Published : 18 Jul 2026, 09:33 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ ঘোষণা দেওয়ার পর ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্টের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে।
এদিকে ইরানের বিপ্লবী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির মাইন পুঁতে রাখা অংশ পার হওয়ার সময় দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফারস’ লিখেছে, প্রণালির দক্ষিণে মাইন পোঁতা পথ পার হওয়ার সময় দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন ধরে যায়।
তবে সেন্টকম এ দাবি উড়িয়ে দিয়ে এক্স পোস্টে বলেছে, “আইআরজিসির বেশিরভাগ দাবির মতোই এটিও মিথ্যা।”
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদ, হরমুজ প্রণালির কাছের কেশম দ্বীপ এবং বন্দর আব্বাস বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানি বাহিনীর মধ্যে চলমান এ পাল্টাপাল্টি হামলার কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে।
স্বাভাবিক সময়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এ পথ দিয়েই সরবরাহ করা হয়।
গত শুক্রবার ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ায় অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ইরানের এই দাবি যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে।

এর আগে কুয়েতের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরানি ড্রোন হামলায় তাদের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন এবং একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে জর্ডানের দুটি ঘাঁটিতে হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছিল সিবিএস নিউজ।
ইরানের সেতু, ট্রেন স্টেশন ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতে হামলার যে দাবি তেহরান এর আগে করেছিল তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
ক্ষতিগ্রস্ত হরমুজগান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় ৭ জন নিহত হয়েছেন।
বিবিসি ভেরিফাই এবং বিবিসি পার্সিয়ান ওই অঞ্চলের ‘গারিভেহ সেতু’ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও যাচাই করেছে সত্যতা পেয়েছে।
রাতের একটি ভিডিওতে সেতুর ওপরে আগুনের কুণ্ডলী দেখা যায় এবং দিনের আলোর ছবিতে সেতুটি ভেঙে চারপাশে ধ্বংসস্তূপ ও রাস্তা ধসে পড়ার চিত্র উঠে এসেছে।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মার্কিন বাহিনী কেবল সামরিক লজিস্টিক অবকাঠামোসহ সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর শুক্রবার পর্যন্ত টানা এক সপ্তাহ ধরে রাতের বেলা হামলা চলছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে উত্তেজনার কারণেই একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।