০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিছানার নিচে যেসব জিনিস রাখা একেবারেই ঠিক না

খাটের তলায় হয়ত ভূত নেই। তবে জিনিসে ঠাঁসা বিছানার তলা মোটেও স্বাস্থ্যকর নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ঘরে এমন কিছু জায়গা থাকে যেগুলোকে অনায়াসেই ‘স্টোরেজ স্পট’ ভেবে নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ জায়গাটি হল খাটের নিচে।

চোখে না পড়লেও এখানে নানান জিনিসপত্র রেখে যেন আমরা স্বস্তি পাই। শীতের পোশাক, পুরানো খেলনা, খালি বাক্স কিংবা নানান রকম ফাইল— সবই যেন জায়গা করে নেয় এই লুকানো জায়গায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিছানার নিচে সবকিছু রাখা মোটেও নিরাপদ নয়। বরং এতে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের, জিনিসের স্থায়িত্বের, এমনকি মানসিক শান্তিরও।

কাগজপত্র ও কার্ডবোর্ড

মনে করা হয়- বই, ফাইল বা পুরনো ছবি সাময়িকভাবে বিছানার নিচে রাখলে ক্ষতি নেই।

তবে সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগের প্রধান রিনাত ফৌজিয়া-এর মতে, এটি বড় ভুল।

কারণ কাগজ ও কার্ডবোর্ড অনেক পোকামাকড়ের খাবার হিসেবে কাজ করে। কারণ তেলাপোকা বা মথ কাগজ খেয়ে বংশবিস্তার করে। ফলে গুরুত্বপূর্ণ নথি বা পুরানো ছবিগুলো নষ্ট হয়ে যেতে পারে।

কাপড় ও বিছানার চাদর

শীতের কম্বল, অতিরিক্ত বালিশ বা পুরনো কাপড় অনেকেই বিছানার নিচে গুছিয়ে রাখেন।

তবে এই বিশেষজ্ঞ সতর্ক করেছেন— এতে ধুলা-ময়লা জমে যায় এবং কাপড়ের ভেতরে ধুলাবালি সহজেই ঢুকে পড়ে।

যারা হাঁপানি বা এলার্জিতে ভোগেন, তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।

তাই রিনাত ফৌজিয়া পরামর্শ দেন, “যদি রাখতেই হয় তবে অবশ্যই ‘এয়ারটাইট কন্টেইনার’ ব্যবহার করতে হবে।"

চামড়ার জিনিস

চামড়ার জুতা বা ব্যাগ বিছানার নিচে রাখলে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।

ধুলা চামড়ার জিনিস শুকিয়ে দেয়, ফলে ফেটে যায় এবং রং পরিবর্তন হয়। বিশেষ করে বাংলাদেশের আর্দ্র পরিবেশে এগুলো আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

তাই চামড়ার জিনিস সবসময় বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত।

ভারী বা অস্বস্তিকর জিনিস

বিছানার নিচ থেকে ভারী জিনিস বের করা সহজ নয়। এতে পিঠে টান লাগতে পারে বা আঘাত পাওয়ার ঝুঁকি বাড়ে। একইসঙ্গে জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হতে পারে।

রিনাত ফৌজিয়া, এ ধরনের অস্বস্তিকর জিনিস বিছানার নিচে না রাখার পরামর্শ দিয়েছেন।

খাবার

এটি শুনে অনেকেই অবাক হবেন। তবে অনেক পরিবার বিছানার নিচে শুকনো খাবারের বাক্স রাখে। তবে এতে ইঁদুর ও তেলাপোকা খুব সহজেই খাবারের বাক্স কেটে ফেলে।

শুধু তাই নয়, খাবার ধুলা ও ব্যাক্টেরিয়াতে দূষিত হয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই খাবার কখনও বিছানার নিচে রাখা উচিত না।

বৈদ্যুতিক সামগ্রী

পুরানো মোবাইল ফোন, চার্জার, ডিভিডি প্লেয়ার বা অন্য বৈদ্যুতিক সামগ্রী অনেক সময় বিছানার নিচে জমিয়ে রাখা হয়। তবে ধুলা বৈদ্যুতিক যন্ত্রের জন্য ক্ষতিকর।

আর যেসব জিনিসে ব্যাটারি থাকে, সেগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে।

ধুলা ও আর্দ্রতার কারণে বৈদ্যুতিক সামগ্রীতে শর্ট সার্কিট হতে পারে। তাই এগুলো কখনও বিছানার নিচে রাখা উচিত নয়।

মানসিক কষ্টের স্মৃতি

বিছানার নিচে কখনও সম্পর্কের স্মৃতি, পুরানো চিঠি বা এমন পোশাক রাখা ঠিক না যেগুলো দেখে কষ্ট হয়।

কারণ প্রতিদিন অজান্তেই সেই স্মৃতির ওপর ঘুমাবেন, যা মানসিক শান্তি নষ্ট করবে। ঘুম মানে শুধু শরীরের বিশ্রাম নয়, মনের শান্তিও জরুরি।

তাই পুরানো স্মৃতির ভার বিছানার নিচে জমিয়ে রাখা উচিত নয়।

একেবারেই কিছু না রাখা

রিনাত ফৌজিয়া বলছেন, “সঠিক পরামর্শ হল বিছানার নিচে কিছুই না রাখা। এটি জিনিসপত্র জমে থাকার ভাগার হয়ে যায়। একবার সেখানে রাখলে বেশির ভাগ মানুষই আর মনে রাখে না কী রেখেছিল।”

তার মতে, "যদি রাখতেই হয় তবে নিয়মিত ব্যবহার্য জিনিস রাখতে হবে এবং অবশ্যই পরিষ্কার ও স্বচ্ছ বাক্স ব্যবহার করতে হবে।"

আরও পড়ুন

তোয়ালে দ্রুত নষ্ট হওয়ার যত কারণ

যেসব জিনিস ফেলে দেওয়া উচিত

ঘরের যেসব সামগ্রীতে ধুলা জমে বেশি

শোবার ঘরে যেসব জিনিস একেবারে না হলেই নয়