Published : 18 Jul 2026, 09:57 AM
নোয়াখালী সদরে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে দাবি পুলিশের।
শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
পুলিশ জানায়, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
এর দুই মাস আগে সোনাপুর থেকে চুরি হয় জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেল।
ওসি নজরুল ইসলাম বলেন, শুক্রবার চোরচক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে জয়দেবের কাছ থেকে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। তবে টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করে ফয়সাল।

এক পর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয় সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি। পরে রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, “ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরকাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে।
“তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”
মোটরসাইকেল চুরির ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে শনিবার আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।