ঘি আসল কিনা যাচাই করার সহজ উপায়
পদ্ধতি জানা থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা কমে।
খাবারে এক চামচ ঘি পড়লেই স্বাদ-গন্ধ দুটোই বদলে যায়।
তবে বাজারে যা কিনছেন, সেটা সত্যি খাঁটি গাওয়া ঘি, নাকি ডালডা-পাম তেল মিশিয়ে বানানো?
খান ফুড অ্যান্ড বেভারেজ (ডায়মন্ড ঘি)-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম খান বললেন, “এক কেজি ঘিতে ৮০০ গ্রাম ডালডা-পাম মিশিয়ে ২০০ গ্রাম ঘি দিয়ে বিক্রি করছে কেউ কেউ। খাঁটি ঘি খেলে শরীর ভালো থাকে, ভেজাল খেলে শুধু কোলেস্টেরল আর ট্রান্স ফ্যাট বাড়ে।”
ঘরে যাচাই করার উপায়
হাতের তালুতে এক চামচ ঘি হাতে নিয়ে ঘষুন।
- খাঁটি ঘি শরীরের তাপে ১০-১৫ সেকেন্ডে পুরো গলে যাবে, হাত মসৃণ লাগবে, গন্ধ মিষ্টি থাকবে।
- ভেজাল ঘি গলতে দেরি করে, তৈলাক্ত লাগে, গন্ধ চট করে উড়ে যায়।
ফ্রিজে রেখে
ঘি গলিয়ে কাচের বোতলে ভরে ফ্রিজে রাখুন।
- খাঁটি ঘি একসঙ্গে জমাট বাঁধবে, একটি লেয়ার বা স্তর হবে।
- ভেজালে ডালডা-পাম আলাদা আলাদা স্তর হয়ে জমে।
গরম করা
প্যানে এক চামচ ঘি গরম করুন।
- খাঁটি ঘি দ্রুত গলে পরিষ্কার তরল হয়, হালকা বাদামি রং, ফেনা কম।
- ভেজাল ঘি দেরিতে গলে, ঘোলাটে থাকে, বেশি ফেনা ওড়ে।
পানি পদ্ধতি
এক গ্লাস পানিতে এক চামচ ঘি দিন।
- খাঁটি ঘি ওপরে ভেসে থাকবে।
- ভেজাল ঘি দ্রুত মিশে যাবে বা তলায় ডুবে যাবে।
আয়োডিন পদ্ধতি
ঘিতে দুতিন ফোঁটা আয়োডিন টিংচার দিন।
- রং নীল/বেগুনি হলে ভেজাল (স্টার্চ/ময়দা মেশানো)।
- খাঁটি ঘিতে কোনো পরিবর্তন হবে না।
গন্ধ-স্বাদ পরখ
খাঁটি ঘি: মিষ্টি দুধের গন্ধ, স্বাদে হালকা বাদামি, মুখে লেগে থাকে না।
ভেজাল ঘি: রাসায়নিক/ তেলতেলে গন্ধ, মুখে ডালডার মতো লেগে থাকে।
কাগজের মাধ্যমে
সাদা কাগজে এক ফোঁটা ঘি ফেলুন।
- খাঁটি ঘি তৈলাক্ত দাগ করে ধীরে ধীরে শুষে নেবে।
- ভেজাল ঘিতে দাগ থেকে যায়।
কেনার সময় লক্ষণীয়
খাঁটি ঘি: সোনালি হলুদ বা সাদা (গরু/মহিষের দুধে ভেদে), দানাযুক্ত, গন্ধ মিষ্টি।
ভেজাল ঘি: অতিরিক্ত চকচকে, একদম মসৃণ, দাম খুব কম।
সাইফুল ইসলাম খান বললেন, “যারা এই পরীক্ষাগুলো করে, তারা আর কখনও ঠকেন না। খাঁটি ঘি খেলে হজম ভালো হয়, ওজন কমে, ত্বক-চুল চকচক করে। ভেজাল খেলে শুধু ডাক্তারের কাছে যাতায়াত বাড়ে।”
আরও পড়ুন
