২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের উপস্থিতিকে গুরুত্ব দেয় ‘মেইন ক্যারেক্টার ওয়াক’

হাঁটার মাধ্যমে নিজের জীবনের চলচ্চিত্রে হয়ে যান কেন্দ্রীয় চরিত্র।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 01:36 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

কখনও কি এমন হয়েছে কানে প্রিয় গান বাজছে আর একা হাঁটতে গিয়ে হঠাৎ করেই চারপাশটাকে অন্যরকম লাগছে? নিজের ভেতরে তৈরি হচ্ছে এক ধরনের আত্মবিশ্বাস।

এই অনুভূতিকেই এখন বলা হচ্ছে ‘মেইন ক্যারেক্টার ওয়াক’।

এটি শুধু হাঁটা নয়, বরং নিজেকে নিজের জীবনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অনুভব করার এক ধরনের মানসিক অভ্যাস।

কারণ ব্যস্ততা, মানসিক চাপ আর প্রযুক্তিনির্ভর জীবনের নিজের সঙ্গেই সময় কাটানোর প্রয়োজন অনুভব করা দরকার।

সাধারণ হাঁটার সঙ্গে পার্থক্য কোথায়

সাধারণ হাঁটা হয় গন্তব্যে পৌঁছানোর জন্য বা শরীরচর্চার অংশ হিসেবে। কিন্তু ‘মেইন ক্যারেক্টার ওয়াক’-এর মূল বিষয় হল অনুভব।

এখানে হাঁটার সময় মানুষ নিজের জীবনকে নতুনভাবে কল্পনা করে, নিজের অনুভূতি, স্বপ্ন কিংবা চারপাশের দৃশ্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অধ্যাপক ও লেখক পামেলা পাভলিস্চ্যাক রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই ধরনের হাঁটা নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে সাহায্য করে।”

তার মতে, যখন কেউ নিজের জীবনকে গল্পের মতো কল্পনা করতে শুরু করে, তখন সে চারপাশের জিনিসও নতুনভাবে দেখতে শেখে। অর্থাৎ এই হাঁটা কেবল শরীরের নয়, মন ও দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন আনে।

নিজের জীবনের দর্শক নয়, অংশ হওয়া

অনেক সময় মানুষ নিজের জীবনকেই দূর থেকে দেখে। প্রতিদিনের কাজ, দায়িত্ব, চাপে জীবন শুধু তাল মেলানোর ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের হাঁটা আবার নিজের জীবনের ভেতরে ফিরিয়ে আনে।

মার্কিন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড্যারিল অ্যাপলটন একই প্রতিবেদনে বলেন, “মেইন ক্যারেক্টার ওয়াক’ আসলে নিজেকে আবার নিজের জীবনের মূল চরিত্র হিসেবে অনুভব করার একটি মানসিক পরিবর্তন।”

তিনি আরও বলেন, “এখানে লক্ষ্য কোথাও পৌঁছানো নয়, বরং নিজের উপস্থিতিকে অনুভব করা। যখন একা হাঁটে, চারপাশ লক্ষ্য করে এবং নিজের অনুভূতির সঙ্গে সময় কাটায়, তখন সে শুধু চলাফেরা করে না— বরং নিজের সঙ্গেই সংযোগ তৈরি করে।”

শরীরের ভঙ্গি যেভাবে মানসিকতায় প্রভাব ফেলে

এই হাঁটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল- শরীরের ভাষা। আত্মবিশ্বাস নিয়ে হাঁটলে মনেও ইতিবাচক পরিবর্তন আসে।

ড্যারিল অ্যাপলটনের মতে, “শরীরের ভঙ্গিই অনেক সময় মনের অনুভূতি তৈরি করে। কাঁধ সোজা রাখা, সামনে তাকিয়ে হাঁটা, স্বাভাবিকের চেয়ে একটু বড় পদক্ষেপ নেওয়া এসব ছোট পরিবর্তন ভেতর থেকেও আত্মবিশ্বাসী অনুভব করায়।”

তিনি বলেন, “মানুষ যখন এমনভাবে হাঁটে যেন সে নিজের সিদ্ধান্তে দৃঢ়, তখন তার ভেতরের অনুভূতিও ধীরে ধীরে সেদিকেই বদলাতে শুরু করে।”

প্রযুক্তির ভিড়ে নিজের দিকে ফিরে তাকানো

বর্তমানে অনেকেই দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন, বার্তা, ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ডুবে থাকেন। এতে মন সবসময় ব্যস্ত থাকলেও নিজের অনুভূতির সঙ্গে যোগাযোগ কমে যায়।

এই ধরনের হাঁটা সেই জায়গায় এক ধরনের বিরতি তৈরি করে। কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল- ‘উপস্থিত থাকা’।

বিশেষজ্ঞরা বলছেন, হাঁটার সময় ফোন হাতে না রাখাই ভালো। কারণ তখন মন আবার বাইরের প্রতিক্রিয়া বা অন্যের দৃষ্টিতে চলে যায়।

তবে ফোন পকেটে রেখে হাঁটলে মানুষ নিজের ভেতরের চিন্তা ও অনুভূতির দিকে মনোযোগ দিতে পারে।

পামেলা পাভলিস্চ্যাক মনে করেন, “এটি প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে সরে যাওয়া নয়, বরং নিজের মনোযোগকে আবার নিজের দিকে ফিরিয়ে আনার একটি উপায়।”

মানসিক চাপ কমাতে যেভাবে সাহায্য করে

মানসিক চাপের সময় শরীর সবসময় সতর্ক অবস্থায় থাকে। হৃদস্পন্দন বেড়ে যায়, উদ্বেগ বাড়ে, মন অস্থির লাগে। হাঁটা এই চাপ কমাতে সাহায্য করে, কারণ এতে শরীর ছন্দময়ভাবে নড়ে এবং মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে।

ড্যারিল অ্যাপলটন বলেন, “হাঁটার পুনরাবৃত্তিমূলক ছন্দ শরীরকে চাপের অবস্থা থেকে বের হতে সাহায্য করে। বিশেষ করে যখন এর সঙ্গে আত্ম-পর্যবেক্ষণ বা নিজেকে অনুভব করার বিষয় যুক্ত হয়, তখন এর মানসিক উপকার আরও বাড়ে।”

আত্মবিশ্বাস বাড়ানোর ব্যক্তিগত সময়

দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় অন্যের প্রয়োজন, কাজ বা দায়িত্বে। ‘মেইন ক্যারেক্টার ওয়াক’ সেই জায়গায় নিজের সঙ্গে ছোট একটি সাক্ষাতের মতো। এখানে কেউ বিচার করছে না, তাড়া দিচ্ছে না, কিছু প্রমাণও করতে হচ্ছে না।

এই সময়টুকু মানুষকে নিজের চিন্তা গোছাতে, অনুভূতি বুঝতে এবং নিজের উপস্থিতিকে গুরুত্ব দিতে সাহায্য করে। অনেকেই বলেন- এমন হাঁটার পর তারা মানসিকভাবে হালকা অনুভব করেন।

তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা যেন না আসে

বিশেষজ্ঞরা অবশ্য একটি বিষয় নিয়ে সতর্কও করেছেন। নিজের দিকে মনোযোগ দেওয়া ভালো হলেও সেটি যেন আত্মকেন্দ্রিকতায় না পৌঁছে যায়।

ড্যারিল অ্যাপলটন বলেন, “যদি কেউ বাস্তব সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র নিজেকেই কেন্দ্র করে ভাবতে শুরু করেন, তাহলে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

তবে তিনি এটিও বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবণতা আত্মপ্রেম নয়, বরং নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার প্রয়াস।”

যেভাবে শুরু করা যেতে পারে

বিশেষজ্ঞদের মতে, ১০ থেকে ১৫ মিনিট একা হাঁটাই যথেষ্ট। চাইলে গান শোনা যেতে পারে, তবে সেটি যেন নিজের অনুভূতিকে ঢেকে না ফেলে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- চারপাশকে পর্যবেক্ষণ করা। রাস্তার আলো, বাতাস, গাছের নড়াচড়া কিংবা নিজের ভেতরের চিন্তা- এসব অনুভব করাই এই হাঁটার মূল বিষয়।

আরও পড়ুন

প্রতিদিন হাঁটলে কি ওজন কমে?

দেহের ভারসাম্য উন্নতিতে হাঁটা

রংয়ের হাঁটা: সহজ একটি অভ্যাসে কমবে মানসিক চাপ