বেইকিংয়ে যে কারণে লবণযুক্ত মাখন ব্যবহার করতে হয়
পেশাদার রন্ধনশিল্পীদের মতে লবণাক্ত মাখন খাবারের স্বাদ বৃদ্ধি করে।
বেইকিংয়ের ক্ষেত্রে সাধারণ একটি প্রচলিত নিয়ম হল- রেসিপি যদি লবণবিহীন মাখনের কথা বলে, তাহলে সেটাই ব্যবহার করা।
এই নিয়ম বিশ্বজুড়ে স্বনামধন্য রন্ধনশিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পেশাদার রন্ধনবিদদের কাছ থেকেই পাওয়া।
তবে সাম্প্রতিক সময়ে বিশ্বের খ্যাতনামা বেইকার এবং রন্ধনবিষয়ক লেখকরা আবার এই প্রচলিত ধারার বিপরীতে গিয়ে বলছেন। লবণযুক্ত মাখনই হল ‘ফ্লেভার ইনস্যুরেন্স’ বা স্বাদের গ্যারান্টি।
লবণবিহীন মাখন কেন ছিল প্রাধান্যে
প্রথাগতভাবে বেইকিং রেসিপিগুলোতে লবণবিহীন মাখন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের রন্ধনশিল্পীদের মধ্যে ধারণা ছিল, মাখনে লবণ যোগ করা হত খারাপ স্বাদ ঢাকতে। তাই লবণবিহীন মাখন হলে বোঝা যেত তা টাটকা ও মানসম্মত।
সেই সূত্র ধরেই আন্তর্জাতিক রান্নার স্কুল ও রন্ধনবিদ জেসি শিহান ও সামান্থা সেনেভারাটনি’র মতো পেশাদাররাও বছরের পর বছর রেসিপি তৈরি করেছেন লবণবিহীন মাখন দিয়ে।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তারা বলেন, “লবণযুক্ত মাখনই বেকিংয়ের জন্য পছন্দ করি।”
লবণযুক্ত মাখনের স্বাদের রহস্য
সামান্থা সেনেভারাটনি বলেন, “লবণযুক্ত মাখন আরও সুস্বাদু। এটি আগে থেকেই সিজনিং করা থাকে। কখনও কি অলবণযুক্ত খাবার খেতে পারবেন? একদম না। রান্নায় যেমন ভালো মানের ওয়াইন ব্যবহার করলে স্বাদ বাড়ে, তেমনই বেইকিংয়ে লবণযুক্ত মাখন ব্যবহার করাও স্বাদের নিশ্চয়তা দেয়।”
তিনি আরও বলেন, “অনেক সময় বেইকিংয়ের রেসিপিগুলো পর্যাপ্ত পরিমাণ লবণ দেয় না। ফলে বিস্বাদ হয়ে যায়। লবণ হল এমন একটি উপাদান যা চকলেট, ভ্যানিলা বা ফলের স্বাদকে বাড়িয়ে তোলে।”
জেসি শিহান বলেন, “বাড়িতে সবসময় লবণযুক্ত মাখন ব্যবহার করি। আমি চাই না আমার বানানো কুকিজ বা কেকের স্বাদ ফিকে হোক। লবণযুক্ত মাখন সেই ফ্লেভারকে ফুটিয়ে তোলে।”
রেসিপিতে যদি লবণবিহীন মাখন বলা থাকে
সেনেভারাটনি বলেন, "একটি লবণযুক্ত মাখনে সাধারণত ১/৪ চা-চামচ লবণ থাকে। এই পরিমাণ লবণ রেসিপির স্বাদ নষ্ট করে না, বরং অনেক সময় তা আরও উন্নত করে। বিশেষ করে কুকিজ, শর্টব্রেড, সুগার কুকিজ বা বাটার কেকের মতো রেসিপিতে লবণযুক্ত মাখন ব্যবহার করলে ফলাফল চমৎকার হয়।”
লবণযুক্ত মাখন যখন সবচেয়ে ভালো কাজ করে
এই দুই রন্ধন-বিশেষজ্ঞ বলেন, যেসব রেসিপিতে মাখনের স্বাদ মুখে লেগে থাকে, সেগুলোতে লবণযুক্ত মাখন সবচেয়ে ভালো কাজ করে। যেমন: শর্টব্রেড, চকলেট চিপ কুকি, সুগার কুকি, পাউন্ড কেক, বাটার কেক, পাই ডো, কুকি ক্রাম্ব ক্রাস্ট।
এসব মিষ্টি খাবারে মাখনের ঘ্রাণ ও স্বাদ মুখ্য ভূমিকা রাখে। তাই সেখানে লবণযুক্ত মাখনের ব্যবহারে এক ধরনের গভীরতা আসে, যা লবণবিহীন মাখনে সম্ভব নয়।
কোন মাখন হবে সেরা?
দুই বিশেষজ্ঞ ইউরোপিয়ান লবণযুক্ত মাখনের পক্ষে রায় দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপিয়ান মাখনে চর্বির পরিমাণ বেশি থাকে, যা বেইকিংয়ের স্বাদ আরও বাড়িয়ে তোলে।
বেইকিংয়ে যতই নিখুঁত মেপে উপাদান যোগ করা হোক না কেন, লবণযুক্ত মাখনের ছোট স্বাদবর্ধক ভূমিকা অনেক সময় পুরো রেসিপির ভাগ্য বদলে দিতে পারে।
অবশ্য লবণবিহীন মাখন ব্যবহার করেও ভালো ফলাফল পাওয়া যেতে পারে তবে সেটা সেরা নাও হতে পারে।
আরও পড়ুন
