০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কাজের চাপ বাসায় নিয়ে না আসার উপায়

অফিসের কারণে বাসায় মেজাজ খারাপ করে থাকলে পারিবারিক শান্তি ছুটে যেতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:17 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

অফিস থেকে ফিরে দরজা খুলতেই যদি মেজাজ খিটখিটে হয়, সঙ্গীর সামান্য কথায় রাগ উঠে যায়, সন্তানের ছোট ভুলে বিরক্তি প্রকাশ পায়— তবে হয়ত এগুলো হচ্ছে কাজের ভারে ক্লান্তি থেকে। আর এই ধরনের অভিজ্ঞতা কারও কারও হয়ও।

দিনভর কাজের চাপ, ‘ডেডলাইন’, বসের চাপা স্বর আর ট্রাফিক জ্যামের পর বাসায় ফিরে শান্তি পাওয়ার বদলে আরও অস্থিরতা বেড়ে যায়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “সারাদিনের মানসিক চাপ মস্তিষ্কে জমা হয়। অফিসে আবেগ নিয়ন্ত্রণ করে চলা হয়। বাসায় ফিরে সেই নিয়ন্ত্রণ ঢিলে হয়ে যায়, কারণ বাসা আমাদের ‘সেফ স্পেস’। তবে এই অভ্যাস যদি নিয়মিত হয়, তাহলে পরিবারের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।”

যে কারণে বাসায় মেজাজ খারাপ হয়

কাজের চাপে মানুষ সারাদিন নিজেকে নিয়ন্ত্রণ করে। রাগ, হতাশা, ক্লান্তি— সব চেপে রাখে। বাসায় ফিরে সেই চাপটা বেরিয়ে আসে।

বাসা যেহেতু নিরাপদ জায়গা মনে হয়, তাই কাছের মানুষদের সামনেই আবেগ প্রকাশ পায়।

ডা. ফারজানা রহমান দিনা বলেন, “দীর্ঘ সময় স্ট্রেসে থাকলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায়। ফলে ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা দেয়।”

সম্পর্কের ওপর যেমন প্রভাব পড়ে

নিয়মিত কাজের চাপের মেজাজ বাসায় দেখালে ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে।

আবেগগত দূরত্ব তৈরি হয়: সঙ্গী বা সন্তান ধীরে ধীরে কাছ থেকে সরে যায়।

ভুল বোঝাবুঝি বাড়ে: সঙ্গী আপনার স্ট্রেসকে ব্যক্তিগতভাবে নিতে পারে।

শিশুদের নিরাপত্তাবোধ কমে: বাবা-মায়ের অস্থির আচরণ শিশুর মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।

যোগাযোগ কমে যায়: বাসায় সবসময় টানটান উত্তেজনা থাকলে খোলামেলা কথা বলা কমে।

“মাঝেমধ্যে এমন হওয়া স্বাভাবিক। তবে নিয়মিত অভ্যাস হয়ে গেলে সম্পর্কের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়”- মন্তব্য করেন ডা. দিনা।

যেভাবে সামলানো যায়

কাজের চাপকে পুরোপুরি এড়ানো সম্ভব নয়, তবে বাসায় নিয়ে আসা ‘মেজাজ খারাপ’ নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরিবারের সঙ্গে সময় কাটান: সপ্তাহে অন্তত একদিন পরিবারের সঙ্গে সম্পূর্ণ সময় কাটান। এতে সম্পর্ক মজবুত হয়।

সীমা নির্ধারণ করা: অফিসের কাজ বাসায় নিয়ে আসা যাবে না। নির্দিষ্ট সময়ের পর কাজ বন্ধ রাখার চেষ্টা করতে হবে।

ট্রানজিশন টাইম রাখা: বাসায় ফেরার পর ১০-১৫ মিনিট নিজেকে সময় দিন। চুপচাপ বসুন, গান শুনুন বা হালকা হাঁটুন। এতে মেজাজ বদলাতে সাহায্য হয়।

অনুভূতি খোলাখুলি বলুন: চুপচাপ রাগ দেখানোর বদলে বলা যেতে পারে- ‘আজ অফিসে অনেক চাপ ছিল, একটু সময় দাও’- এতে ভুল বোঝাবুঝি কমে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা: কয়েক মিনিট গভীর শ্বাস নেওয়া স্নায়ু শান্ত করে।

এই মনোবিদের পরামর্শ হল, “কাজের চাপ বাসায় নিয়ে আসা অস্বাভাবিক নয়, তবে সচেতন না হলে এটি ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করতে পারে। বাসা হওয়া উচিত শান্তির জায়গা, চাপের নয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন, প্রিয়জনদের প্রতি সংবেদনশীল থাকুন। ছোট ছোট অভ্যাস বদলালেই দিনের শেষে বাসায় ফিরে সত্যিকারের শান্তি পাওয়া সম্ভব।”

আরও পড়ুন

নিঃশব্দের শান্তি উপভোগ করবেন যেভাবে

মাত্র তিন মিনিটের বিরতিতে মিলতে পারে মানসিক প্রশান্তি

কর্মস্থলে যাওয়ার সময়টা যেভাবে চাপমুক্ত করা যায়

অফিসে ‘ফ্লার্ট’, কমাবে চাপ