১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ভুক্তভোগী শিশুটির পরিবারের মামলার পর ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 12:30 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চট্টগ্রামের সন্দ্বীপে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আল আমিন (২৮) এর বাড়ি সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে। তিনি ওই উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় শনিবার রাতে মামলা করে ভুক্তভোগী শিশুটির পরিবার। পরে রোববার সকালে ওই মাদ্রাসা থেকে পুলিশ শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, ১১ বছর বয়সি ওই ছেলে শিশুটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। কোরবানি ঈদে মাদ্রাসা ১২ দিন বন্ধ ছিল। ছুটি শেষে শিশুটির মা তাকে মাদ্রাসায় যেতে বললে সে অনীহা প্রকাশ করে।

 “পরে শিশুটিকে তার মা মাদ্রাসায় ফিরে যেতে চাপ দিলে সে বলে, গত ৮ মে বিকেলে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে ওই শিক্ষক।” 

এর আগেও ওই শিক্ষক শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়। 

ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও মেডিকেল পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তথ্য দেন ওসি সুজন হালদার।