Published : 07 Jun 2026, 04:24 PM
দিনের ক্লান্তি দূর করতে বা মানসিক প্রশান্তির জন্য দীর্ঘ সময় ধরে গোসল করতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে কুসুম গরম পানিতে গোসল স্বস্তিদায়ক অনুভূতি দেয়।
অনেক সময় আরামদায়ক গোসল ছোট ব্যক্তিগত অবকাশ হয়ে ওঠে। তবে দীর্ঘ সময় ধরে গোসল করা কি ত্বকের জন্যও ক্ষতিকর?
বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত সময় পানির সংস্পর্শে থাকলে অনেক সময় ত্বকের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ত্বক সুস্থ রাখতে গোসলের সময়, পানির তাপমাত্রা এবং গোসলের পরের যত্ন সবকিছুই গুরুত্বপূর্ণ।
ত্বকের জন্য আদর্শ গোসল কতক্ষণ?
যুক্তরাষ্ট্রভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোনা গোহারা রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অনেকেই আরামের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সময় গোসল করেন। অথচ ত্বকের জন্য সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের গোসলই যথেষ্ট।”
এই চর্মরোগ বিশেষজ্ঞ আরও বলেন, “দীর্ঘ সময় গরম পানির নিচে দাঁড়িয়ে থাকলে ত্বকের বাইরের সুরক্ষামূলক স্তর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই স্তর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হলে ত্বক সহজেই শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে উঠতে পারে।”
অনেকেই গোসলকে বিশ্রামের অংশ হিসেবে দেখেন। তবে ত্বকের দিক থেকে, অতিরিক্ত সময় পানি সংস্পর্শে থাকা সব সময় ভালো নয়।
দীর্ঘ সময় গোসল করলে যা ঘটে
গোসলের সময় পানি সাময়িকভাবে আর্দ্র মনে করালেও, বাস্তবে দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকলে ত্বকে উল্টো প্রভাব ফেলতে পারে।
গরম পানি এবং দীর্ঘক্ষণ গোসল ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে নিয়ে যায়। এই তেল ত্বককে কোমল ও সুরক্ষিত রাখতে প্রয়োজন। আর যখন এই প্রাকৃতিক তেলের পরিমাণ কমে যায়, তখন ত্বক থেকে দ্রুত আর্দ্রতা হারাতে শুরু করে।
ফলে গোসলের পর ত্বকে টানটান ভাব, চুলকানি বা অস্বস্তি হতে পারে।
ডা. মোনা বলেন, “গোসলের পরপরই যদি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন অনুভব হয়, সেক্ষেত্রে এটি ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার লক্ষণ হিসেবে ধরতে হবে।”
শুষ্ক ত্বক, একজিমা বা অ্যালার্জির সমস্যা যাদের আছে, তাদের জন্য দীর্ঘ সময় গোসল বেশি সমস্যার কারণ হয়।
গরম পানি কতটা নিরাপদ?
অনেকের ধারণা, গরম পানিতে ভালো পরিষ্কার হয়। তবে চর্মরোগ বিশেষজ্ঞরা এই ধারণার সঙ্গে একমত নন।
ডা. মোনার মতে, “হালকা গরম পানি ব্যবহার করা ত্বকের জন্য বেশি উপযোগী। অতিরিক্ত গরম পানি ত্বকের স্বাভাবিক তেল দ্রুত সরিয়ে দেয় এবং ত্বককে শুষ্ক করে তোলে।”
এক্ষেত্রে একটি সহজ নির্দেশনা হল, গোসলের পর যদি পুরো বাথরুমের আয়না ঘন বাষ্পে ঢেকে যায়, তাহলে পানির তাপমাত্রা সম্ভবত প্রয়োজনের চেয়ে বেশিই ছিল।
গোসলের সঠিক ধাপও গুরুত্বপূর্ণ
শুধু কতক্ষণ গোসল করছেন তা নয়, কীভাবে গোসল করছেন সেটিও ত্বকের ওপর প্রভাব ফেলে।
এই বিশেষজ্ঞের মতে, “প্রথমে চুল পরিষ্কার করা, এরপর শরীর এবং সবশেষে মুখ ধোয়া ভালো অভ্যাস। কারণ চুলের পরিচর্যার বিভিন্ন উপাদান অনেক সময় মুখের ত্বকে থেকে গিয়ে ব্রণ বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।”
গোসল শেষে জোরে ঘষে শরীর মোছার পরিবর্তে, নরম তোয়ালে দিয়ে আলতোভাবে পানি শুষে নেওয়া উচিত। এতে ত্বকের ওপর অপ্রয়োজনীয় ঘর্ষণ কম হয়।
গোসলের পরের কয়েক মিনিট বেশি গুরুত্বপূর্ণ
অনেকেই গোসলের পর কিছুক্ষণ অপেক্ষা করে ত্বকের যত্ন নেন, যা ঠিক না।
গোসল শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। কারণ তখনও ত্বক কিছুটা ভেজা থাকে, যা ময়েশ্চারাইজার আটকে রাখতে সাহায্য করে।
নিয়মিত ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় থাকলে বরং গোসলের পরপরই ত্বকের যত্ন নেওয়া উচিত।
দীর্ঘ গোসল কি একেবারেই বন্ধ?
ত্বক বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে দীর্ঘ সময় গোসল করা যেতে পারে। এটি পুরোপুরি নিষিদ্ধ বা বন্ধ নয়। বরং অনেক সময় উষ্ণ ও আর্দ্র পরিবেশ মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
ডা. মোনা বলেন, “গোসলের সময় তৈরি হওয়া আর্দ্রতা, ত্বকের জন্য কিছুটা উপকারীও হতে পারে। পাশাপাশি নিজের জন্য কিছুটা সময় পাওয়া মানসিক স্বস্তি দেয়।”
তবে তিনি পরামর্শ দেন, “দীর্ঘ সময় বাথরুমে থাকলেও, পুরো সময় পানির নিচে দাঁড়িয়ে না থাকার চেষ্টা করতে। অর্থাৎ কিছু সময় বাষ্পময় পরিবেশে থাকা যেতে পারে। ক্রমাগত পানির প্রবাহে ত্বক ভিজিয়ে রাখা উচিত নয়।”
আঙুলই দিতে পারে সংকেত
গোসল কখন থামানো উচিত এটা বোঝার সহজ উপায় হল, গোসলের সময় আঙুলের দিকে খেয়াল রাখা।
যখন আঙুলের ত্বক কুঁচকে যেতে শুরু করে, তখন সেটি ইঙ্গিত দেয় যে ত্বক যথেষ্ট সময় পানির সংস্পর্শে ছিল। অর্থাৎ গোসল শেষ করার সময় হয়ে এসেছে।
আরও পড়ুন
দেহের যেসব স্থান গোসলে কম মনোযোগ পায়