Published : 26 Nov 2025, 04:11 PM
ফেইসবুকে অভিনেত্রী জয়া আহসানের কাঁচা সবজি খাওয়ার ভিডিও দেখে, নানানজন নানান মন্তব্য জুড়েছেন। তবে কাঁচা সবজি খাদ্যতালিকার এমন একটি অংশ, যা নিয়ে বিস্তর আলোচনা আছে।
কেউ বলেন এটি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, আবার কেউ সতর্ক থাকেন কিছু ঝুঁকি নিয়েও।
স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে কাঁচা খাবার বা ‘র-ডায়েট’ নামের খাদ্যাভ্যাসও বেশ জনপ্রিয় এখন।
তবে সত্যিই কি সব ধরনের সবজি কাঁচা খাওয়া যায়? কারা খেতে পারবেন, আর কারা সতর্ক থাকবেন? আর নিজের গাছের কেমিক্যালমুক্ত সবজি কি কাঁচা খাওয়া যায়?
এই বিষয়ে বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো জানান, কাঁচা সবজি খাওয়ার মূল যুক্তি হল এর পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
রান্নার সময় অনেক ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি এবং কিছু বি-ভিটামিন নষ্ট হয়ে যায়। অন্যদিকে, কিছু গবেষণায় দেখা যায়, রান্না করলে আবার কিছু পুষ্টি শরীর সহজে শোষণ করতে পারে।
তিনি বলেন, “কাঁচা সবজি খাওয়া উপকারী হলেও খাদ্যবাহিত রোগ, ব্যাক্টেরিয়া, রাসায়নিক, মাটিজনিত দূষণ এবং অ্যালার্জির মতো বিষয়গুলো বিবেচনা করা জরুরি।”
কাঁচা সবজি খাওয়ার সুফল
কাঁচা সবজির সবচেয়ে বড় সুবিধা হল, এর পুষ্টি উপাদান প্রায় সম্পূর্ণ রূপে থেকে যায়। রান্না না হওয়াতে তাজা সবজির এনজাইম, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর দ্রুত গ্রহণ করতে পারে।
ভিটামিন সি, ফলেইট, পটাসিয়াম, ফাইটো-কেমিক্যালসহ নানান উপকারী উপাদান কাঁচা সবজিতে অক্ষত থাকে।
কাঁচা সবজি হজমপ্রক্রিয়া উন্নত করে। যারা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তারা নিয়মিত কাঁচা শসা, টমেটো বা লেটুস খেলে উপকার পান।
আঁশ রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণেও সহায়তা করে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্যও উপকারী। পাশাপাশি ক্যালরি কম হওয়াতে ওজন নিয়ন্ত্রণে কাঁচা সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাঁচা সবজি শরীরে ‘টক্সিন’ বা দূষিত পদার্থ নির্গমনের কাজেও সহায়তা করে। এতে থাকা পানি, মিনারেল বা খনিজ এবং উদ্ভিজ্জ যৌগ লিভার বা যকৃতের কাজ সহজ করে এবং শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
এছাড়া কাঁচা সবজিতে থাকা প্রদাহনাশক উপাদান, প্রদাহ কমাতে সহায়ক হতে পারে।
কাঁচা সবজি খেলে যেসব সমস্যা হতে পারে
যদিও কাঁচা সবজির পুষ্টিগুণ অনেক, তবে কিছু ঝুঁকিও আছে। সবচেয়ে বড় সমস্যা হল খাদ্যবাহিত রোগের সম্ভাবনা।
মাটি, পানি বা সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সবজিতে ব্যাক্টেরিয়া, পরজীবী, ই-কোলাই বা সালমোনেলার মতো জীবাণু থাকতে পারে।
রান্না করলে এগুলো নষ্ট হয়ে যায়, তবে কাঁচা অবস্থায় খেলে সংক্রমণের ঝুঁকি বেশি।
কিছু সবজি আছে যেগুলো রান্নার পরই নিরাপদ হয়। যেমন- কাঁচা আলুতে স্টার্চের এমন একটি রূপ থাকে যা কাঁচা অবস্থায় খেলে হজমে সমস্যা এবং ক্ষতিকর হতে পারে।
একইভাবে বেগুন বা ঢেঁড়স কাঁচা খাওয়া শরীরে অস্বস্তি তৈরি করতে পারে। এমনকি মাশরুমও নিরাপদ নয় যদি রান্না না করা হয়।
আরেকটি বড় ঝুঁকি হল রাসায়নিক। বাজারের যেসব সবজি কীটনাশকে ভিজিয়ে রাখা হয়, সেগুলো ভালোভাবে ধোয়া না হলে কাঁচা খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে।
কাঁচা সবজির আঁশ অনেক বেশি হওয়াতে কারও কারও হজম সমস্যা, ফাঁপা ভাব, গ্যাস বা অ্যালার্জিও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ‘আইবিএস’ আছে, তাদের জন্য কাঁচা সবজি অনেক সময় সমস্যা বাড়ায়।
পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, “সবজি প্রথমে হালকা লবণ পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে তা পোকা বা জীবাণুমুক্ত হবে।”
কারা কাঁচা সবজি খাবেন, আর কারা সতর্ক থাকবেন
যাদের হজম স্বাভাবিক, কোনো দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিক সমস্যা নেই এবং যারা স্বাস্থ্যকর, আঁশসমৃদ্ধ খাবার চান তাদের জন্য কাঁচা সবজি উপকারী।
ডায়াবেটিস রোগী, ওজন কমাতে আগ্রহী মানুষ বা যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের খাবারে কাঁচা সবজি ভালো সংযোজন।

অন্যদিকে যাদের গ্যাস্ট্রিক, আলসার, পেটব্যথা, আইবিএস, বৃক্ক, যকৃতের সমস্যা আছে, তাদের জন্য কাঁচা সবজি অস্বস্তিকর হতে পারে।
গর্ভবতীদের ক্ষেত্রে কাঁচা সবজি না খাওয়া ভালো। আর খেলেও খুব ভালোভাবে ধোয়া জরুরি। কারণ জীবাণু বা রাসায়নিক ভ্রূণের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
কোন ধরনের সবজি কাঁচা খাওয়া যেতে পারে?
পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, “কিছু সবজি কাঁচা খাওয়া নিরাপদ এবং সাধারণত পুষ্টিগুণে বেশি উপকারী। যেমন- শসা, গাজর, টমেটো, লেটুস, পালংশাকের কোমল পাতা, কচি লাউ, ক্যাপসিকাম, মূলা, বিট, ধনেপাতা, কাঁচা বাঁধাকপির ভেতরের কচি সাদা অংশ। তবে ভালোভাবে ধোয়া, লবণ পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করা জরুরি।”
কোন ধরনের সবজি কাঁচা খাওয়া ঠিক নয়
যেসব সবজিতে প্রাকৃতিক ‘টক্সিন’ থাকে বা যেগুলো রান্না ছাড়া হজম হয় না, সেগুলো কাঁচা খাওয়া উচিত নয়।
যেমন- আলু, বেগুন, কুমড়া, ঢেঁড়স, পটল, কাঁচা মটরশুঁটি, বরবটি, ব্রকলি, বাঁধাকপির শুরুর দিকের পাতা, ফুলকপি, মাশরুম এসব কাঁচা ভালো নয়।
“কাঁচা বেগুনে সোলানিন নামের একটি যৌগ থাকে যা বিষাক্ত হতে পারে। তাই সিদ্ধ না করতে চাইলে অবশ্যই পানির ফাপিয়ে বেগুণ খাওয়া উচিত। একইভাবে করলা একেবারে কাঁচা না খেয়ে ভাপিয়ে নেওয়া উচিত; এতে পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে। করলা যেহেতু তেতো তাই কিডনির ওপর চাপ পড়তে পারে। বরবটি, সিম, ফুলকপি ও ব্রকলিও ভাপিয়ে খেলে শরীরের জন্য উপকারী” বলেন আখতারুন নাহার।
নিজের গাছের কেমিক্যালমুক্ত সবজি কি কাঁচা খাওয়া নিরাপদ?
ঘরের গাছের কেমিক্যালমুক্ত সবজি কাঁচা খাওয়ার ক্ষেত্রে ঝুঁকি অনেক কমে যায়। তবে ঝুঁকি পুরোপুরি শূন্য নয়।
মাটি, পানি, সার বা পরিবেশ থেকেও জীবাণু আসতে পারে। তাই শুধু কেমিক্যালমুক্ত হলেই কাঁচা খাওয়া শতভাগ নিরাপদ নয়।
ঘরের সবজি কাঁচা খেতে চাইলেও মাটি পরিষ্কার করা, সবজি ভালোভাবে ধোয়া, লবণ পানিতে ভেজানো, খোসা থাকলে খোসা তুলে খাওয়া ভালো।
আরও পড়ুন
সুস্থ বার্ধক্যের জন্য প্রতিদিন যতটুকু সবজি প্রয়োজন