২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রূপচর্চার সামগ্রী গুছিয়ে রাখার পন্থা

প্রথমে বাড়তি অকার্যকর পণ্য বাতিল করতে হবে।

রূপচর্চার সামগ্রী গুছিয়ে রাখার পন্থা
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 07:11 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

নানান ধরনের প্রসাধনীতে ভরপুর থাকা ড্রয়ার দেখতে অগোছালো লাগে। লোশনের বোতল, মেইকআপ বক্স বা নখ কাটার যন্ত্র- সবমিলিয়ে যেন একটা জগাখিচুড়ি অবস্থা।

শুধু ড্রয়ার নয়, ড্রেসিং টেবিলের তাকগুলোও ভরে যায় অব্যবর্হত প্রসাধনীতে।

এতসব জিনিস বাতিলের খাতায় ফেলে রূপচর্চার প্রয়োজনীয় সামগ্রীগুলো হাতের কাছে রাখতে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যায়।

প্রথম ধাপ: সব কিছু বের করা

যে কোনো কিছু গোছানোর প্রথম পদক্ষেপ হল সব কিছু চোখের সামনে নিয়ে আসা।

“কোনগুলো বাতিল করবেন সেটা বুঝতে ড্রয়ার, তাক বা বাক্স থেকে সব ধরনের প্রসাধনী নামিয়ে চোখের সামনে রাখুন। কারণ কোথায় কোন ছোট প্রসাধনী পড়ে আছে- সেটা হয়ত মনেও নেই”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের ‘নিট মেথড’য়ের পেশাদার সমন্বয়ক মারিসা হ্যাগমেয়ার।

দ্বিতীয় ধাপ: অব্যবহৃত আর মেয়াদোত্তীর্ণ সামগ্রী আলাদা করা

সামনে থাকা সব পণ্য থেকে এবার বাছাই করা শুরু করতে হবে।

হ্যাগমেয়ার বলেন, “মেয়াদ শেষ হয়ে গেছে এরকম পণ্য একেবারেই রাখা যাবে না। ব্যবহার করা হয়েছে শুধু সেগুলো নয়, ব্যবহার করা হয়নি এরকম মেয়াদোত্তীর্ণ প্রসাধনীও রাখা যাবে না।”

অনেক সময় মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না, থাকে যেদিন থেকে খোলা হয়েছে সেদিন থেকে পরের কোন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে সেটার তথ্য।

“তবে অব্যবহৃত পণ্যের ক্ষেত্রে তিন মাস ব্যবহার করা হয়নি এমন প্রসধানী বাতিল করা হবে বুদ্ধিমানের কাজ। এগুলো জমিয়ে রেখে লাভ নেই। খোলা না হলেও কার্যকারিতা হারিয়ে গেছে এরই মধ্যে”- একই প্রতিবেদনে মন্তব্য করেন ‘নিট মেথড’য়ের সহ-প্রতিষ্ঠাতা অ্যাশলি মার্ফি।

মনে রাখতে হবে যতই দামি হোক, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জমিয়ে রাখা শুধু জায়গাই দখল করে না, ত্বকেরও ক্ষতি করে।

তৃতীয় ধাপ: ধরন ধরে আলাদা করা

বাতিল করার পর এবার একই ধরনের প্রসাধনী একসাথে করতে হবে।

সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে ব্যক্তি পছন্দ নির্ভর করে। তবে এই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় ভালো।

যেমন- প্রতিদিনের প্রসাধনী একসাথে রাখা। লোশনগুলো আলাদা করা। আইশ্যাডো’র বাক্সটা অন্য জায়গায় রাখা।

এছাড়া অনুষ্ঠানে বা বিশেষ দিনের সজ্জায় যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো আলাদা স্থানে রাখার পরামর্শ দেন, মার্ফি।

চতুর্থ ধাপ: এবার গুছিয়ে রাখার পালা

ধরন বুঝে আলাদা করার পর এবার গুছিয়ে রাখার পালা।

হ্যাগমেয়ার বলেন, “ট্রানটেবিলস’য়ে দৈনিক ব্যবহারযোগ্য পণ্য রাখা উপকারী। এতে জায়গাও কম লাগে। এছাড়া ছোট ব্যাগ ব্যবহার করে নানান ধরনের প্রসাধনী ঝুলিয়ে রাখা যেতে পারে। পন্থা এমন হতে হবে যাতে জায়গা কম লাগে।”

এছাড়া ঘরে বেশি প্রসাধনী যাতে না জমে সেদিকেও খেয়াল রাখা দরকর।

যে কারণে কোনো পণ্য শেষ হলে তবেই আরেকটা কেনার পরামর্শ দেন- মার্ফি। এতে আর্থিক অপচয়ও কমবে।

আরও পড়ুন

গোছানো থাকতে প্রতিদিন যা করতে হবে

চটজলদি ঘর গোছাতে

আলমারি গোছানোর ভুলগুলো