যেভাবে পুরানো তোয়ালে হবে তুলতুলে
এটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত খসখসে হয়ে যাওয়া তোয়ালে ঘরোয়া পদ্ধতিতে নতুনের মতো নরম করা যায়।
যে তোয়ালে প্রথমদিকে থাকে নরম সময়ের সঙ্গে সঙ্গে তা শক্ত, রুক্ষ আর কম শোষণক্ষম হয়ে যায়।
অনেকে তখন ভাবেন, এগুলো আর ব্যবহারযোগ্য নয়। তবে ফেলে দেওয়ার আগে ঘরোয়া কিছু সহজ উপায়ে পুরানো তোয়ালে আবার নরম ও কার্যকর করা সম্ভব।
যে কারণে তোয়ালে খসখসে হয়ে যায়
সময়ের সঙ্গে তোয়ালের তন্তুগুলোতে জমে যায় ডিটারজেন্ট বা সাবান, পানিতে থাকা খনিজ পদার্থ। যারা ‘ফ্যাব্রিক সফটনার’ ব্যবহার করেন সেটার অবশিষ্ট অংশও থেকে যায়। এই জমাট পদার্থগুলো তন্তুর শোষণক্ষমতা কমিয়ে দেয়।
‘কটেজকেয়ার’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচ্ছন্নতা সেবাদাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ স্কট শ্রেডার রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করার পাশাপাশি প্রতিবার কাপড় ধোয়ার সময় ‘ড্রায়ার শিট’ (কাপড় শুকানোর সময় ব্যবহৃত সুগন্ধি নরম করার কাগজ) ব্যবহার করলে তোয়ালে শক্ত হয়ে যায় এবং পানি শোষণের ক্ষমতা হারায়।”
তিনি আরও বলেন, “খুব গরম তাপে তোয়ালে শুকালে তন্তুগুলো পুড়ে যায় এবং শক্ত হয়ে পড়ে। এতে তোয়ালে যেমন রুক্ষ হয়ে যায়, তেমনি তা পানি শোষণও কম করে।
অন্যদিকে মার্কিন ‘স্পার্কলি মেইড সান দিয়েগো’-এর পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ ইসাবেলা ফ্লোরেস মনে করিয়ে দেন, “যদি তোয়ালে অনেক পুরানো হয়ে যায়, পাতলা ও ঝুরঝুরে হয়ে পড়ে, তাহলে সেটি পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন তোয়ালে কেনাই একমাত্র উপায়।”
তোয়ালে আবার নরম ও শোষণক্ষম করার উপায়
তোয়ালে পরিষ্কার করার জন্য বিশেষ কোনো রাসায়নিক নয়, বরং রান্নাঘরের সহজ উপাদানই যথেষ্ট, বলছেন যুক্তরাষ্ট্রের ‘ঘুম-সংক্রান্ত’ পোশাক প্রস্তুতকারী বিশেষজ্ঞ ক্যাথি রাস্ট।
তিনি বলেন, “প্রথমে তোয়ালে যতটা গরম পানিতে ধোয়া যায়, সেই তাপে এক কাপ ভিনেগার দিয়ে ধুয়ে নিতে হবে। এতে জমে থাকা ডিটারজেন্ট ও খনিজ পদার্থ গলে যাবে।”
তারপর দ্বিতীয়বার আধা কাপ বেইকিং সোডা ব্যবহার করে ধুয়ে নিতে হবে।
রাস্টের মতে, “এই পদ্ধতিতে তোয়ালের দুর্গন্ধ দূর হয় এবং আগের ভিনেগারের গন্ধও চলে যায়। তবে কখনই ফ্যাব্রিক সফটনার ব্যবহার করা যাবে না। বরং কাপড় ধোয়ার সময় শেষ ধাপে শুধু পরিষ্কার পানি দিয়ে অতিরিক্ত একবার ধুয়ে ফেলা উচিত। যাতে তোয়ালে এবং ওয়াশিং মেশিন দুইই পুরোপুরি পরিষ্কার থাকে।”
তোয়ালের যত্নে যা মানা জরুরি
তোয়ালে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সঠিক যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি তোয়ালের গায়ে থাকা যত্নের নির্দেশনা বা কেয়ার লেবেল ভালোভাবে পড়ে তবেই ধোয়া উচিত।
ক্যাথি রাস্ট বলেন, “অনেকে তোয়ালে মেশিনে অতিরিক্ত গরমে শুকান। এতে তাপে তন্তুগুলোর ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা ও নরমভাব নষ্ট হয়ে যায়। তাই মাঝারি তাপে শুকানো উচিত এবং যখন সামান্য ভেজা থাকে, তখন বের করে বাতাসে শুকিয়ে নিলে তোয়ালে অনেক বেশি দিন ভালো থাকবে।”
আরও পড়ুন
