২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষাকালে শিশুর সুরক্ষা

যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও ভালোভাবে গড়েনি, তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 01:42 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

বৃষ্টির ছন্দ যেমন মনে আনন্দ দেয়, তেমনি এই সময়ে সাবধান না থাকলে অসুস্থ হওয়ার ঝুঁকিও বাড়ে।

বর্ষা মৌসুমে নানান ধরনের সংক্রমণ, অ্যালার্জি এবং ঋতুজনিত অসুস্থতা দেখা দিতে পারে। বিশেষ করে সেইসব শিশুদের ক্ষেত্রে, যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখনও তেমনভাবে গড়ে ওঠেনি।

ঘন ঘন সর্দি, কাশি, পেটের সমস্যা এবং এমনকি ত্বকের সংক্রমণ নিয়েও বাবা-মায়েরা সারাক্ষণ চিন্তিত থাকে।

তবে সঠিক খাদ্যাভ্যাস, সাধারণ পরিচ্ছন্নতা এবং শিশুদের যা কিছু খেতে দেওয়া হয় সে বিষয়ে যত্নবান হলে, তারা একটি নিরাপদ ও স্বাস্থ্যকর বর্ষাকাল কাটাতে পারে।

বর্ষাকাল যে কারণে শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ

  • প্রাপ্তবয়স্কদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল।
  • ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহিত সংক্রমণের ঝুঁকি।
  • মশাবাহিত রোগ, যেমন: ডেঙ্গু ও ম্যালেরিয়া।
  • হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি, ফ্লু এবং ব্রঙ্কাইটিসের মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ ।
  • স্যাঁতসেঁতে কাপড় বা নোংরা পানির কারণে সৃষ্ট ত্বকের সংক্রমণ। যে কারণে এই মৌসুমে শিশুদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন।

বর্ষাকালে শিশুদের খাদ্যাভ্যাস সংক্রান্ত পরামর্শ

স্বাস্থ্যকর খাবার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আর ঋতুজনিত অসুস্থতা থেকে দূরে রাখতে পারে।

ফল খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান

শিশুকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ ফল, যেমন: কমলা, পেয়ারা, পেঁপে এবং ডালিম খেতে দিন, যা নানান ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে এবং শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে।

বিক্রেতার কাছ থেকে কাটা ফল খাওয়ানো যাবে না; বাইরের পরিবেশে থাকার কারণে সেগুলো দূষিত হতে পারে।

গরম, সদ্য রান্না করা খাবার পরিবেশন

পুরো বর্ষাকালে রাস্তার ধারের বা কাঁচা খাবার এড়িয়ে চলতে হবে। শুধুমাত্র বাড়ির তাজা, গরম রান্না করা খাবার খাওয়া ‍উপকারী। সুপ, ডাল এবং খিচুড়ি সবসময়ই দারুণ।

শিশুর শরীরে পানির পরিমাণ ঠিক রাখা

তাপমাত্রার কথা বিবেচনা করতে হবে। শিশুদের ক্ষেত্রে সাধারণ বিষয় হল, তারা তৃষ্ণা পেলে অনুভব নাও করতে পারে। আর শরীরকে সতেজ ও সুস্থ রাখতে শিশুদের প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়।

প্রয়োজন অনুযায়ী ফুটিয়ে ঠান্ডা করা পানীয়, পানি অথবা গরম মসলাযুক্ত খাবার, যেমন স্যুপ বা স্টু দেওয়া যেতে পারে।

ঠান্ডা পানীয় দেওয়া যাবে না

সব ধরনের ঠান্ডা পানীয়, আইসক্রিম এবং ‘জাঙ্ক ফুড’ শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো গরমে তাদের গলা ব্যথা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

এর পরিবর্তে শিশুদের স্বাস্থ্যকর ফলের বাটি ও ভাজা বাদামের মতো হালকা নাস্তা দেওয়া উপকারী। এছাড়া অপরিশোধিত খাবার হিসেবে সেদ্ধ ভুট্টাও দিতে পারেন।

শিশুদের খাবারে মসলা যোগ করা

খাবার বা দুধের সঙ্গে হলুদ, আদা, রসুন ও গোলমরিচের মতো মসলা যোগ করলে, শরীরে বিপাক হওয়ার পর তা হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

বর্ষাকালে শিশুদের জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ  

ভালো স্বাস্থ্যবিধি সংক্রমণের ঝুঁকি কমায়। অভিভাবকরা যেভাবে এটি নিশ্চিত করতে পারেন, তা এখানে দেওয়া হল।

পোশাক শুকনো ও সতেজ রাখা: শিশুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে, তাকে ভেজা কাপড়ে রাখা যে কোনো মূল্যে পরিহার করা উচিত। বৃষ্টিতে খেলার পরপরই তাদের কাপড় খুলে, পরার জন্য শুকনো ও পরিষ্কার কাপড় দিতে হবে।

হাত ধুতে উৎসাহিত করা: খাওয়ার আগে ও খেলার পরে শিশুদের সাবান দিয়ে হাত ধুতে উৎসাহিত করা জরুরি। এই অভ্যাস বজায় রাখা সহজ। ফলে পেটের সংক্রমণ এড়াতে পারে।

পা নোংরা পানি থেকে শুকনো রাখা: বৃষ্টির পানিতে জীবাণু থাকাই স্বাভাবিক। তাই শিশুদের ডোবা বা জমে থাকা পানিতে খালি পায়ে হাঁটা উচিত নয় এবং এমন উপযুক্ত জুতো পরা উচিত যা দ্রুত শুকিয়ে যায়।

নখ ও চুলের পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দেওয়া: ময়লা ও জীবাণু এড়াতে শিশুদের নখ নিয়মিত ছাঁটা প্রয়োজন। বৃষ্টিতে চুল ভিজে গেলে, ভালোভাবে পরিষ্কার করা উচিত।

মশা থেকে রক্ষা: ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সংস্পর্শ এড়াতে শিশুদের জন্য নিরাপদ মশা তাড়ানোর স্প্রে ও মশারি ব্যবহার করা জরুরি।

খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতার পাশাপাশি শিশুকে সুস্থ রাখতে আরও কিছু বিষয়ে নজর দেওয়া উপকারী।

আবহাওয়া অনুযায়ী পোশাক পরা

আর্দ্র দিনে শিশুকে হালকা সুতির পোশাক পরানো উচিত। আর আবহাওয়া ঠান্ডা থাকলে একটু মোটা কাপড় পরানো উপকারী

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা

পর্যাপ্ত বিশ্রাম পেলে শরীর সংক্রমণের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে। শিশুর জন্য নির্দিষ্ট ঘুমের রুটিন বজায় রাখার চেষ্টা করতে হবে।

ঘরের ভেতরের জায়গা পরিষ্কার ও বাতাস চলাচল

স্যাঁতসেঁতে ঘরে ছত্রাক জন্মায় এবং অ্যালার্জির সমস্যা হয়। তাজা বাতাসের জন্য জানালা খোলা রাখাতে হবে। আর ফ্যান, এসি ফিল্টার ও পর্দা নিয়মিত পরিষ্কার করা জরুরি।

টিকাদান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

শিশুকে টিকাগুলো সময়মতো দেওয়া আছে কিনা তা নিশ্চিত করার পাশাপাশি, বর্ষাকালে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করালে সংক্রমণ দ্রুত সনাক্ত করা যায়।

সতর্কতামূলক লক্ষণগুলো আগেভাগেই চিনে রাখা

শিশুর যদি তীব্র জ্বর, ক্রমাগত কাশি, ডায়রিয়া বা অস্বাভাবিক ফুসকুড়ি দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্রুত চিকিৎসা জটিলতা প্রতিরোধ করে।

লেখক: পুষ্টিবিদ লিনা আকতার, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।

আরও পড়ুন

রোগ জীবাণু ঠেকাতে বর্ষা মৌসুমে পাপোশের প্রয়োজনীয়তা

সন্তানের মিথ্যা কথা চিহ্নিত করার কৌশল

ঘরের কাজ করানোর ৩ উপায়