতে গিয়ে যে যৌগটি তৈরি হয়, তার নাম শাগেওল।
যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ স্টেসি স্টিফেনসন একই প্রতিবেদনে বলেন, “শাগেওল আদাকে দেয় ঝাঁঝালো স্বাদ এবং এটি ‘প্রোস্টাগ্ল্যান্ডিন’ ও ‘সাইটোকাইন’ নামের প্রদাহসৃষ্টিকারী যৌগগুলোকে দমন করে।”
অর্থাৎ, শুকনা আদা শুধু হজমে সাহায্যই করে না, বরং প্রদাহও কমায়।
ব্যবহার: আদা চা, সুপ বা মাছ ও মুরগির রান্নায় দিন সামান্য আদা একই সঙ্গে পাওয়া যাবে স্বাদ ও আরাম।
লবঙ্গ
এতে থাকে ‘ইউজেনল’ নামের তেলজাত যৌগ, যা প্রাকৃতিকভাবে প্রদাহনাশক। দাঁতের চিকিৎসায় লবঙ্গ তেলের ব্যবহার সবাই জানে। এর কারণই হল ব্যথা ও প্রদাহ কমানোর ক্ষমতা।
ব্যবহার: কেক, পুডিং বা ঝাল খাবারে সামান্য লবঙ্গ ব্যবহার হয়। এতে খাবারের ঘ্রাণ বাড়বে, শরীরও পাবে প্রদাহ থেকে সুরক্ষা।
ধনিয়া
ধনেপাতা গাছের শুকনা বীজকেই ধনিয়া বলা হয়। এই বীজে রয়েছে নানান ধরনের পলিফেনল, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।
স্টেসি স্টিফেনসন মন্তব্য করেন, “ধনিয়া প্রদাহ হ্রাস করে, পাশাপাশি হজমেও সাহায্য করে।”
ব্যবহার: ঝাল মসলা, ডাল, মাংস বা সবজির রান্নায় শুকনা ধনিয়া গুঁড়া মেশানো যায়। এতে স্বাদ যেমন বাড়বে, তেমনি শরীরও থাকবে হালকা ও সুস্থ।
গোলমরিচ
গোলমরিচে থাকে ‘পিপেরিন’ নামের সক্রিয় যৌগ, যা প্রদাহরোধী হিসেবে কাজ করে। এটি শরীরে ‘কারকিউমিন’ নামের উপাদানের শোষণ বাড়ায়, যা পাওয়া যায় হলুদে।
স্টিফেনসন বলেন, “গোলমরিচ একাই প্রদাহ কমাতে সক্ষম, এমনকি আর্থ্রাইটিসজনিত ব্যথাতেও উপকারী।”
ব্যবহার: যেখানেই লবণ দেওয়া হয়, সেখানে সামান্য গোলমরিচও দিলে তা রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রদাহ কমাতে সহায়ক হবে।
জায়ফল
জায়ফলের তেলে থাকা যৌগগুলো, যেমন- ‘সাবিনিন’, ‘টারপিনিওল’, ‘পাইনিন’- প্রদাহ সৃষ্টিকারী এনজাইমকে বাধা দেয়।
স্টিফেনসন বলেন, “জায়ফল প্রাকৃতিকভাবে প্রদাহরোধী ও ব্যথানাশক হিসেবে কাজ করে, যা ওষুধের বিকল্প হতে পারে।”
ব্যবহার: গরম দুধ, কফি, চা বা মিষ্টিতে অল্প জায়ফল গুঁড়া ব্যবহার করা যায়। শরীর থাকবে উষ্ণ, মেজাজ ভালো ও ব্যথামুক্ত।
জিরা
গবেষণায় দেখা গেছে, জিরা শরীরের ভেতরে প্রদাহজনিত সংকেত প্রেরণ কমিয়ে দেয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী যৌগ রয়েছে, যা হজম ও রোগপ্রতিরোধে সহায়ক।
ব্যবহার: তরকারি, ডাল বা সালাদে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করা যায়। এতে স্বাদে মিলবে বৈচিত্র্য, শরীরও পাবে প্রশান্তি।
মরিচ
ঝাল মরিচে থাকে ক্যাপসাইসিন। এই শক্তিশালী যৌগ ব্যথা ও প্রদাহ দুই-ই নিয়ন্ত্রণ করে।
স্টিফেনসন বলেন, “ক্যাপসাইসিন শরীরের ব্যথা-সংবেদনশীল কোষে কাজ করে এবং প্রদাহজনিত প্রতিক্রিয়া কমায়।”
তবে পরিমাণে বেশি মরিচ খেলে উল্টো পেটের জ্বালাভাব বা অস্বস্তি হতে পারে, তাই অল্প পরিমাণে ব্যবহারই উত্তম।
ব্যবহার: সুপ, সালসা, ঝোল বা মাংসে অল্প মরিচ ব্যবহারে খাবার হবে ঝাল, তবে শরীর থাকবে প্রশান্ত।
রসুন
রসুনে রয়েছে ‘অ্যালিসিন’ নামের যৌগ, যা শরীরের প্রদাহ কমায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, রসুন নিয়মিত খেলে শরীরের প্রদাহপ্রতিক্রিয়া নিয়ন্ত্রিত থাকে, হৃদরোগের ঝুঁকিও কমে।
ব্যবহার: সব ধরনের রান্নায় রসুন ব্যবহার করা যায় তরকারি, ভাজি, স্যুপ কিংবা সালাদে। এটি স্বাদ বাড়ায়, রোগপ্রতিরোধ ক্ষমতা জোরদার করে।
আরও পড়ুন
