২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাই: দ্য হারমনি অফ এলিমেন্টস- চিত্র প্রদর্শনী চলছে জাপান দূতাবাসে

জানানিজ দর্শনের ওপর ভিত্তি করে চিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে মহাবিশ্বের গঠনমূলক উপাদানের নানান ধারা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 10:24 PM

Updated : 20 Jun 2023, 01:07 PM

গোদাই হল জাপানিজ একটি দর্শন যা মহাবিশ্বের গঠনমূলক উপাদানগুলোকে নির্দেশ করে।

চি (পৃথিবী), সুই (পানি), কা (আগুন), ফু (বাতাস) এবং কু (শূন্য)। শারীরিক, আধ্যাত্মিক এবং ব্যক্তিগত প্রবণতাকে প্রতিনিধিত্ব করতে এগুলো জাপানি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

আর এই দর্শনের ওপর ভিত্তি করে রাজধানীর বারিধারায় অবস্থিত জাপান দূতাবাসের এনেক্স বিল্ডিংয়ে ১৬ জুন থেকে শুরু হয়েছে ‘গোদাই: দ্য হারমনি অফ এলিমেন্টস’- শীর্ষক চিত্র প্রদর্শনী।

চিত্রশিল্পী মাহমুদুল হক, মনিরুল ইসলাম, তায়েবা বেগম লিপি, আনিসুজ্জামান আনিস, রোকেয়া সুলতানাসহ দেশের অন্যান্য শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মের সমন্বয়ে আয়োজন করা এই চিত্র প্রদর্শনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাপান টোব্যাকো (জেটি) ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বক্তব্য প্রদানের সময় ইওয়ামা কিমিনোরি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতার সম্প্রসারণ এবং জনগণের বিনিময়ের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। আমি মনে করি, জাপান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।”

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এই দর্শনকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে এই শিল্পকে সংরক্ষণ করেছে, যা তাদের নীতিমালা এবং কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ।

তাই বক্তব্য প্রদানের সময় সালমান এফ. রহমান বলেন, “জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। এই চিত্র প্রদর্শনী দুই দেশের মাঝের সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অপেক্ষায় থেকে আমি জেটিআই বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’য়ের ব্যবস্থাপনা পরিচালক পল হলওয়ে বলেন, “আমরা ২০১৮ সালে যুগান্তকারী বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করি এবং প্রথম থেকেই জাপানের সাথে সংপৃক্ত শিল্পকর্ম উদযাপন করে আসছি। জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করতে গত বছরও আমরা একটি চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। এছাড়াও বাংলাদেশিদের জাপানিজ ভাষা শেখায় সহযোগিতা করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা আশা করি বাংলাদেশে জাপানি সংস্কৃতি উদযাপনে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।”

প্রদর্শনীতে প্রিন্টমেকিং ও আর্ট মেস্ট্রো মাহমুদুল হক’কে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনী ২১ জুন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আর প্রবেশ করতে দর্শকদের অবশ্যই ফটো আইডি দেখাতে হবে।