২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের মিষ্টান্ন ফ্রিজে রাখবেন যেভাবে

সঠিক নিয়মে মিষ্টি খাবার ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে দ্রুত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

সেমাই, ফিরনি, পায়েস, জর্দা, পুডিং আর নানান রকম মিষ্টান্নের আয়োজন ঈদের ঐতিহ্য। তবে মিষ্টি খাবার সংরক্ষণে সামান্য ভুল হলেই স্বাদ হয় নষ্ট আর ঘ্রাণে আসে পরিবর্তন।

বিশেষ করে ফ্রিজে রাখার সময় অসতর্ক হলে অন্য খাবারের গন্ধ মিশে মিষ্টি খাবারের গঠন অন্য রূপ নেয়। ঈদের মিষ্টান্ন যেহেতু বিশেষ খাবার তাই সংরক্ষণও হওয়া চাই বিশেষ।

সঠিক বিভাগ নির্বাচন করা

ফ্রিজের প্রতিটি অংশের তাপমাত্রা একরকম নয়। মিষ্টান্ন সংরক্ষণের জন্য মাঝামাঝি বা ওপরের তাক সবচেয়ে উপযোগী।

“ডিপ ফ্রিজে মিষ্টি রাখলে তা জমে যেতে পারে এবং স্বাদ ও গঠন নষ্ট হয়ে যায়। তাই খুব প্রয়োজন না হলে মিষ্টি খাবার ডিপ ফ্রিজে না রাখাই ভালো”- বলেন, বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো।

মিষ্টি ও ঝোল-ঝাল খাবার আলাদা

ফ্রিজে মিষ্টি রাখার সময় সবচেয়ে বড় ভুল হল মাংস বা ঝোল-ঝাল খাবারের পাশে মিষ্টি রাখা। এতে করে মিষ্টান্ন খুব দ্রুত অন্য খাবারের গন্ধ টেনে নেয়।

আখতারুন নাহার আলো বলেন, “সেমাই, ফিরনি, পায়েস বা রসগোল্লার মতো খাবারগুলো সবসময় ফ্রিজের আলাদা শেলফে রাখতে হবে। সম্ভব হলে ফ্রিজের ওপরের অংশে মিষ্টি রাখলে ভালো, কারণ নিচের অংশে সাধারণত মাছ-মাংস রাখা হয়।”

ভালোভাবে ঢেকে রাখার গুরুত্ব

মিষ্টি খাবারের মুখ খোলা রাখলে তা দ্রুত শুকিয়ে যায় এবং বাইরের গন্ধ ঢুকে পড়ে।

সবসময় এয়ারটাইট কনটেইনার বা বায়ুরোধী পাত্র ব্যবহার করতে হবে। যদি পাত্র না থাকে, তাহলে পরিষ্কার ফুড-গ্রেড প্লাস্টিক র‌্যাপ বা ঢাকনা দিয়ে ভালোভাবে বন্ধ করতে পরামর্শ দেন- এই পুষ্টিবিদ।

“বিশেষ করে দুধজাত মিষ্টি, যেমন- ফিরনি বা পায়েস ঢেকে না রাখলে সহজেই টক হয়ে যেতে পারে”- বলেন তিনি।

অবশিষ্ট খাবার থেকে দূরে রাখুন

ইফতার বা অন্যান্য খাবারের অবশিষ্ট অংশ ফ্রিজে রাখার সময় সেগুলো ভালোভাবে ঢেকে রাখা হলেও, মিষ্টির সঙ্গে একই জায়গায় রাখা ঠিক নয়।

“এসব খাবার থেকে গন্ধ ও ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়তে পারে, যা মিষ্টান্নের মান নষ্ট করে দেয়”- মত দেন পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

মিষ্টি এবং রান্না করা অন্যান্য খাবার আলাদা র‌্যাকে রাখতে।

ফ্রিজ পরিষ্কার রাখার নিয়ম

মিষ্টি ভালো রাখতে হলে ফ্রিজ পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিজে জমে থাকা পুরানো খাবার বা ছড়িয়ে পড়া তরল দ্রুত পরিষ্কার না করলে তা থেকে দুর্গন্ধ তৈরি হয়, যা নতুন খাবারেও ছড়িয়ে পড়ে।

সপ্তাহে অন্তত একবার ফ্রিজ মুছে পরিষ্কার করতে হবে এবং পুরানো বা নষ্ট খাবার ফেলে দিতে হবে।

সংরক্ষণের সময়কাল

সব মিষ্টি দীর্ঘদিন ভালো থাকে না।

দুধজাত মিষ্টি সাধারণত ‍দুতিন দিনের বেশি না রাখাই ভালো। শুকনা মিষ্টি কিছুটা বেশি দিন রাখা যায়, তবে সেগুলোও চার-পাঁচ দিনের মধ্যে খেয়ে ফেলা নিরাপদ।

“খাবার রাখার সময় তারিখ মনে রাখা বা কনটেইনারে লিখে রাখা একটি ভালো অভ্যাস”- বলেন এই পুষ্টিবিদ।

পরিবেশনের আগে করণীয়

ফ্রিজ থেকে মিষ্টি বের করে সরাসরি না খেয়ে কিছুক্ষণ ‘রুম টেম্পারেচা’রে রাখলে স্বাদ ভালো লাগে।

বিশেষ করে সেমাই বা ফিরনি ঠাণ্ডা অবস্থায় জমাট বাঁধতে পারে, তাই পরিবেশনের আগে হালকা নেড়ে নেওয়া ভালো।

অতিরিক্ত কিছু টিপস

ফ্রিজ বেশি ভরে ফেলা যাবে না, এতে বাতাস চলাচল কমে যায় এবং খাবার দ্রুত নষ্ট হতে পারে।

মিষ্টি-ধর্মী খাবার গরম অবস্থায় সরাসরি ফ্রিজে একেবারেই রাখা যাবে না, আগে কিছুটা ঠাণ্ডা করে নিতে হবে।

ফ্রিজে বেকিং সোডা বা লেবুর টুকরা রাখলে দুর্গন্ধ কমে, ফলে মিষ্টির স্বাদও ভালো থাকে।

আরও পড়ুন

ভারী খাবারের পর সুস্থ থাকতে যা খাবেন

খাবার দীর্ঘস্থায়ী করার উপায়

ফ্রিজ পরিষ্কার রাখার সরল নিয়ম