২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যস্ত জীবনে নিজের যত্নে ‘ওয়েলনেস স্ট্যাকিং’ পদ্ধতি

কয়েকটি স্বাস্থ্যকর কাজ একসাথে করাকে বলা হচ্ছে ‘ওয়েলনেস স্ট্যাকিং’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ব্যস্ত জীবনে নিজের জন্য একটু সময় বের করা যেন এক প্রকার বিলাসিতা। কাজ, পরিবার, সামাজিক দায়িত্ব— সব মিলিয়ে দিনের ঘণ্টাগুলো যেন কোথায় হারিয়ে যায়।

তবে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত আত্ম-যত্ন অপরিহার্য। এ কারণেই সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে এক নতুন পদ্ধতি— ‘ওয়েলনেস স্ট্যাকিং’।

আসলে ‘হ্যাবিট স্ট্যাকিং’ নামের একটি অভ্যাস থেকে এর উৎপত্তি।

এই তথ্য জানিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়- ‘হ্যাবিট স্ট্যাকিং’-এর ধারণা হল, যে অভ্যাসটি নিয়মিত করেন, সেটির সঙ্গে একটি নতুন অভ্যাস জুড়ে দেওয়া।

যেমন- যদি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করা অভ্যাস হয়, তাহলে দাঁত ব্রাশ করার সময় পাঁচ মিনিট ধ্যান করতে পারেন।

‘ওয়েলনেস স্ট্যাকিং’ ঠিক একই ধারণাকে আরও উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে।

এখানে লক্ষ্য হল- নিজের দৈনন্দিন রুটিনের মধ্যে কয়েকটি সুস্থতা ও আরামদায়ক কার্যক্রম একসঙ্গে অন্তর্ভুক্ত করা, যাতে ব্যস্ত দিনেও নিজের যত্ন নেওয়া সম্ভব হয়।

যে কারণে জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি

টিকটকের কনটেন্ট নির্মাতা যুক্তরাষ্ট্রের ব্রিজেট মুলার এই ধারণাকে জনপ্রিয় করেছেন। তিনি প্রতিদিন নিজের ‘ওয়েলনেস স্ট্যাক’ ভিডিও আকারে শেয়ার করেন।

উদাহরণ হিসেবে, এক ভিডিওতে দেখা যায় তিনি একটি ‘পিইএমএফ ম্যাটে’ শুয়ে আছেন, গলায় ভঙ্গি সোজা রাখার যন্ত্র, চোখে ডাক্তার প্রদত্ত বিশেষ ভিশন থেরাপি চশমা্ এবং দাঁতে হোয়াইটেনিং স্ট্রিপ লাগানো।

সবকিছু এক সেশনে সম্পন্ন হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ আছে—

সময় সাশ্রয়ী: আলাদা আলাদা সময় বের না করে একসঙ্গে একাধিক কার্যক্রম করা যায়।

উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন: সচেতনভাবে নিজের জন্য সময় বরাদ্দ করা যায়।

মানসিক তৃপ্তি: নিজের যত্ন নেওয়ার অনুভূতি মন ভালো রাখে।

বিনোদনমূলক: নতুন নতুন ‘স্ট্যাক’ তৈরি করা আনন্দদায়ক।

যেভাবে শুরু করা যায়

‘ওয়েলনেস স্ট্যাকিং’ শুরু করতে প্রথমে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে, যেমন ২০ মিনিট। এই সময়ে একটি অভ্যাস দিয়ে শুরু করতে হবে। যেটি নতুন করে নিতে চান বা ইতিমধ্যে করছেন।

উদাহরণ স্বরূপ- অফিস শেষে হাঁটাতে যাওয়া। এরপর ধীরে ধীরে সেই অভ্যাসের সঙ্গে আরও কার্যক্রম যোগ করা।

তবে মনে রাখতে হবে, এখানে মূল লক্ষ্য হল আরাম ও সুস্থতা। যদি একসঙ্গে অনেক কিছু করা ঝামেলাপূর্ণ, ব্যয়বহুল বা বিরক্তিকর মনে হয়, তবে তালিকা ছোট করার পাশাপাশি সরল রাখতে হবে।

নানান রকম ‘ওয়েলনেস স্ট্যাক’ হতে পারে-     

পুষ্টিকর খাবার, পডকাস্ট শোনা ও সুগন্ধ থেরাপি

ঋতুভিত্তিক ফল বা সবজি দিয়ে তৈরি একটি পুষ্টিকর খাবার খাওয়ার সময় প্রিয় পডকাস্ট শোনা যেতে পারে। পাশাপাশি ‘ডিফিউজার’য়ে প্রিয় সুগন্ধি তেল ব্যবহার করতে পারেন। যেটি প্রয়োজন অনুযায়ী শক্তি যোগাবে বা প্রশান্তি দেবে।

হাঁটা, ধ্যান ও চুলের যত্ন

হাঁটার স্বাস্থ্য উপকারিতা অনেক। বাইরে হাঁটতে গেলে মাটির সংস্পর্শ, তাজা বাতাস ও সূর্যের আলো— সবই স্বাস্থ্যের জন্য ভালো।

কানে ইয়ারফোন দিয়ে ‘মাইন্ডফুলনেস ধ্যান’ শোনা যেতে পারে। পাশাপাশি মাথায় পুষ্টিকর হেয়ার মাস্ক লাগিয়ে নিতে পারেন, যা হাঁটার সময় কাজ করবে।

হাঁটার বিরতিতে হালকা হাতের স্ট্রেচিংও করা যেতে পারে।

লাল আলো থেরাপি, মাথার ত্বকে মালিশ ও পায়ের যত্ন

লাল আলো থেরাপি ত্বক পুনর্গঠনে সহায়ক হতে পারে। এই সময় মাথার ত্বকে আঙুল দিয়ে মালিশ করা যায়, যা রক্তসঞ্চালন বাড়াবে।

একই সঙ্গে পায়ে ‘ফিট মাস্ক’ ব্যবহার করে পায়ের যত্ন নেওয়া যেতে পারে।

ভারী কম্বল, শ্বাস-প্রশ্বাস অনুশীলন ও নখের যত্ন

ভারী কম্বল মানসিক চাপ কমাতে সাহায্য করে। আরামদায়ক ওজনের কম্বল গায়ে দিয়ে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা যায়।

তবে গরমের সময়ে হলে ঘরের এসি চালু করে ঠাণ্ডা করে নিতে হবে। এই সময়ে কিউটিকল অয়েল ব্যবহার করে নখের যত্ন নেওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

ব্রিজেট মুলার রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, “দৈনন্দিন জীবনে চাপ এত বেশি যে, আলাদা সময় বের করে নিজের যত্ন নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে একসঙ্গে কয়েকটি কাজ করার মাধ্যমে আমরা সময় বাঁচাতে পারি, আবার শারীরিক ও মানসিক সুস্থতাও বজায় রাখতে পারি।”

যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদ্ধতি বিশেষ করে ব্যস্ত ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে।

তবে অতিরিক্ত কার্যক্রম চাপ সৃষ্টি করলে উল্টো ফল হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই নিজের সামর্থ্য এবং সময় অনুযায়ী ‘স্ট্যাক’ তৈরি করাই ভালো।

আরও পড়ুন

ব্যায়াম ছাড়াও স্বাস্থ্যবান থাকার পন্থা

সারা দিন সক্রিয় থাকার সহজ উপায়

আলসেমি করেও সুস্থ-সবল থাকার পন্থা