২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে ঘরের সুবাস বাড়াতে

নতুন পোশাক, সুস্বাদু রান্না আর অতিথি আপ্যায়নের পাশাপাশি ঈদের সকালে ঘরে দরকার মন মাতানো সুবাস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

ঘরে ঢুকেই যদি ভেসে আসে সতেজ ফুল, মসলার হালকা ঘ্রাণ কিংবা পরিচ্ছন্নতার অনুভূতি, তাহলে ঈদের আমেজে যোগ হয় মোহময়তা।

ঘর পরিষ্কার আগের রাতেই

সুন্দর সুবাসের প্রথম শর্তই হল, পরিচ্ছন্নতা। ঈদের আগের রাতে ঘর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ ধুলা ময়লার একটি গুমোট গন্ধ হয়, যা অস্বস্তি তৈরি করে।

“পর্দা, কুশন কভার কিংবা কার্পেট ধুলামুক্ত থাকলে ঘরে একটি সতেজ অনুভূতি তৈরি হয়। রান্নাঘর ও ডাস্টবিন পরিষ্কার রাখাও জরুরি, কারণ অনেক সময় সেখান থেকেই অস্বস্তিকর গন্ধ ছড়ায়”, বলেন রেডিয়েন্ট ইন্সটিটিউট অফ ডিজাইনের সভাপতি ও অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন।

প্রাকৃতিক সুগন্ধ

কৃত্রিম এয়ার ফ্রেশনারের বদলে প্রাকৃতিক সুবাস ঘরে কোমল ও স্বস্তিদায়ক আবহ দেয়। ছোট বাটিতে গোলাপের পাপড়ি, জুঁই ফুল বা বেলি ফুল পানিতে ভাসিয়ে রাখা যায়।

“এছাড়া লেবুর খোসা, দারুচিনি ও লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে নিলেও পুরো ঘরে ছড়িয়ে পড়ে মিষ্টি ঘ্রাণ”, পরামর্শ দেন এই অন্দরসজ্জাবিদ।

আগরবাতি ও বখুরের ব্যবহার

ঈদের সকালে অনেকেই ঘরে আগরবাতি বা বখুর জ্বালানো পছন্দ করেন। এটি ঘরের ঘ্রাণ বাড়ায়, আবার পরিবেশে আনে এক ধরনের প্রশান্তি।

তবে খুব তীব্র ঘ্রাণের পরিবর্তে হালকা ও কোমল সুগন্ধ বেছে নেওয়াই ভালো। যাতে অতিথিদের জন্যও আরামদায়ক থাকে।

রান্নার ঘ্রাণও সৌন্দর্যের অংশ

সেমাই, কোরমা বা পোলাওয়ের মসলার সুবাস ঈদের দিনে দারুণ অনুভূতি দেয়। রান্নাঘর খোলা রাখলে সেই উষ্ণ ঘ্রাণ ঘরের পরিবেশকে উৎসবমুখর করতে পারে।

তবে অতিরিক্ত তেলের গন্ধ এড়াতে, রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

“রান্নাঘরে চিমনি বা কিচেন হুড চালু রাখা, এগজস্ট ফ্যানের ব্যবহারে কোনো ভুল করা যাবে না”, মন্তব্য করেন গুলশান নাসরিন।

সুগন্ধি মোমবাতি ও এসেনশল অয়েল

বসার বা শোবার ঘরে সুগন্ধি মোমবাতি ব্যবহার করা যেতেই পারে। ল্যাভেন্ডার, ভ্যানিলা, স্যান্ডালউড কিংবা সিট্রাস ঘ্রাণ ঈদের সকালে ঘরে প্রশান্ত অনুভূতি যোগ করে।

চাইলে ডিফিউজারে কয়েক ফোঁটা এসেনশল অয়েল ব্যবহার করেও ঘরকে দীর্ঘ সময় সতেজ রাখা যায়।

জানালা খোলা

সকালের নির্মল বাতাসের চেয়ে ভালো প্রাকৃতিক ফ্রেশনার আর কিছু নেই। ঈদের সকালে কিছু সময় জানালা খুলে রাখা যায়, বিশেষ করে এসি ঘরে।

সূর্যের আলো ও বাতাস, ঘরের ভেতরের ভারী গন্ধ দূর করে এনে দিতে পারে সতেজ অনুভূতি।

বিছানার চাদর ও কুশনে হালকা ফ্যাব্রিক স্প্রে

ঈদের সকালে নতুন বা ধোয়া চাদর, বালিশের কভার ও কুশনে হালকা ফ্যাব্রিক স্প্রে ব্যবহার করলে ঘরে দীর্ঘসময় সতেজ সুবাস থাকে।

চাইলে গোলাপ জল বা ‘ল্যাভেন্ডার ওয়াটার’ও স্প্রে করা যেতে পারে। এ ধরনের স্প্রে সুপারশপগুলো এবং অনলাইনশপে পাওয়া যায়।

দরজার পাশে সুগন্ধি কর্নার

ঈদ উপলক্ষ্যে ঘরের প্রবেশপথে ছোট একটি সুগন্ধি কর্নার তৈরি করা যায়। সেখানে ফুল, সুগন্ধি মোমবাতি কিংবা ছোট অ্যারোমা ডিফিউজার রাখলে অতিথিরা ঢুকেই উৎসবের আবহ অনুভব করবেন।

ইনডোর গাছের ব্যবহার

মানিপ্ল্যান্ট, জুঁই, বেলি বা ছোট সুগন্ধি গাছ ঘরের বাতাসকে সতেজ রাখতে সাহায্য করে। সবুজ গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, ঘরের পরিবেশেও প্রশান্তি আনতে কাজ করে।

আলমারি ও পর্দাতেও সুবাস

অনেক সময় বন্ধ আলমারি বা ভারী পর্দা থেকে ভ্যাপসা গন্ধ আসে। ছোট সুগন্ধি স্যাশে, শুকনো ফুল বা কাঠের সুগন্ধি ব্লক ব্যবহার করলে কাপড় ও ঘর দুটোই সতেজ থাকে।

অতিথিদের স্বাগতম পানীয়

লেবু, পুদিনা বা গোলাপজলের হালকা ঘ্রাণযুক্ত শরবত শুধু স্বাদই নয়, পুরো পরিবেশেও সতেজ অনুভূতি যুক্ত করে। খাবারের সুবাসও ঈদের আবহের অংশ হয়ে ওঠে।

মেঝে মোছার পানিতে সুগন্ধি উপাদান

গুলশান নাসরিন বলেন, “মেঝে পরিষ্কারের পানিতে কয়েক ফোঁটা লেবু, গোলাপ জল বা এসেনশল অয়েল মিশিয়ে নিলে, পুরো ঘরে দীর্ঘসময় পরিচ্ছন্ন ও সতেজ গন্ধ থাকে।”

আরও পড়ুন

ড্রইং রুম সাজাতে যেসব বিষয় খেয়াল রাখা দরকার

যে লক্ষণে বোঝা যায় ঘরে বাতাস চলাচল কম

ঘরে লুকানো বিপদ, যা উপেক্ষা করা বিপজ্জনক