বৃষ্টিভেজা দিনে ঘরে বসে কী করবেন?
করা যেতে পারে নিজের ত্বকের পরিচর্যা কিংবা পরিবর্তন করা যায় ঘরের চেহারা।
বৃষ্টি মানেই বিরক্তি নয় বরং এটি ঘরে তৈরি করতে পারে আনন্দের সময়।
বর্ষাকাল মানেই চারপাশে সজীবতা, প্রকৃতির নির্মল ঘ্রাণ, আর কখনও কখনও গৃহবন্দি অবস্থা।
বাইরে বের হওয়া অনিশ্চিত হলেও এই সময়টাতে ঘরে বসেই নিজেকে চাঙা রাখার অনেক উপায় রয়েছে। এক ঘেয়েমি ও হতাশা কাটিয়ে উঠতে চাইলে বৃষ্টির দিনে ঘরে বসেই করা যায় মজার নানান কাজ।
যা শুধুই বিনোদন নয়, বরং মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী।
টিকটক ট্রেন্ড অনুসরণে নতুন কিছু শেখা
বর্তমানে টিকটক ব্যাপক জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে প্রতিদিনই নতুন নতুন ট্রেন্ড, ‘ডান্স চ্যালেঞ্জ’, রেসিপি বা হোম ডেকর আইডিয়া পাওয়া যায়। বৃষ্টির দিনে টিকটকে ঘাঁটাঘাঁটি করে এমন কোনো ট্রেন্ড বেছে নেওয়া যায়, যা অনুপ্রাণিত করে।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে স্বাস্থ্যকর জীবনযাপন-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ লিসা মিলব্র্যান্ড বলেন, “এগুলো প্রয়োগ করে দেখা, ভিডিও ধারণ করা বা পরিবারের সঙ্গে শেয়ার করাও হতে পারে চমৎকার একটি সময় কাটানোর উপায়।”
পরিবারের সঙ্গে দেশীয় খেলায় সময় কাটানো
আধুনিকতার ছোঁয়ায় অনেকেই ভুলে গিয়েছেন ‘লুডু’, ‘ক্যারাম’ বা ‘ডামচি’-র মতো খেলাগুলোর আনন্দ।
বৃষ্টির দিনে পরিবারের সবাইকে একত্রিত করে এমন কিছু দেশীয় খেলা আয়োজন করা যায়।
ভিন্নধর্মী রান্না করে চমক দেওয়া
রোজকার রান্নায় সময় বা ইচ্ছা না থাকলেও বৃষ্টির দিনে একটু অন্যরকম রেসিপি চেষ্টা করে দেখা যায়।
মাংসের তেহারি, মুগ ডালের বড়া, কাঁচা মরিচে ভাঁপা ইলিশ কিংবা মিষ্টান্ন হিসেবে সুজির হালুয়া— এই ধরনে খাবারগুলো রান্না করে পরিবারের সবাইকে চমকে দেওয়া যায়।
রান্না প্রক্রিয়ায় শিশুদের যুক্ত করলে সেটি হবে শিক্ষামূলক।
ঘরকুনো সাজে নতুনত্ব
ঘরের একইরকম সজ্জা অনেক সময় মনকে ভারাক্রান্ত করে তোলে। বৃষ্টির দিনে সময় থাকলে ঘরের আসবাবের স্থান পরিবর্তন, পর্দা বা বালিশ কভার বদল, পুরানো আলোকসজ্জা পরিবর্তন কিংবা প্রিয় বইগুলো রং অনুযায়ী সাজিয়ে ফেলা যায়। নিজের হাতে ঘরকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার আনন্দ অমূল্য।
ঘরে বসেই ফ্যাশন স্টাইলিং
জামা-কাপড়ের মাঝে কিছু হয়ত অনেক দিন পরে খুঁজে পেলেন। যেটা নতুনভাবে পরলে চমৎকার লাগবে। বৃষ্টির দিনে নিজের পোশাক-আশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। শাড়ি, কামিজ বা ওড়নাকে নতুন করে কীভাবে স্টাইল করা যায়, সেটা নিয়ে চর্চা করা ভালো বুদ্ধি।
প্রয়োজনে ছবি তুলে রাখা যায়, যাতে ভবিষ্যতে তা কাজে আসে- পরামর্শ দেন লিসা।
শিশুদের নিয়ে ছোট্ট প্রতিভা প্রতিযোগিতা
বৃষ্টির দিনে শিশুদের মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। ঘরে বসেই তাদের নিয়ে ছোট্ট একটি ‘ট্যালেন্ট শো’ আয়োজন করতে পারেন।
কেউ আবৃতি করবে, কেউ নাচবে, কেউ ছবি আঁকবে, কেউবা গান গাইবে। এতে তাদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি ঘরেও তৈরি হবে উৎসবের আবহ।
পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো
যাদের বাসায় বিড়াল, কুকুর বা পাখি আছে, তারা বৃষ্টির দিনে তাদের সঙ্গে সময় কাটাতে, নতুন খেলনা বানাতে বা তাদের প্রিয় খাবার তৈরি করে খাওয়ানো মজার কাজটি করতে পারেন। এতে প্রাণীদেরও আনন্দ হবে, আর নিজেরও।
নেইল আর্ট বা ত্বকের যত্নের দিন
আপনারে ভালো রাখার অন্যতম উপায় হল নিজেকে সময় দেওয়া। বৃষ্টির দিনে একটি হ্যান্ড বা পেডিকিউর সেট, নেইল পালিশ আর কিছু নকশার ধারণা নিয়ে নেইল আর্ট করে ফেলতে পারেন। কেউ চাইলে ঘরোয়া উপায়ে স্ক্রাব, ফেইসপ্যাক বা চুলের হেয়ার মাস্ক তৈরি করে নিজেকে দিতে পারেন সম্পূর্ণ একটি স্পা অভিজ্ঞতা।
নিজের বা পরিবারের জন্য কিছু তৈরি
হাতে তৈরি উপহার সব সময়ই আলাদা মূল্য রাখে। বৃষ্টির দিনে কারও জন্য একটি চিঠি লেখা, পুরানো ছবিগুলো দিয়ে স্ক্র্যাপবুক বানানো বা পুরানো কাপড় দিয়ে বানানো যায় একটি থলে বা কুশন কভার। এতে যেমন সৃজনশীলতা প্রকাশ পায়, তেমনি প্রিয়জনদের জন্য ভালোবাসাও প্রকাশ হয়।
পুরানো ছবি সাজানো ও সংরক্ষণ
মুঠোফোন বা ল্যাপটপে জমে থাকা হাজারও ছবির মধ্যে কিছু হয়ত চোখেই পড়ে না। বৃষ্টির দিনে বসে সেই স্মৃতিগুলো সাজিয়ে অ্যালবাম তৈরি করা যেতে পারে।
অনলাইন সেবার মাধ্যমে প্রিন্ট করিয়ে একটি ফ্রেমে ঝুলিয়ে রাখা যায় দেয়ালে। এটি শুধু একটি কাজ নয়, বরং স্মৃতিময় একটি যাত্রাও।
আরও পড়ুন
