২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে পন্থায় কোলেস্টেরল কম রাখা যায়

ওষুধের পাশাপাশি জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করেও কোলেস্টেরলের মাত্রা কমানো যায়।

যে পন্থায় কোলেস্টেরল কম রাখা যায়

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:46 PM

Updated : 25 Aug 2022, 09:48 PM

জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়লেও কোলেস্টেরলের মাত্রা কমতে সময় লাগে।

আর উচ্চ মাত্রার কোলেস্টেরল দূরারোগ্য ব্যধি তো ডেকে আনেই, মৃত্যুর কারণও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, উচ্চমাত্রার কোলেস্টেরল প্রতিবছর বিশ্বব্যাপি ২.৬ কোটি মানুষের মৃত্যুর পেছনে দায়ি। উন্নত এবং উন্নয়নশীল, দুই ধরনের দেশেই কোলেস্টেরল বিশাল অংকের মৃত্যু ডেকে আনে।

আশঙ্কার বিষয় হল কোলেস্টেরলের মাত্রা যে বেশি তা বোঝার কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় চোখের পড়ে না। তবে সাধারণ একটি রক্ত পরীক্ষাতেই বোঝায় যায় কোলেস্টেরলের মাত্রা কমাতে হবে কি-না।

কোলেস্টেরল সম্পর্কে ধারণা

যুক্তরাষ্ট্রের ‘হলিস্টিক ওয়েলনেস স্ট্যাটেজি’র বোর্ড স্বীকৃত ‘ফ্যামিলি ফিজিশিয়ান’ এবং বিশেষজ্ঞ ডা. টমি মিচেল বলেন, “মোমের মতো এক ধরনের চর্বি-জাতীয় জৈবিক বস্তু হল কোলেস্টেরল, যা শরীরের প্রতিটি কোষে থাকে। জৈবিক বিভিন্ন কাজে এটি দরকার। যেমন- কোষের ঝিল্লি তৈরি করা, হরমোন ‘সিনথেসিস’ প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি।”

ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও জানান, কোলেস্টেরল তৈরি করে যকৃত। ডিম, দুধ ও দুগ্ধজাত খাবারে এটি সরাসরি মেলে। এই উপাদান শরীরে প্রয়োজনের বেশি থাকলে সেগুলো রক্তনালীতে জমা হতে থাকে। ফলে তা সরু হয়ে যায়, রক্তপ্রবাহ কমে যায়। এভাবেই বাড়তে থাকে হৃদরোগের ঝুঁকি।

তিনি আরও বলেন, “অনেকের ধারণা জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে সঙ্গে সঙ্গে কোলেস্টেরল কমে যাবে। তবে মনে রাখতে হবে শরীরের কোলেস্টেরলের মাত্রা কমতে সময় লাগে। আর এই কমার জন্য ধরা-বাঁধা কোনো সময়সীমা নেই।”

কোলেস্টেরল কমানোর ওষুধ ছয় থেকে আট সপ্তাহে তার কাজ করে ফেলতে পারে। তবে জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে কোলেস্টেরল কমাতে চাইলে আরও বেশি সময় লাগবে। সেই সময়টাও মানুষভেদে ভিন্ন হবে।

ঘুম

ডা. মিচেল বলেন, “ঘুমের ঘাটতি থাকলে শরীরে কোলেস্টেরল বাড়বে। ঘুমের সময় শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে আসে এবং প্রদাহ সৃষ্টি হওয়ার আশঙ্কা কমে। আর ঘুম কম হলে ‘কর্টিসল’ হরমোন তৈরি হয় বেশি। এই হরমোন প্রদাহ বাড়ায় যার পরিণতিতে বাড়ে কোলেস্টেরল। আর ঘুম কম হওয়ার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়ার আশঙ্কাও থাকে। তাই প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে।”

ধূমপান বর্জন

“ধূমপান ছেড়ে দেওয়ার অসংখ্য উপকারিতা আছে, যার একটি হল কোলেস্টেরলে মাত্রা কমা”, বলেন ডা. মিচেল।

সিগারেট পান করলে রক্তে ‘এলডিএল’ বা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়ে। সেখান থেকেই রক্তনালীতে ‘প্লাক’ জমা শুরু হয়, বাড়তে থাকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি। ধূমপান ছেড়ে দিলে সমস্যা একেবাড়ে গোড়া থেকে নির্মূল হবে।

এই সুযোগে ‘এইচডিএল’ বা উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে। যা পক্ষান্তরে ভারসাম্যের হিসেবে ক্ষতিকর কোলেস্টেরলকে ছাপিয়ে যাবে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা। ‘স্যাচুরেটেড ফ্যাট’ ও ‘ট্রান্স ফ্যাট’ যত কম থাকবে ততই কোলেস্টেরলের মাত্রা কমবে।

যে খাবারগুলোতে এই দুই ধরনের চর্বি বেশি থাকে সেগুলো হল- চর্বিযুক্ত মাংসের টুকরা, পরিপূর্ণ ননীযুক্ত দুগ্ধজাত খাবার, মাখন, ভাজাপোড়া ইত্যাদি।

এগুলোর বদলে বেছে নিতে হবে ‘লিন কাট মিট’ বা চর্বিহীন মাংস, ননীমুক্ত দুগ্ধজাত খাবার, ‘ভেজিটেবল অয়েল’, বাদাম, বীজ ইত্যাদি।

মাছ খাওয়ার অভ্যাস বাড়ালে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ভোজ্য আঁশ কোলেস্টেরল কমাতে উপকারী। সেজন্য খেতে হবে পরিপূর্ণ শষ্য, ফল, সবজি ইত্যাদি।

নিয়মিত শরীরচর্চা

শরীরচর্চা স্বাস্থ্যের জন্য উপকারী একথা শুনতে শুনতে কান ব্যধা হয়ে গেলেও খুব কম মানুষই নিয়মিত সেই কাজটি করেন। নিয়মিত শরীরচর্চা ওজন নিয়ন্ত্রণে রাখবে, হৃদরোগের ঝুঁকি কমাবে, দূরারোগ্য ব্যাধি থেকে সুরক্ষিত রাখবে।

আর উপকারী কোলেস্টেরল ‘এইচডিএল’য়ের মাত্রা বাড়াবে এবং ক্ষতিকর কোলেস্টেরল ‘এলডিএল’য়ের মাত্রা কমায় নিয়মিত শরীরচর্চার অভ্যাস।

রক্তনালী ও হৃদপিণ্ডের ভেতরে থাকা পাতলা ঝিল্লি ‘এন্ডোথেলিয়াম’য়ের কার্যকারিতা বাড়াতেও শরীরচর্চার ভূমিকা আছে। এই ঝিল্লির কারণে কোলেস্টেরল রক্তনালীতে আটকে যেতে পারে না, ফলে রক্তনালী আটকে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়া ঝুঁকি কমে।

আরও পড়ুন

পুরনো খবর:

ওজন কমানোর পথে বাধা সৃষ্টিকারী খাবার
যেসব লক্ষণ থাকলে কোলেস্টেরল পরীক্ষা করানো জরুরি
প্রাকৃতিকভাবে কোলেস্টেরল কমানোর উপায়