২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালীন ঘর পরিষ্কার যে কারণে বেশি প্রয়োজন

শুষ্ক সময় বলে ঘর পরিষ্কারে অবহেলা করলে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা বাড়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 12:07 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

শীত এলে অনেক সময় ঘর পরিষ্কার করার আগ্রহ কমে যায়। দিনের আলো কম, আবহাওয়া ঠাণ্ডা সব মিলিয়ে ভর করে আলসেমি।

তবে বিশেষজ্ঞদের মতে, শীতকালেই বরং ঘর পরিষ্কার ও গুছিয়ে নেওয়ার দিকে বেশি নজর দিতে হয়। কারণ এই সময় ঘরের ভেতরে থাকা হয় বেশি, জানালা-দরজা বন্ধ থাকে, ফলে জীবাণু ছড়ানোর ঝুঁকিও বাড়ে।

তাই শীতকালে কিছুটা পরিকল্পনা আর নিয়মিত যত্ন নিলে ঘর শুধু সুন্দরই নয়, বরং স্বাস্থ্যকরও রাখতে পারে।

যে কারণে শীতে ঘর পরিষ্কার করা বেশি জরুরি

শীতকালে সর্দি-জ্বরসহ নানান সংক্রমণ বেশি ছড়ায়। অথচ এই সময়ই ঘর পরিষ্কার করা হয় কম।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাতের মতে, “শীতকালে নিয়মিত পরিষ্কার ও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখলে জীবাণু কমে, মানসিক চাপ হ্রাস পায় এবং বসন্তকালের বড় পরিষ্কারের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।”

এই সময় আলমারি গুছানো, ব্যবহারহীন পোশাক উপহার বা দান করা ও বেশি চলাচলের জায়গাগুলো পরিষ্কার রাখা দরকারি।

সবচেয়ে বেশি স্পর্শ করা জায়গা দিয়ে শুরু

শীতকালীন পরিষ্কারের প্রথম ধাপ হওয়া উচিত ঘরের সেই জায়গাগুলো, যেগুলোতে সবচেয়ে বেশি হাত পড়ে।

অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “অনেকেই বাতির সুইচ বোর্ড ও দরজার হাতল পরিষ্কার করার বিষয়ে খেয়াল করেন বা ভুলে যান, অথচ এগুলোতেই জীবাণু সবচেয়ে বেশি জমে। সাবান পানি দিয়ে নিয়মিত মুছে জীবাণুনাশক ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো যায়।”

পাখা ও লাইট করার সময় এখনই

অনেক সময় চোখের আড়ালে থাকা জিনিসগুলো পরিষ্কারের তালিকার বাইরে থেকে যায়। শীতকালে পাখা ও লাইটে ধুলা জমে যায়। শুকনা কাপড় বা হালকা সাবান মিশ্রিত পানিতে এগুলো পরিষ্কার করলে ঘরের পরিবেশ স্বাস্থ্যকর হয়।

মাইক্রো ফাইবার ঝাড়ুনি দিয়ে পরিষ্কারে সময় ও কষ্ট বাঁচে।

বিছানার চাদর ও কম্বল ধোয়া

শীতকালে কম্বল, চাদর ও বালিশ বেশি ব্যবহৃত হয়। এসব কাপড়ে ধুলা, ত্বকের মৃত কোষ ও জীবাণু জমে থাকতে পারে।

নিয়মিত ধোয়া ও পরিষ্কার রাখলে অসুস্থ হওয়ার ঝুঁকি কমে। বিশেষ করে কেউ অসুস্থ হলে বিছানার কাপড় দ্রুত ধোয়া খুবই প্রয়োজন- পরামর্শ দেন গুলশান নাসরিন।

জানালার খাঁজ ও কিনারা অবহেলা না করা

শীতে জানালা কম খোলা হলেও সেখানে ময়লা জমে ছত্রাকও তৈরির ঝুঁকি থাকে। সপ্তাহে একদিন উষ্ণ সাবান পানি ও ছোট ব্রাশ ব্যবহার করে জানালার খাঁজ পরিষ্কার করা উচিত।

পরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেললে স্যাঁতসেঁতে ভাব থাকে না।

প্রবেশপথ গুছিয়ে রাখা

দরজার শুরুতেই জুতা, ছাতা, ব্যাগ, চাবি রাখার স্থান থাকে। তাই প্রবেশপথে জমে যায় ময়লা ও জীবাণু।

এই জায়গাগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা জরুরি, না হলে তা সারা ঘরেই ছড়িয়ে পড়ে।

তাসমিয়া জান্নাত বলেন- “দরজার সামনের পাটি ও মেঝে নিয়মিত পরিষ্কার করলে জীবাণু ঘরের ভেতরে ঢুকতে পারে না।”

রান্নাঘরের গোপন জায়গাগুলো পরিষ্কার

রান্নাঘর জীবাণুর অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে। রান্নাঘরের খোলা ও বন্ধ তাক, কলের হাতল ও বিভিন্ন যন্ত্রপাতির উপরিভাগ নিয়মিত ভাবে পরিষ্কার করতে হবে।

পাশাপাশি শীতকালে রান্না বা খাবার বেশি গরম হওয়ায় চুলা বা ফ্রিজের পেছনের অংশ পরিষ্কার করা ভালো। এতে যন্ত্রপাতি ভালো থাকে এবং ঘরের বাতাসও পরিষ্কার হয়।

বাথরুমে গভীর পরিষ্কার দরকার

শীতকালে রোদের তাপ থাকে না। তাই বাথরুমে ছত্রাক ও জীবাণু দ্রুত জন্মায়।

শীতকালে সপ্তাহে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করা উচিত, বিশেষ করে বেসিন, টয়লেট ও গোসলখানার আশপাশে।

ঝরনার মুখে অনেক সময় জমে যায় খনিজ এবং তা দূর করতে ভিনেগার ব্যবহার করলে জীবাণুও কমে।

বেশি চলাচলের জায়গা ভালোভাবে পরিষ্কার

ঘরের যেসব জায়গায় বেশি হাঁটাচলা হয়, সেখানে ধুলা ও অ্যালার্জির উপাদান বেশি জমে। সপ্তাহে অন্তত একবার ভালোভাবে পরিষ্কার করা উচিত।

অনেকের ঘরেই পোষা প্রাণী থাকে। তাই খাট বা সোফার নিচের জায়গাগুলো পরিষ্কার করলে জীবাণু ও পোকামাকড়ের ঝুঁকিও কমে।

আরও পড়ুন

বছরের শুরুতেই ঘর থাকুক পরিপাটি

ঘরের যেসব জিনিস প্রতি মাসেই পরিষ্কার করা উচিত

পরিষ্কার করার জিনিস গুছিয়ে রাখবেন যেভাবে