০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শিল্পকলায় চিত্র প্রদর্শনী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’

চার দিনের এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 09:53 PM

Updated : 06 Nov 2026, 09:53 PM

রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চার দিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ নামের এ প্রদর্শনী উদ্বোধন করেন সাহিত্যিক হাসনাত আবদুল হাই।

শিক্ষা বিষয়ক বুলেটিন ‘শিক্ষালোক’ এর এক যুগ পূর্তি ঘিরে প্রদর্শনী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী।

হাসনাত আবদুল হাই বলেন, “শিক্ষালোকের এই আয়োজনটি বেশ ব্যতিক্রমী। মূলধারার শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি তারা শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও অবদান রাখছে। প্রদর্শনীটিতে প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের কাজের পাশাপাশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন কর্মশালার ছবিও ঠাঁই পেয়েছে। বৈচিত্র্যই এই প্রদর্শনীর প্রধান বৈশিষ্ট্য, যা দর্শনার্থীদের আনন্দ দেবে।”

চিত্রশিল্পী জাহিদ মুস্তফা বলেন, “শিক্ষা ও শিল্প-সংস্কৃতি উভয় ক্ষেত্রে সিদীপ ও শিক্ষালোকের এই যৌথ প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সিদীপের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এ কে এম শামসুর রহমান, এম খায়রুল কবীর, চিত্রশিল্পী শিশির মল্লিক ও শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান উপস্থিত ছিলেন।