১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রিজের আর্দ্রতা নিয়ন্ত্রণকারী ড্রয়ারে রাখতে হবে যেসব খাবার

সম্পূর্ণটাই নির্ভর করে আর্দ্রতা নিয়ন্ত্রণের ওপর।

ফ্রিজের আর্দ্রতা নিয়ন্ত্রণকারী ড্রয়ারে রাখতে হবে যেসব খাবার
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

প্রতিদিনের রান্নাঘর ব্যবস্থাপনায় ফ্রিজ একটি অপরিহার্য অংশ। তবে ফ্রিজের ভেতরে থাকা প্রতিটি অংশের আলাদা কাজ রয়েছে।

এর মধ্যে সবচেয়ে কম ব্যবহৃত অথচ গুরুত্বপূর্ণ অংশ হল ‘ক্রিসপার ড্রয়ার’ (আর্দ্রতা নিয়ন্ত্রণকারী ড্রয়ার); যাকে সাধারণ ভাষায় সবজি রাখার ড্রয়ার বলা হয়।

এই ড্রয়ার শুধু সবজি রাখার জন্য না বরং সঠিকভাবে ব্যবহার করলে তা ফলমূল ও সবজিকে রাখবে অনেকদিন টাটকা ও নিরাপদ।

যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ ও খাদ্য বিশেষজ্ঞ জেনিফার নিকোল বিয়ানকিনি বলেন, “ক্রিসপার ড্রয়ারের মূল কাজ হল আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। কিছু ড্রয়ারে ভেন্ট (বাতাস চলাচলের ছিদ্র) থাকে যেগুলো দিয়ে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করা যায়। বাতাস কম গেলে ভেতরে আর্দ্রতা বেশি থাকে, যা ফলমূল ও সবজির সতেজতা রক্ষা করে।”

আলাদা আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ফ্রিজ সম্পর্কে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই পুষ্টিবিদ আরও বলেন, “পচনশীল পাতাওয়ালা সবজির জন্য ব্যবহার করতে হবে উচ্চ আর্দ্রতার সেটিংস। আর যেসব ফল এথিলিন গ্যাসে সংবেদনশীল (যেমন- আপেল, নাশপাতি) তাদের জন্য ব্যবহার করতে হবে নিম্ন আর্দ্রতার সেটিং।”

যুক্তরাষ্ট্রের শেফ (রাঁধুনি) এবং ‘টু ক্লোভস কিচেন’-এর প্রতিষ্ঠাতা জেন লা রোক্কা বলেন, “ক্রিসপার ড্রয়ারে রাখা হলে খাবার বেশি দিন টিকে, স্বাদ ভালো থাকে এবং গঠন বজায় থাকে।”

পাতা-জাতীয় শাকসবজি ও লেটুস

সব ধরনের লেটুস এবং পাতা-জাতীয় সবজি, যেমন- পালংশাক বা যে কোনো ধরনের শাক ক্রিসপার ড্রয়ারেই রাখা উচিত।

জেনিফার বলেন, “পাতাওয়ালা সবজি কম আর্দ্রতায় দ্রুত শুকিয়ে যায় এবং তাজা-ভাব হারায়। ক্রিসপার ড্রয়ারে রাখলে আর্দ্রতা ঠিকঠাক থাকে, ফলে সবজি অনেকদিন সতেজ থাকে।”

সাধারণ ফ্রিজের অন্য অংশে রাখলে এই সবজিগুলোর মধ্যে ফাঙ্গাস জন্মাতে পারে এবং দ্রুত পচে যেতে পারে।

শসা

শসা তার খাস্তা স্বাদের জন্য পরিচিত, যা সাধারণ ফ্রিজের বাতাসে শুকিয়ে যেতে পারে।

জেনিফার বলেন, “যেসব খাবার খাস্তা অবস্থায় খেতে পছন্দ, সেগুলো অবশ্যই ক্রিসপার ড্রয়ারে রাখা উচিত। এতে তাদের স্বাদ ও টেক্সচার বজায় থাকে।”

আপেল

আপেল এমন একটি ফল, যা এথিলিন গ্যাস ছাড়ে এবং এতে নিজেরাও দ্রুত পেকে ও পচে যায়। আবার পাশের খাবারগুলোকেও দ্রুত পচিয়ে ফেলে।

জেনিফার বলেন, “যখন খুব বেশি আর্দ্রতা ও কম বাতাস থাকে, তখন আপেল অতিরিক্ত এথিলিন গ্যাস তৈরি করে, যা ফলের জীবনকাল কমিয়ে দেয়।”

তাই আপেলগুলো ক্রিসপার ড্রয়ারের একটি আলাদা অংশে রাখতে হবে।

নাশপাতি

নাশপাতিও আপেলের মতোই এথিলিন সংবেদনশীল। তবে এগুলো একসঙ্গে রাখলে অতিরিক্ত পেকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পাকা নাশপাতি আলাদা করে খেয়ে ফেলতে হবে। আর যেগুলো এখনও পেকে যায়নি সেগুলো আপেলের সঙ্গে ক্রিসপারে রাখতে হবে।

তাজা হার্বস (ধনে পাতা, পুদিনা, তুলসি)

ধনেপাতা, পুদিনা বা তুলসির মতো হার্বস ফ্রিজে খুব কম সময়ের জন্য টিকে থাকে। তবে সঠিক উপায়ে সংরক্ষণ করলে তা দীর্ঘ সময় তাজা থাকবে।

জেনিফার পরামর্শ দেন, “হার্বসগুলোকে পানিভর্তি ছোট কাচের বোতলে রেখে ওপর দিয়ে ঢেকে দিন ঢিলা প্লাস্টিক দিয়ে। এটিকে ফ্রিজের ক্রিসপার ড্রয়ারে রাখলে তা ‘ফুলদানি’ মতো কাজ করে, যা হার্বসের সতেজতা রক্ষা করে।”

বেরি ধরনের ফল

জেন লা রোক্কা বলেন, “এই ফলগুলো খুব দ্রুত পচে যায়। একবার ধুয়ে রাখলে বা পেকে গেলে ফ্রিজে না রাখলে সহজেই ফাঙ্গাস ধরতে পারে।”

তাই বেরিগুলো ফ্রিজের অন্য অংশে না রেখে ক্রিসপার ড্রয়ারে রাখলে তা তুলনামূলক দীর্ঘ সময় ভালো থাকবে। তবে ভালো ফল পাওয়ার জন্য শুকনা ও পরিষ্কার অবস্থায় রাখতে হবে।

কাটাকাটি করা সবজি

খাবার প্রস্তুতির সময় আগে থেকে সবজি কেটে রাখেন অনেকেই। যেমন- ক্যাপসিকাম, গাজর বা শসা। তখন তা ব্যাক্টেরিয়া এবং শুষ্ক বাতাসের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে।

রোক্কা বলেন, “একবার কেটে রাখলে সবজি দ্রুত শুকিয়ে যায়। তাই কাটার পর অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি তা রাখা হয় ক্রিসপার ড্রয়ারে।”

কপি ও ব্রকলি ধরনের সবজি

এই সবজিগুলো উচ্চ আর্দ্রতায় বেশি দিন ভালো থাকে। তাই একটি সিল করা ব্যাগ বা কনটেইনারে ভরে ক্রিসপার ড্রয়ারে রেখে দিলে তা অনেক দিন টিকে থাকতে পারে।

জেনিফার বলেন, “এই ধরনের সবজির জন্য উচ্চ আর্দ্রতা প্রয়োজন, যা ক্রিসপার ড্রয়ার দিতে পারে।”

আরও পড়ুন

ফ্রিজে গন্ধ হওয়ার কারণ প্রতিকার

যেসব লক্ষণে বোঝা যায় ফ্রিজ বেশি ঠাণ্ডা হচ্ছে

বিদ্যু চলে গেলেও ফ্রিজে রাখা খাবার ভালো রাখার পন্থা