হরমোনের সমস্যা ‘পিসিওএস’ নিয়ন্ত্রেণে যা করা উপকারী
খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তনে ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’য়ের সংক্ষিপ্ত রূপ হল পিসিওএস। এটি একটি সাধারণ হরমোনজনিত সমস্যা যা বিশ্বজুড়ে অসংখ্য মহিলাকে প্রভাবিত করে।
ধারণা করা হয় সন্তান ধারণ ও প্রজনন বয়সের দশজন মহিলার মধ্যে একজনের পিসিওএস আছে।
প্রজনন হরমোনের ভারসাম্যহীনতার কারণে উর্বরতা সংক্রান্ত সমস্যা, অনিয়মিত মাসিক, ডিম্বাশয়ে সিস্ট, ব্রণ, ওজন বৃদ্ধি, অবাঞ্ছিত স্থানে অতিরিক্ত চুল গজানো, চুল পড়া, বন্ধ্রাত্ব, মেজাজের পরিবর্তন ইত্যাদিসহ বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়।
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিনাজপুরের ‘রাইয়ান হেল্থ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার’য়ের পুষ্টিবিদ লিনা আকতার।
পিসিওএস যেভাবে হয়
গবেষকরা এখনও পর্যন্ত এর সঠিক কারণ চিহ্নিত করতে পারেনি। তবে সাধারণভাবে আমরা যা জানি তা হল- পিসিওএস প্রতিটি ব্যক্তিকে আলাদাভাবে প্রভাবিত করে। প্রাথমিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসার সাথে ওজন হ্রাস করতে পারলে কিছুটা উপকার হতে পারে।
সেই সাথে সঠিক পুষ্টি ও খাদ্যাভাসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে।
পিসিওএস যদি সঠিকভাবে চিকিৎসা ও ডায়েট না করা হয় তাহলে টাইপ-টু ডায়াবেটিস, হৃদরোগ এবং বন্ধ্যাত্বের মতো দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে।
আসুন জেনে নেয়া যাক পিসিওএস কোন কোন বিষয়গুলি বেশি প্রভাবিত করে।
ইন্সুলিন প্রতিরোধ ক্ষমতা
পিসিওএস আক্রান্ত ব্যাক্তিদের ক্ষেত্রে ইন্সুলিন প্রতিরোধ, একটি প্রধান উদ্যোগের বিষয় যা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে।
এক্ষেত্রে জটিল কার্বোহাইড্রেইটস সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। যেমন- আস্ত শস্য লাল ও বাদামি চাল, ওটস, কুইনোয়া, জোয়ার ইত্যাদি।
এছাড়া মসুরডাল, ছোলা, লাল শিম বা রাজমা খেতে পারেন।
শাকসবজির মধ্যে ক্রুসিফেরাস সবজি, যেমন- ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি উপকারী। এছাড়াও আছে টমেটো, কুমড়া, লাউ।
পাতাযুক্ত সবুজ শাক, যেমন- পালংশাক, লেটুস, পাটশাক, ধনেপাতা, পুইশাক ইত্যাদি গ্রহণ করতে হবে।
প্রোটিন: চর্বিহীন প্রোটিন, যেমন- তৈলাক্ত মাছ ইলিশ, পাঙ্গাস, রুই মাছ, টুনা মাছ, স্যামন মাছ সার্ডিন ইত্যাদি। এছাড়া বাড়িতে চাষ করানো যেগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না সেসব মুরগি মাংস, ডিম খাওয়া ভালো।
উদ্ভিদভিত্তিক উৎস: সয়াবিন, টফু বিনস, ডাল ইত্যাদি গ্রহণ করতে পারেন।
স্বাস্থ্যকর চর্বি: বিভিন্ন প্রকার বাদাম, যেমন- আখরোট, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজুবাদাম এবং বীজ-ধর্মী খাবার যেমন- তিসিবীজ, কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ, জলপাই তেল, অ্যাভোকাডো ইত্যাদি গ্রহণ করতে হবে।
প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক: রসুন, পেঁয়াজ, বিটরুট, বাঁধাকপি, কিমচি, অ্যাসপারাগাস, দই, পান্তাভাত ইত্যাদি গ্রহণ করতে হবে।
কম জিআই ডায়েট: কম জিআই ডায়েট রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করে যা পিসিওসের লক্ষণগুলো কমাতে পারে।
কম জিআইযুক্ত খাবার যেমন- গোটা শস্য, স্টার্চবিহীন সবজি ইন্সুলিনের মাত্রা এবং অ্যান্ড্রোজনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যা হরমোনের ভারসাম্য ঠিক রাখে।
খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ: অতিরিক্ত খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। নিয়মিত বিরতিতে পরিমাণে সুষম খাবার গ্রহণ করতে হবে যাতে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং ইন্সুলিন প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
ওজন ব্যবস্থাপনা
ওজন নিয়ন্ত্রণ করা পিসিওএস রোগীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ অতিরিক্ত চর্বি ইন্সুলিন প্রতিরোধ ক্ষমতা এবং হরমোনের ভারসাম্যহীনতাকে বাড়িয়ে তুলতে পারে।
এজন্য যা করতে হবে- খাবার এড়িয়ে যাওয়া যাবে না। এতে পরে অতিরিক্তি খাওয়ার প্রবণতা থাকবে যা অতিরিক্ত খাওয়ার কারণে ওজন বেড়ে যেতে পারে।
এছাড়া ক্যালরি গ্রহণের বিষয়ে সচেতন হতে হবে। যেসব খাবারে ক্যালরি বেশি থাকে সেগুলো সীমিত গ্রহণ করতে হবে। যেমন- ভাত, আলু, রুটি, মিষ্টি কুমড়া, চিনি ও চিনিসমৃদ্ধ এবং প্রক্রিয়াজাত খাবার।
এই ধরনের খাবারে ক্যালরি বেশি থাকে যা ওজন বৃদ্ধি করে।
সারাদিন নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পানি পান করতে হবে যা ক্ষুধা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখবে।
খাবার চিবিয়ে মনোযোগ সহকারে গ্রহণ করলে অতিরিক্ত খাওয়ার প্রতিরোধে সহায়তা করে।
উর্বরতা ব্যবস্থাপনা
পিসিওএস আক্রান্ত মহিলাদের গর্ভধারণে চেষ্টা করার জন্য কিছু খাদ্যাভাস এবং পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা খাদ্যতালিকায় নিয়মিত রাখতে হবে। যেমন-
ফোলেইট: ফোলেইটসমৃদ্ধ খাবার ভ্রুণের বিকাশের জন্য এবং জন্মগত ক্রুটি প্রতিরোধের জন্য অপরিহার্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ডাল যেমন- মসুর, মুগ, অড়হর, বুটের ডাল, মটরশুঁটি।
আরও আছে পাতাযুক্ত সবুজ শাক যেমন- পালংশাক, লেটুস শাক ইত্যাদি।
এছাড়া গোটাশস্য, লেবুজাতীয় ফল, তিল, তিলের লাড্ডু, চিনাবাদাম ইত্যাদি।
লৌহসমৃদ্ধ খাবার: সুস্থ ডিম্বোষ্ফোটন এবং উর্বতায় আয়রন বা লৌহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে। এজন্য ডিম, মটরশুঁটি, চর্বিছাড়া মাংস, কলিজা, শিং, মাগুর, জিওল মাছ গ্রহণ করতে হবে।
এছাড়া শুকনা খাবার খেজুর, কিশমিশ পরিমাণমতো গ্রহণ করা যেতে পারে।
আর উদ্ভিজ্জ উৎস থেকে খাবার গ্রহণ করলে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে যাতে লৌহ শোষণ ভালো হয়। এজন্য টমেটো, লেবু, কমলা, মরিচ, আমলকি ইত্যাদি গ্রহণ করা উপকারী।
ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস: এটা উর্বতা এবং প্রজনন স্বাস্থ্যে সহায়তা করে। এজন্য তিসির বীজ, চিয়াবীজ, আখরোট, চর্বিযুক্তমাছ গ্রহণ করা উচিত।
হরমোনের ভারসাম্য
হরমোনের ভারসাম্য ঠিক রাখতে খাবারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ গ্রহ করতে হবে।
জীবনযাত্রার পরিবর্তন
শারীরিক কার্যকলাপ: নিয়মিত ব্যায়াম ইন্সুলিন সংবেদনশীলতা বৃদ্ধিতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি তীব্রতার ব্যায়াম করা উপকারী।
মানসিক চাপ: দীর্ঘস্থায়ী মানসিক চাপ পিসিওসের লক্ষণগুলো আরও বাড়িয়ে তুলতে পারে।
এজন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান এবং যোগব্যায়াম কিংবা শখের কাজ করার চেষ্টা করে যেতে হবে।
আরও পড়ুন
