Published : 23 May 2026, 01:13 PM
কেউ আগে থেকেই পশু বা ছাগল কিনে আনেন, কেউ আবার শেষ সময়ে। তবে কেনার পর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল, পশু রাখার জায়গা ঠিকভাবে প্রস্তুত করা।
কারণ, অপরিচ্ছন্ন বা অস্বাস্থ্যকর পরিবেশ শুধু পশুর জন্য ক্ষতিকর নয়, পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে।
পশু বেপারি আলাউল বাতিন নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “পশু বা ছাগল সুস্থ রাখতে হলে তার থাকার স্থান হতে হবে শুকনো, পরিষ্কার, বাতাস চলাচল উপযোগী এবং নিরাপদ। অনেক সময় ভুল থেকেই পশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি।”
শুকনো ও উঁচু জায়গা বেছে নেওয়া
পশু রাখার জন্য এমন জায়গা নির্বাচন করা উচিত, যেখানে পানি জমে না। নিচু বা কাদাযুক্ত স্থানে পশু রাখলে পায়ের ক্ষত, জীবাণু সংক্রমণ বা দুর্গন্ধ হতে পারে।
অর্থাৎ পশুর থাকার স্থান অবশ্যই শুকনো ও সামান্য উঁচু হওয়া দরকার। এতে মলমূত্র বা বৃষ্টির পানি জমে থাকে না এবং জীবাণু ছড়ানোর ঝুঁকিও কমে।
এই পশু বেপারি আরও বলেন, “প্রয়োজনে মেঝেতে ইটের খোয়া, বালি বা শুকনো খড় ব্যবহার করলে জায়গা তুলনামূলক আরামদায়ক থাকে।”
বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে
অনেকেই পশুকে রোদ বা বৃষ্টি থেকে বাঁচাতে পুরোপুরি বন্ধ জায়গায় রাখেন। তবে এতে গরম ও ভ্যাপসা পরিবেশ তৈরি হয়, যা পশুর জন্য অস্বস্তিকর।
পশুর থাকার স্থানে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের সুযোগ থাকতে হবে। কারণ গুমোট পরিবেশে জীবাণু দ্রুত ছড়ায় এবং পশুর শ্বাসকষ্টও হতে পারে।
এছাড়া পশুর ঘরে যেন সরাসরি বাতাস ঢুকতে পারে। তবে অতিরিক্ত গরম বা বৃষ্টির পানি যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হয়।
নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন
পশুর থাকার স্থান প্রতিদিন পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে মলমূত্র জমে থাকলে দুর্গন্ধের পাশাপাশি মাছি-মশা উপদ্রব বাড়ার পাশাপাশি ও জীবাণু ছড়ানোর সম্ভাবনা বাড়ে।
সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসানের পরামর্শ অনুযায়ী, “দিনে অন্তত দুবার পশুর স্থান পরিষ্কার করা উচিত। মলমূত্র দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং প্রয়োজনে জীবাণুনাশক পানি ব্যবহার করা যেতে পারে।”
অনেকেই শুধু পশুর দাঁড়ানোর জায়গা পরিষ্কার করেন। তবে মেঝের কোণ বা পানির পাত্র অপরিষ্কার থেকে যায়। এসব জায়গায় জীবাণু জন্মানোর সম্ভাবনা থাকে বেশি।
তাই পুরো স্থান ভালোভাবে ধোয়া ও শুকনো রাখাকে প্রাধান্য দিতে হবে।
খাবার ও পানির পাত্র পরিষ্কার রাখা
পশুর খাবার বা পানির পাত্র নোংরা থাকলে খুব সহজেই সংক্রমণ ছড়াতে পারে। তাই প্রতিদিন পাত্র ধুয়ে পরিষ্কার পানি দিতে হবে।
আলাউল বাতিন বলেন, “বাসি খাবার বা পচা ঘাস পশুকে দেওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা হতে পারে। একই সঙ্গে পানির পাত্রে যেন ময়লা বা শেওলা না জমে সেদিকেও নজর রাখতে হবে।”
মশা-মাছি নিয়ন্ত্রণ জরুরি
“পশুর আশপাশে মাছি-মশা বেশি হলে, রোগ ছড়ানোরও কারণ হতে পারে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা বাড়ে বলেন”, চিকিৎসক কামরুল হাসান।
পশুর থাকার জায়গা শুকনো রাখলে মাছি-মশা অনেকটাই কমে যায়। এছাড়া আশপাশে আবর্জনা বা জমে থাকা পানি রাখা যাবে না। এতে ডেঙ্গু মশা হওয়ারও সম্ভাবনা থাকে।
পশুকে আরামদায়কভাবে বাঁধতে হবে
অনেক সময় খুব ছোট জায়গায় বা শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়, যা পশুর জন্য কষ্টকর হতে পারে। এতে পশু আহত হওয়ার ঝুঁকিও থাকে।
“পশুকে এমনভাবে বাঁধতে হবে যেন সে সহজে দাঁড়াতে, বসতে ও নড়াচড়া করতে পারে। রশি খুব ছোট বা ধারালো হলে গলায় বা পায়ে ক্ষত হতে পারে”, বলেন আলাউল বাতি।
তিনি আরও বলেন, “রাতে পশু ভয় পেতে পারে এমন শব্দ বা অতিরিক্ত আলো থেকেও দূরে রাখা ভালো।”
দুর্গন্ধ কমানোর উপায়
পশুর থাকার স্থানে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। তবে নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখলে এটি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্ট্রোপ্রেনারশিপ বিভাগের প্রধান রিনাত ফৌজিয়া পরামর্শ দেন, “চুন বা শুকনো মাটি ছিটিয়ে দিলে দুর্গন্ধ কমে এবং জীবাণুও কম জন্মায়। পাশাপাশি মলমূত্র দ্রুত সরিয়ে ফেলতে হবে।”
পরিবারের স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ
“পশুর যত্ন নেওয়ার সময় পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে। বিশেষ করে পশুর মলমূত্র বা নোংরা পানির সংস্পর্শে শিশুদের যেতে না দেওয়াই ভালো”, বলেন ডা. কামরুল।
তিনি আরও পরামর্শ দেন, “পশুর খাবার দেওয়া বা পরিষ্কার করার পর ভালোভাবে হাত ধুতে হবে। প্রয়োজনে আলাদা স্যান্ডেল বা গ্লাভস ব্যবহার করা উচিত।”
ঈদের পর দ্রুত পরিষ্কার করা দরকার
কোরবানির পর পশু রাখার স্থান যত দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে। না হলে দুর্গন্ধ ও জীবাণুর সমস্যা বাড়বে।
এই চিকিৎসক বলেন, “কোরবানির পরপরই জায়গাটি ভালোভাবে ধুয়ে জীবাণুনাশক ব্যবহার করা উচিত। এতে পরিবেশ পরিষ্কার থাকবে এবং রোগ ছড়ানোর আশঙ্কাও কমবে।”
আরও পড়ুন
কোরবানির পর রান্নাঘর হোক জীবাণুমুক্ত
ট্রলি ব্যাগে শৌচাগারের চাইতেও বেশি জীবাণু থাকতে পারে