২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে ঘরে রাখতে পারেন সৌভাগ্যের গাছ

ভাগ্যের চাকা যে দিকেই ঘুরুক অন্তত ঘরে পাওয়া যাবে সবুজের ছোঁয়া।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ইতিবাচক শক্তির ভাবনা থেকেই শুরু হয় নতুন বছর। জীবনের সব ক্ষেত্রেই আশা আর ভালো কিছু ঘটার প্রত্যাশা থাকে। এমন কি এই সময়ে ঘর সাজাতে বা জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে নানান সংস্কৃতিতে সৌভাগ্যের চিহ্নও ব্যবহার করা হয়।

ঘরোয়া গাছ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি উপায়।

অনেক সংস্কৃতিতেই বিশ্বাস করা হয়, কিছু নির্দিষ্ট গাছ ঘরে ইতিবাচক শক্তি টানে, মানসিক শান্তি আনে এবং সৌভাগ্যের অনুভূতি জাগিয়ে তোলে।

উদ্যানবিদ ও উদ্ভিদ বিশেষজ্ঞরা এমন কিছু গাছের কথা বলেছেন, যেগুলো নতুন বছরে ঘরে রাখলে মন ভালো থাকে এবং পরিবেশও প্রাণবন্ত হয়ে ওঠে।

মানি ট্রি বা পাচিরা গাছের অর্থবহ প্রতীক

মানি ট্রি, যার বৈজ্ঞানিক নাম ‘পাচিরা আকুয়াটিকা’, নতুন বছরের জন্য সবচেয়ে পরিচিত সৌভাগ্যের গাছগুলোর একটি। এই গাছ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বহু সংস্কৃতিতে বিশ্বাস করা হয়।

নতুন বছরের শুরুতে মানি ট্রি ঘরে রাখলে আর্থিক স্থিতি ও মানসিক আশাবাদের অনুভূতি তৈরি হয় বলে অনেকেই মনে করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যানবিদ এমি এনফিল্ড রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই গাছ উজ্জ্বল কিন্তু সরাসরি রোদ নয় এমন আলোতে ভালো থাকে। মাটির ওপরের স্তর শুকিয়ে এলে পানি দেওয়া উচিত। পানি যেন জমে না থাকে, সে জন্য ভালো পানি নিঃসরণ ব্যবস্থা থাকা জরুরি।”

অনেক মানি ট্রির কাণ্ড একসঙ্গে বোনা থাকে, যা গাছটির সৌন্দর্য ও প্রতীকী গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

পাইলেয়া গাছ ও সমৃদ্ধির ধারণা

‘পাইলেয়া পেপেরোমিওইডেস’ গাছকে অনেক সময় চীনা মানি প্ল্যান্ট বলা হয়। এর গোলাকার পাতাগুলো দেখতে অনেকটা মুদ্রার মতো, তাই এটিকেও সমৃদ্ধির প্রতীক ধরা হয়।

এমি এনফিল্ডের ভাষায়, “পাইলেয়া গাছ উপহার দেওয়া মানে তাকে সৌভাগ্য ও প্রাচুর্যের শুভকামনা জানানো।”

এই গাছ উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে এবং মাটি সব সময় সামান্য স্যাঁতসেঁতে রাখতে হয়। তবে অতিরিক্ত পানি দেওয়া ঠিক নয়।

এমি এনফিল্ড আরও বলেন, “এই গাছ পানির মানের ব্যাপারে সংবেদনশীল। তাই সম্ভব হলে পরিশ্রুত বা ফিল্টার করা পানি ব্যবহার করলে গাছ ভালো থাকে।”

সঠিক যত্নে পাইলেয়া শুধু সৌভাগ্যের প্রতীকই নয়, ঘরের সৌন্দর্যও বাড়ায়।

লাকি ব্যাম্বু: ভারসাম্যের বিশ্বাস

‘লাকি ব্যাম্বু’ নাম শুনলেই সৌভাগ্যের ধারণা চলে আসে। যদিও এটি প্রকৃত বাঁশ নয়, তবু বহু সংস্কৃতিতে এটি ভারসাম্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত।

এমি এনফিল্ড জানান- এই গাছ বিশেষ করে ফেংশুই ধারণার সঙ্গে জড়িত। কতটি ডাল রয়েছে, তারও আলাদা আলাদা অর্থ আছে বলে বিশ্বাস করা হয়।

লাকি ব্যাম্বু- সাধারণত পানিতে রাখা হয়, তবে মাটিতেও লাগানো যায়। উজ্জ্বল কিন্তু সরাসরি রোদ নয় এমন আলোতে এটি ভালো থাকে। পানিতে রাখা হলে নিয়মিত পানি বদলানো জরুরি, যাতে শিকড় পরিষ্কার থাকে।

পরিষ্কার পানি ব্যবহার না করলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। নতুন বছরে ঘরে এই গাছ রাখলে পরিবেশে এক ধরনের প্রশান্তি তৈরি হয় বলে অনেকেই অনুভব করেন।

জেড গাছ ও দীর্ঘস্থায়ী সৌভাগ্য

জেড গাছ, যার বৈজ্ঞানিক নাম ‘ক্রাসুলা ওভাটা’, বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত।

নতুন ঘরে ওঠার সময় এই গাছ উপহার দেওয়ার রীতি রয়েছে, কারণ এটি ভালো ভাগ্য ডেকে আনে বলে বিশ্বাস করা হয়।

এই গাছ উজ্জ্বল আলো পছন্দ করে, তাই জানালার পাশে রাখা ভালো।

পানি কম লাগে এবং মাটি শুকিয়ে গেলে তবেই পানি দেওয়া উচিত। জেড গাছ সঠিক যত্নে বহু বছর বেঁচে থাকতে পারে, যা দীর্ঘস্থায়ী সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয়।

নতুন বছরের শুরুতে এই গাছ ঘরে রাখলে স্থিরতা ও ধৈর্যের বার্তা দেয়।

পিস লিলি ও শান্তির প্রতীক

পিস লিলি শুধু শান্তির প্রতীকই নয়, পবিত্রতা ও সমৃদ্ধিরও ইঙ্গিত বহন করে।

এই গাছ পরোক্ষ আলোতে ভালো থাকে এবং মাটি সব সময় সামান্য আর্দ্র রাখতে হয়। তবে পানি জমে থাকলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে।

পিস লিলির বড় সবুজ পাতা ও সাদা ফুল ঘরের পরিবেশকে শান্ত ও পরিশীলিত করে তোলে। মাঝে মাঝে পাতাগুলো পরিষ্কার করলে গাছ আরও সুন্দর থাকে।

নতুন বছরে এই গাছ ঘরে রাখলে মানসিক প্রশান্তি ও ইতিবাচক অনুভূতি বাড়ে বলে অনেকেই বিশ্বাস করেন।

আরও পড়ুন

ঘরে সুগন্ধ ছড়াবে যেসব গাছ

ঘরে রাখা যে গাছগুলো দীর্ঘজীবী হয়

যে কারণে গাছ ছাঁটতে হয়

জায়গা বদলে ঘরোয়া গাছের পরিচর্যা