১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফল–সবজি কেনার আগে যে কারণে সাবধানতা দরকার

বাজার করার সময় ফল-সবজির সাথে একই ব্যাগে মাছ-মাংস রাখা নিরাপদ নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

খোলা বাজার অথবা সুপারশপ থেকে ফল–সবজি কেনা সাধারণ বিষয়। তবে এই সাধারণ কাজের মধ্যেই অনেক সময় এমন ভুল হয় যে কারণে ঘরে আনা সবজি কিংবা ফল দ্রুত নষ্ট হয়ে যায়, স্বাদ বদলায় বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে খাওয়ার জন্য।

অমৌসুমি পণ্য কেনা, খোলা তাপে রাখা, কাটা ফল কেনা কিংবা মাংসের ব্যাগের সঙ্গে একসঙ্গে সবজি বহন করার মতো ছোট ভুলগুলোই বড় সমস্যার জন্ম দেয়।

ফ্রিজ ছাড়া রাখা কাটা ফল ও সবজি কেনা

বাজারে অনেক সময় দেখা যায় আধা কাটা তরমুজ, পেঁপে কিংবা প্রস্তুত সালাদ প্যাকেট খুলে বা সাধারণ তাপমাত্রায় রাখা থাকে।

গভর্নমেন্ট কলেজ অব হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের অধ্যাপক রিনাত ফৌজিয়া জানান, “আগে থেকেই কাটা যে কোনো ফল ও সবজি অবশ্যই ঠাণ্ডা পরিবেশে সংরক্ষিত থাকতে হবে। কারণ খোলা বাতাসে সাধারণ তাপে এসব খাবারে দ্রুত ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে। এতে খাবারের স্বাদ ও গুণগত মান নষ্ট হয়, পাশাপাশি খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও বেড়ে যায়।”

তাই ঘরে নেওয়ার আগে সবসময় দেখতে হবে কাটা ফল বা সবজি শীতল তাপমাত্রায় রাখা হয়েছে কি-না।

ফাটা বা আঘাতপ্রাপ্ত ফল–সবজি কেনা

অনেকেই সস্তা দেখে দাগ লাগা আপেল কিংবা থেঁতলানো টমেটো কিনে ফেলেন। তবে আঘাতপ্রাপ্ত জায়গাগুলো ব্যাক্টেরিয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত।

ক্ষতস্থান দিয়ে জীবাণু খুব সহজে পুরো ফল বা সবজিতে ছড়িয়ে পড়ে। এতে খাবার দ্রুত নষ্ট হয় এবং খেলে অসুস্থ হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

শুধু দেখতে ভালো এমন নয়, স্বাস্থ্য নিরাপত্তার কথাও মাথায় রেখে দাগ ও ফাটা পণ্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ- মন্তব্য করেন রিনাত ফৌজিয়া।

মাংসের সঙ্গে ফল–সবজি রাখা

কেনাকাটার সময় অনেকেই এক ব্যাগে মাছ, মাংস ও ফল–সবজি নিয়ে নেন। এতে সহজেই এক খাদ্য থেকে আরেক খাদ্যে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

“কাঁচা মাংস, হাঁস-মুরগি কিংবা মাছের রস, ফল বা সবজিতে লাগলে তা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে”- বলেন অধ্যাপক রিনাত ফৌজিয়া।

বাজার থেকে ফেরার সময় আলাদা ব্যাগে ফল–সবজি বহন করা সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

অমৌসুমি ফল–সবজি কেনা

সব ফল বা সবজি সব সময় খোলা বাজারে পাওয়া যায় না। যেসব পণ্য মৌসুমে পাওয়া যায় না, সেগুলো অনেক সময় সুপারশপগুলোতে দূর থেকে পরিবহন করে আনা হয়।

এগুলো সংরক্ষণে অতিরিক্ত সময় লাগে এবং তাপমাত্রারও পরিবর্তন ঘটেতে পারে, যা স্বাদ ও তাজা-ভাব কমিয়ে দেয়।

পাশাপাশি ব্যয়ের কারণে দামও ওঠে অনেক বেশি।

বরং মৌসুমি ফল–সবজি কিনলে তা যেমন টাটকা পাওয়া যায়, তেমনি পুষ্টিগুণ বেশি থাকে এবং দামও তুলনামূলক কম হয়।

আগে থেকে প্যাকেটে ভরা সবজি কেনা

সুপারশপে দেখা যায় ছোট ছোট প্যাকেটে কাটা কিংবা গোছানো সবজি বিক্রি হচ্ছে। দেখতে সুবিধাজনক হলেও এগুলোর দাম সাধারণত খোলা সবজির তুলনায় অনেক বেশি হয়।

নিজে বেছে নেওয়া সবজি কিনলে মান ভালোভাবে যাচাই করা যায় এবং খরচও কম হয়।

প্যাকেটজাত পণ্যে অনেক সময় পুরানো বা নিম্নমানের অংশ ঢুকিয়ে দেওয়া হলেও খোলা সবজি কিনলে সেই সুযোগ থাকে না।

প্যাকেটজাত সালাদ কেনার ঝুঁকি

রিনাত ফৌজিয়া বলেন, “আগে থেকে ধোয়া ও কাটা সালাদপাতা অনেকেই স্বস্তির জন্য কিনে থাকেন। তবে ক্ষতিকর জীবাণু এসব পণ্যের ভেতরে ঢুকে পড়ার ঝুঁকি বেশি থাকে। তাই বাড়িতে নিজে ধুয়ে কাটার পরিবর্তে বাজারের প্রস্তুত সালাদ কেনার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা জরুরি।”

কীটনাশকের অবশিষ্টতা সম্পর্কে অসচেতনতা

ফল ও সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ থাকার বিষয়টি অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় না।

কিছু ফল ও সবজিতে কীটনাশকের মাত্রা তুলনামূলক বেশি পাওয়া যায়। তাই কেনার সময় ভালোভাবে ধোয়ার উপযোগী ফল–সবজি বেছে নেওয়া এবং ঘরে এনে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া খুবই জরুরি- পরামর্শ দেন এই অধ্যাপক।

আরও পড়ুন

কাঁচা সবজি খাওয়ার সুফল কুফল

যেসব সবজি রান্নার চাইতে কাঁচাই স্বাস্থ্যকর

মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাঁচা ফল ও সবজি