২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখুঁত বেইকিংয়ের কৌশল

শুধু মিশিয়ে ওভেনে দিলেই হয় না। এখানে মাপজোখের সূক্ষ্ম খেলাও রয়েছে।

নিখুঁত বেইকিংয়ের কৌশল
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 12:48 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

কেক বা পেস্ট্রির রেসিপি অনুসরণ করা খুব কঠিন নয়। তবে নিখুঁত, বেকারি মানের মিষ্টান্ন তৈরি করতে শুধু উপকরণ মেপে মিশিয়ে দিলেই হয় না। এর পেছনে থাকে বিশেষ কৌশল, যা সাধারণত শেখানো হয় ‘কুকিং’ বা রান্নার স্কুলে।

এই কৌশলগুলো এতটাই সূক্ষ্ম যে প্রথমে হয়ত তেমন গুরুত্ব দেওয়া না হলেও এগুলোই বেইকিংকে করে তোলে নিখুঁত।

সবকিছু ঠিক জায়গায় রাখা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পেস্ট্রি শেফ ট্রিনা ডেকেট ইটিদিস নটদ্যাট ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “কোনো বেইকিং শুরু করার আগে পুরো রেসিপি মনোযোগ দিয়ে পড়া এবং সব উপকরণ আগে থেকে প্রস্তুত রাখা খুবই জরুরি। উপকরণ ও বেইকিংয়ের সরঞ্জাম হাতের কাছে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়।”

এভাবে প্রস্তুত থাকলে রান্নাঘরে বিশৃঙ্খলা তৈরি হয় না এবং কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে এগোয়।

ডিজিটাল স্কেলের ব্যবহার

শেফ ট্রিনা জানান, “বেইকিং আসলে এক ধরনের বিজ্ঞান। এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সঠিক মাপ ছাড়া ফলাফল ভালো হয় না। তাই কাপের পরিবর্তে গ্রাম অনুযায়ী উপকরণ মাপা জরুরি। এজন্য একটি ডিজিটাল স্কেল ব্যবহার করতে হবে। ডিজিটাল স্কেল প্রতিবার একই ধরনের ফলাফল পেতে সাহায্য করবে।”

ট্রে ঘোরানো

অনেক সময় মনে হতে পারে ট্রে ঘোরানো তেমন দরকারি নয়।

তবে শেফ ট্রিনা বলেন, “প্রতিটি ওভেনে কিছু জায়গায় বেশি গরম থাকে, যাকে বলা হয় হট স্পট। ফলে একই ট্রেতে রাখা খাবারের কিছু অংশ দ্রুত বেইক হয়ে যায়, আবার কিছু অংশ কাঁচা থেকে যায়। তাই ওভেনের ভেতর ট্রে অর্ধেক সময় পেরোনোর পর ঘুরিয়ে নেওয়া জরুরি।”

তবে ব্যতিক্রম হল- যদি রেসিপি মর‌্যাংসভিত্তিক হয় সেক্ষেত্রে ওভেন খোলা যাবে না।

মর‌্যাংস তৈরি হয় ডিমের সাদা অংশ আর চিনি একসাথে ফেটে নিয়ে। ফেটতে ফেটতে ডিমের সাদা অংশ খুব ফেনাযুক্ত, হালকা ও ফুলফুলে হয়ে যায়। মর‌্যাংসভিত্তিক খাবারের মধ্যে আছে মর‌্যাংস কুকি, পাভলোভা, লেমন মর‌্যাংস পাই, মুস বা সুফলে।

সময় ব্যবস্থাপনা

বেইকিংয়ে সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেফ ট্রিনা বলেন, “পেস্ট্রি স্কুল বা রান্নার স্কুলে সময় ব্যবস্থাপনায় অনেক গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ‘ল্যামিনেইটেড ডো’ বা মাখনের স্তর দেওয়া ডো নিয়ে কাজ করার সময়। এখানে বারবার ভাঁজ করা ও বিশ্রামের সময় দিতে হয়, যা নির্ভর করে মাখনের তাপমাত্রার ওপর।”

এ ধরনের স্তরযুক্ত ডো প্রস্তুত করতে মাখন ও ময়দার ডো বারবার ভাঁজ করে স্তর তৈরি করা হয়। প্রক্রিয়াটি কিছুটা এমন হয়- প্রথমে ময়দার ডো তৈরি করা হয়। তার মধ্যে একটা বড় টুকরা ঠাণ্ডা মাখন রাখা হয়। তারপর ডো ভাঁজ করে বেলতে বেলতে বারবার ফোল্ড করা হয়।

প্রতিবার ভাঁজ করার সময় ডো ও মাখনের স্তর তৈরি হয়।

এই ভাঁজ ও স্তর তৈরির কাজকেই বলা হয় ‘ল্যামিনেইশন’। এর ফলে ডো’তে অসংখ্য পাতলা স্তর তৈরি হয়। বেইক করার সময় মাখন গলে বাষ্প তৈরি করে। আর সেই বাষ্প স্তরগুলোকে ফোলায়।

ফলে খাবার হয় হালকা, ফুলে ওঠা এবং খাস্তা। যেমন- ক্রসোঁ, পাফ পেস্ট্রি, ড্যানিশ পেস্ট্রি।

ফোনে অ্যালার্ম সেট করে ফোল্ডিং, বিশ্রাম ও বেইকিংয়ের সময় ঠিক রাখার পরামর্শ দেন- শেফ ট্রিনা। এতে একসাথে একাধিক কাজও করা যায়।

কক্ষ তাপমাত্রায় উপকরণ

বেইকিংয়ে উপকরণের তাপমাত্রা বড় ভূমিকা রাখে।

শেফ ট্রিনা বলেন, “যদি আলাদা করে বলা না থাকে, তবে সব উপকরণ কক্ষ তাপমাত্রায় ব্যবহার করতে হবে। এমনকি ডিমও স্বাভাবিক তাপমাত্রায় থাকলে ব্যাটার বা ডো’তে অনেক সুন্দরভাবে মিশে যায় এবং গঠন নিখুঁত হয়।”

স্টিফ পিক বা ফেটানো অবস্থার পরীক্ষা

মর‌্যাংস তৈরি করার সময় সবচেয়ে বড় প্রশ্ন হল- কখন বুঝবেন এটি প্রস্তুত?

স্টিফ পিক পরীক্ষা হল মর‌্যাংস বা হুইপড ক্রিম ফেটানোর সময় বোঝার একটি উপায় যে মিশ্রণটি সঠিক ঘনত্বে পৌঁছেছে কি-না।

যখন ডিমের সাদা অংশ বা ক্রিম ভালোভাবে ফেটানো হয়, তখন মিশ্রণটি প্রথমে ফেনার মতো হয়। তারপর নরম হয়ে ঢেউয়ের মতো দাঁড়ায় যাকে ‘সফট পিক’ বলে। এরপর আসে স্টিফ পিক ধাপ।

শেফ ট্রিনা জানান, তিনটি লক্ষণ আছে। প্রথমটি হল মিশ্রণ দেখতে খুব চকচকে হবে, পরের ধাপে আঙুলে নিলে ঘন অনুভূত হবে আর শেষে মিক্সিং বাটি উল্টে ধরলেও কিছু পড়বে না।

তিনি এটিকে বলেন সবচেয়ে মজার পরীক্ষা।

সিলিকন হুইস্ক ব্যবহার

যখন ‘লেমন কার্ড’ বা অন্য কোনো ‘কার্ড’ তৈরি করা হয়, তখন অনেক সময় ধাতব স্বাদ থেকে যায়। লেমন কার্ড বা অন্য কোনো কার্ড হল এক ধরনের মিষ্টি ও টক স্বাদের ক্রিইমি স্প্রেড বা ফিলিং, যা সাধারণত ডেজার্টে ব্যবহার করা হয়।

শেফ ট্রিনা ব্যাখ্যা করেন, “এটি হয় যখন ধাতব হুইস্ক ব্যবহার করা হয়। সমাধান হল সিলিকন হুইস্ক ব্যবহার করা। এতে ধাতব স্বাদ আসে না এবং কাজও সহজ হয়ে যায়।”

বিজ্ঞান হিসেবে বেইকিং

শেফ ট্রিনা বলেন, “বেইকিং আসলে রাসায়নিক বন্ধনের খেলা। যদি কোনো উপকরণ বদলাতে হয়, তবে একই ধরনের রাসায়নিক বৈশিষ্ট্য আছে এমন বিকল্প ব্যবহার করতে হবে।”

এ ধাপটি বিশেষভাবে কাজে আসে যারা অ্যালার্জি, খাদ্য সীমাবদ্ধতা বা ভিন্ন স্বাদ চান তাদের জন্য।

যেমন- ডিমের পরিবর্তে ফ্ল্যাক্সসিড বা তিসি বীজ ব্যবহার করলে একই ধরনের বাঁধন তৈরি হয়, যা কেক বা রুটিকে আকার ধরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

বেইকিং পাউডারের বিকল্প নির্বাচনের উপায়

বেইকিংয়ে যে কারণে লবণযুক্ত মাখন ব্যবহার করতে হয়

সহজে রান্না করার টুকিটাকি বিষয়