শিশুর অনলাইন ক্লাস হলে যে দিকগুলোতে নজর রাখবেন
অনলাইন ক্লাস ঠিক মতো করার জন্য পরিবেশ নিশ্চিত করা জরুরি।
দেশের বড় শহরগুলোতে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ‘ব্লেন্ডেড (অফলাইন-অনলাইন মিশ্র) ক্লাস’ চালুর আলোচনা চলছে।
করোনা ভাইরাস মহামারির সময় দীর্ঘদিন অনলাইন ক্লাস চালু থাকায় শিশুদের শেখা, আচরণ ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়েছিল।
তাই আবার অনলাইন ক্লাস শুরু হলে শুধু ডিভাইস ও ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে না। শিশুর শেখার ধারাবাহিকতা, মানসিক অবস্থা, শারীরিক সক্রিয়তা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের দিকে বাড়তি নজর রাখতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “অনলাইন ক্লাসে শিশুর মনোযোগ ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাসায় থাকলেও শিশুকে স্কুলের মতো পরিবেশ ও রুটিন দিতে হবে। না হলে শেখার ঘাটতি তৈরি হবে এবং মানসিক চাপ বাড়বে।”
তিনি আরও বলেন, “অনলাইন ক্লাস হলে শুধু প্রযুক্তি নয়, পরিবেশ ও অভ্যাস— দুটাই গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে অনলাইন ক্লাসকে শিশুর জন্য কার্যকর ও আনন্দময় করে তুলতে। একটু সময় ও মনোযোগ দিলে শিশুর শেখা, মানসিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশ সবই সুরক্ষিত থাকবে।”
শেখার ধারাবাহিকতা ঠিক আছে কি-না?
অনলাইন ক্লাসে শিশু উপস্থিত থাকলেও তার মনোযোগ কতটা আছে, তা খেয়াল করতে হবে।
ক্লাস চলাকালীন সে ঠিকমতো বুঝছে কি-না, শিক্ষকের দেওয়া কাজ সময়-মতো করছে কি-না, আগের মতো শেখার অগ্রগতি হচ্ছে কি-না— এসব নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
প্রয়োজনে কিছু সময় পাশে বসে সহায়তা করা যেতে পারে। শিশুর সঙ্গে ক্লাস শেষে কথা বলুন— আজ কী শিখলে? কোন বিষয়টা মজার লাগলো? এতে তার আগ্রহ বাড়বে।
স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখা
অনলাইন ক্লাস মানেই দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা। এর সঙ্গে যুক্ত হয় গেইমস, ইউটিউব বা ফেইসবুক ইন্সটাগ্রাম ব্যবহার। ফলে শিশুর চোখের সমস্যা, মাথাব্যথা বা ঘুমের ব্যাঘাত হতে পারে।
“ক্লাসের সময়ের বাইরে স্ক্রিন ব্যবহার সীমিত করতে হবে। প্রতি ৪০-৪৫ মিনিট পর ১০ মিনিট বিরতি দিন। চোখের বিশ্রাম নিশ্চিত করুন”- বলেন ডা. দিনা।
মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন
দীর্ঘ সময় ঘরে থাকা ও বন্ধুদের সঙ্গে সরাসরি মেলামেশার অভাবে শিশুর মধ্যে একাকিত্ব, বিরক্তি বা মানসিক চাপ তৈরি হতে পারে। আচরণে হঠাৎ পরিবর্তন দেখলে সতর্ক হতে হবে।
অতিরিক্ত চুপচাপ হয়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, খাবারে অরুচি বা ঘুমের সমস্যা দেখা দিলে বিষয়টি গুরুত্ব সহকারে নিন। শিশুর সঙ্গে খোলামেলা কথা বলার পাশাপাশি তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে।
শারীরিক কার্যক্রম নিশ্চিত করা
অনলাইন ক্লাসের সময় শিশুরা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকে। ফলে শারীরিক নড়াচড়া কমে যায় এবং স্থূলতা বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ে।
প্রতিদিন অন্তত ৩০-৪৫ মিনিট খেলাধুলা বা হাঁটাহাঁটির ব্যবস্থা করতে হবে। ক্লাসের মাঝে ছোট ছোট বিরতিতে উঠে হাঁটতে বলা যেতে পারে।
প্রযুক্তি ব্যবহারে সতর্কতা
শিশুদের মধ্যে সবাই প্রযুক্তি ব্যবহারে সমান দক্ষ নয়। আবার অনলাইন প্ল্যাটফর্মে নানান ঝুঁকিও থাকে।
কোন অ্যাপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করছে তা নজরে রাখতে হবে। অপরিচিত লিংক বা কনটেন্টে না যেতে শেখাতে হবে। প্রয়োজনে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ব্যবহার করা উপকারী হবে।
ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ
অনলাইন ক্লাস কার্যকর করতে ঘরের পরিবেশও জরুরি। শান্ত, আলো-বাতাসপূর্ণ ও নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করা উপকারী।
ক্লাসের সময় টিভি বা মনোযোগ ঘুরিয়ে দেয়- এমন বিষয়গুলো দূরে রাখতে হবে।
শিক্ষক ও স্কুলের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন
অনলাইন ক্লাসে শিশুর অগ্রগতি বুঝতে শিক্ষক-অভিভাবকের যোগাযোগ আরও জরুরি। নিয়মিত ফলাফল জানার চেষ্টা করতে হবে। কোনো সমস্যা দেখলে দ্রুত জানিয়ে সমাধান করার ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
