২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঘরের গাছ পানি চাইছে কি না বুঝবেন যেভাবে

বোঝার জন্য রয়েছে নানান লক্ষণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 01:56 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

ঘরের ভেতর সবুজ গাছ শুধু শখের বিষয় নয়, বরং সুস্থ ও দূষণমক্ত জীবনের অংশ। এছাড়া ছোট গাছও মানসিক প্রশান্তি এনে দেয়।

তবে গাছের যত্নে চ্যালেঞ্জ হল, সঠিক সময়ে পানি দেওয়া। প্রতিদিন বা নির্দিষ্ট দিনে পানি দিলেই গাছ ভালো থাকবে এমন ভাবা হলেও, অতিরিক্ত পানি গাছের ক্ষতি করে।

আবার দীর্ঘ সময় পানি না পেলেও গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়।

উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে, ঘরের গাছ কখন পানি চাইছে, সেটি বুঝতে পারা গাছের যত্নের একটা কৌশল। আর গাছ নিজেই নানান লক্ষণের মাধ্যমে জানিয়ে দেয় তার পানির প্রয়োজন হয়েছে কি-না।

সঠিক মাটির মিশ্রণই ধরে রাখে আর্দ্রতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের আবাসিক উদ্ভিদবিদ মাকসিম কাজাকউ রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অনেক সময় ঠিকমতো পানি দিলেও, গাছে পানির ঘাটতির লক্ষণ দেখা যায়। এর কারণ হতে পারে টবের মাটির অনুপযুক্ত মিশ্রণ।”

এক্ষেত্রে এমন মাটি প্রয়োজন, যা একদিকে আর্দ্রতা ধরে রাখবে, অন্যদিকে শিকড়ের কাছে বাতাস চলাচলের সুযোগও দেবে।

মাটি যদি খুব শক্ত হয় বা পানি ধরে রাখতে না পারে, তাহলে শিকড় ঠিকভাবে বেড়ে উঠতে পারে না এবং গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, “টবের মাটিতে এমন উপাদান থাকা উচিত, যা আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি অতিরিক্ত পানি বের হয়ে যেতে সাহায্য করে। এতে শিকড় সুস্থ থাকে এবং গাছ সহজে পানির ভারসাম্য বজায় রাখতে পারে।”

নির্দিষ্ট দিনে নয়, নিয়মিত খোঁজ

সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সব গাছে পানি দেওয়া এবং মনে রাখা সহজ হলেও এটি সব সময় কার্যকর নয়। কারণ বছরের সব সময় গাছের পানির চাহিদা এক থাকে না।

মার্কিন উদ্ভিদ বিশেষজ্ঞ ও উদ্যানতত্ত্ববিদ জাস্টিন হ্যানকক বলেন, “আলো, তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা পরিবর্তনের সঙ্গে গাছের পানির চাহিদাও বদলে যায়। গ্রীষ্মকালে যে পরিমাণ পানি প্রয়োজন হয়, শীতল আবহাওয়ায় সেই একই পরিমাণ পানি দিলে, গাছ অতিরিক্ত পানির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।”

এই বিশেষজ্ঞদের পরামর্শ হল- নির্দিষ্ট দিনে পানি দেওয়ার পরিবর্তে, নির্দিষ্ট সময় পরপর গাছ পরীক্ষা করার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে গাছের প্রকৃত চাহিদা অনুযায়ী পানি দেওয়া সম্ভব হয় এবং অতিরিক্ত কিংবা কম পানি দেওয়ার ঝুঁকি কমে।

পাতাই জানিয়ে দেয় গাছের তৃষ্ণার কথা

গাছের পাতার দিকে ভালোভাবে তাকালেই অনেক কিছু বোঝা যায়।

পানি কমে গেলে অনেক গাছের পাতা নিচের দিকে ঝুলে পড়ে, কুঁকড়ে যায় কিংবা নরম হয়ে আসে। কিছুদিন পর সেই পাতাই শুকিয়ে যেতে শুরু করে।

যেসব গাছের পাতা তুলনামূলক মোটা, সেগুলোর পাতায় ছোট ছোট ভাঁজও দেখা দিতে পারে। এগুলো পানির অভাবের লক্ষণ।

অন্যদিকে অনেক সময় পাতার রংও পরিবর্তিত হয়। সবুজ থাকলেও পাতার স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়। এটি তুলনামূলক সূক্ষ্ম একটি লক্ষণ হলেও, গাছ যে ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ছে, সেটাই ইঙ্গিত করে।

শুধু পাতা নয়, মাটিও পরীক্ষা করা

ঝুলে পড়া পাতা দেখেই ধরে নিতে হবে, গাছে পানি কম হয়েছে। তবে অতিরিক্ত পানি দিলেও একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে।

তাই শুধু পাতা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

বরং আঙুল দিয়ে টবের মাটির ওপরের অংশের একটু নিচ পর্যন্ত স্পর্শ করে দেখতে হবে। যদি মাটি শুকনো মনে হয় এবং পাতাও ঝুলে থাকে, তাহলে গাছে পানি দেওয়ার সময় হয়েছে।

নিয়মিত এভাবে মাটি পরীক্ষা করতে করতে, একসময় স্পর্শ করেই বোঝা সম্ভব হবে কখন গাছে পানি প্রয়োজন।

আবার অনেক ধরনের টবের মাটির রংও শুকনো ও ভেজা অবস্থায় পরিবর্তিত হয়। ভেজা অবস্থায় মাটি সাধারণত গাঢ় দেখায়, আর শুকিয়ে গেলে রং অনেকটাই হালকা হয়ে যায়।

তাই মাটির রংয়ের পরিবর্তনও গাছের পানির চাহিদা বোঝার একটি সহজ উপায়।

টবের ওজনও সহজ পরীক্ষা

ছোট ও মাঝারি আকারের টবের ক্ষেত্রে কার্যকর উপায় হল, টব হাতে তুলে দেখা।

ভেজা মাটি অনেক বেশি ভারী থাকে, কারণ মাটি অনেকটা স্পঞ্জের মতো পানি শোষণ করে রাখে। পানি শুকিয়ে গেলে একই টব অনেক হালকা অনুভূত হয়।

প্রথম দিকে এটি বুঝতে কিছুটা সময় লাগলেও, নিয়মিত একই গাছের টব হাতে নিলে সহজেই পার্থক্য বোঝা যায়। ফলে মাটি না খুঁড়েও অনেক সময় বোঝা সম্ভব হয়, গাছে পানি দেওয়ার প্রয়োজন হয়েছে কি-না।

প্রতিটি গাছের চাহিদা আলাদা

সব ঘরের গাছের জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। কিছু গাছ তুলনামূলক বেশি পানি পছন্দ করে, আবার কিছু গাছ দীর্ঘ সময় কম পানিতেও ভালো থাকে।

তাই একটি গাছে যে নিয়ম কার্যকর, অন্যটির ক্ষেত্রে সেটি প্রযোজ্য নাও হতে পারে।

এই উদ্ভিদবিদদের মতামত হল, নতুন গাছ কেনার পর প্রথমেই এর স্বাভাবিক চাহিদা সম্পর্কে জানা জরুরি। এরপর আলো, তাপমাত্রা এবং ঘরের পরিবেশ অনুযায়ী পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

ঘরে সুগন্ধ ছড়াবে যেসব গাছ

ঘরের গাছ মরে যায় যে ভুলে

গাছ বাঁচাতে কখন পানি দেবেন, কখন নয়