Published : 02 Dec 2025, 02:24 PM
নতুন বছর শুরুর সাথে সাথে নিজের জীবনে পরিবর্তন আনার পরিকল্পনা অনেকেই করেন। আর সেই তালিকার শীর্ষে থাকে একটি পরিষ্কার ও গোছানো ঘরের স্বপ্ন।
পরিচ্ছন্ন ঘর কেবল নান্দনিকতাই বাড়ায় না, মানসিক প্রশান্তি দেয়, স্বাস্থ্য ভালো রাখে এবং প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।
বড় ধরনের অগ্রগতি পেতে বিশাল কোনো বদল লাগে না। ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই যথেষ্ট।
পরিকল্পিত সময়সূচিতে পরিচ্ছন্নতা
গৃহসজ্জাবিদ গুলশান নাসরিন মতে, “পরিচ্ছন্ন থাকার সবচেয়ে কার্যকর উপায় হল- একটি বাস্তবসম্মত সময়সূচি তৈরি করে তাতে নিয়মিত থাকা। একদিনে সব কাজ সেরে ফেলতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হয় না। তাই সপ্তাহের প্রতিটি দিনের জন্য হালকা করে কাজ ভাগ করে নিলে চাপ কমে যায়।”
একদিন কাপড় ধোয়া, অন্যদিন রান্নাঘর পরিষ্কার করা- এভাবে ভাগ করে কাজ গোছালে পুরো ঘরই নিয়মিত পরিপাটি থাকে। দিনপঞ্জিকায় কাজগুলো লিখে রাখলে অভ্যাস আরও দৃঢ় হয়।
ব্যবহারেই পরিষ্কার করার অভ্যাস
রান্নাঘর বা বাথরুম পরিষ্কার করতে গেলে অনেকেরই মনে হয় যেন পাহাড়সম কাজ। তবে ব্যবহার শেষে সাথে সাথে একটু পরিষ্কার করে নেওয়া, রান্নার পর চুলা মুছে ফেলা বা পানি ছিটে গেলে সাথে সাথে মোছা। এ ধরনের ছোট পদক্ষেপে ময়লা জমে থাকার সুযোগ থাকে না।
ফলে বড় করে পরিষ্কারের সময় খুব কম পরিশ্রমেই কাজ হয়ে যায় এবং ঘর সারাক্ষণই থাকে পরিচ্ছন্ন ও আরামদায়ক।
প্রতিদিন বিছানা গুছিয়ে নেওয়া
প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে নিলে ঘরের দৃশ্য বদলে যায় মুহূর্তেই। এটি দিন শুরুর ছোট একটি কাজ হলেও মানসিকভাবে সাফল্যের অনুভূতি দেয় এবং গোটা দিনে গুছিয়ে কাজ করার উদ্বুদ্ধ করে।
নিয়মিত জিনিসপত্র ছাঁটাই
অপ্রয়োজনীয় জিনিস জমে থাকলে ঘর যেমন অপরিচ্ছন্ন দেখায়, তেমনি কাজে মনোযোগ কমায়।
প্রতি সপ্তাহে ঘরের একটি অংশ বেছে নিয়ে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে ধীরে ধীরে পুরো ঘর হালকা ও গোছানো হয়ে ওঠে।
বিশেষ করে রান্নাঘরের আলমারি বা ড্রয়ার পরিষ্কার করা জরুরি, যেখানে ব্যবহার না হওয়া পাত্র বা বোতল বছরের পর বছর পড়ে থাকে।
অন্তত মাসে একবার বড় ধরনের ছাঁটাই করলে অপ্রয়োজনীয় জিনিস ঘর থেকে বিদায় নেয়।
কাপড় ধোয়ার নিয়ম তৈরি
কাপড়ের স্তূপ অনেকেরই আতঙ্ক। একসাথে অনেক কাপড় ধুতে গেলে গোছানো কঠিন হয়ে পড়ে।
ছোট ছোট দফায় কাপড় ধোয়া, প্রতিদিন সামান্য কাপড় ধুয়ে সাথে সাথে গুছিয়ে ফেললে পাহাড়সম কাজের চাপ তৈরি হয় না। এতে সময় বাঁচে, মানসিক চাপও কমে।
ধুলা পরিষ্কারে নিয়মিততা
ধুলা শুধু ঘরের সৌন্দর্য নষ্ট করে না, বাতাসের গুণমানেও বড় প্রভাব ফেলে।
ধুলার কণা বাতাসে ভেসে শ্বাসযন্ত্রে ঢুকে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত ধুলা ঝাড়া খুব জরুরি।
মাইক্রোফাইবার কাপড় দিয়ে আসবাব মুছলে ধুলা সহজেই উঠে আসে এবং আবার ছড়িয়ে পড়ে না। ঘরের বায়ু পরিষ্কার রাখতে উপযুক্ত যন্ত্র ব্যবহারও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
প্রাকৃতিক উপাদানের পরিচ্ছন্ন দ্রব্য ব্যবহার
নতুন বছরে ঘর পরিষ্কারে আরেকটি অভ্যাসে গুরুত্ব দেওয়া যায়। সেটি হল রাসায়নিক পরিষ্কারের দ্রব্যের বদলে উদ্ভিদজাত উপাদানভিত্তিক পরিষ্কার সামগ্রী ব্যবহার।
রাসায়নিক দ্রব্য অনেক সময় বায়ুর গুণমান খারাপ করে এবং সংবেদনশীল ব্যক্তিদের স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
প্রাকৃতিক উপাদান ব্যবহারে ঘর পরিষ্কার হয় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে। সামান্য ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে বা বেইকিং সোডা দিয়ে ময়লা পরিষ্কার করা সহজ ও সাশ্রয়ী সমাধান হতে পারে।
সাপ্তাহিক গভীর পরিষ্কার
প্রতিদিনের হালকা পরিষ্কারের পাশাপাশি সপ্তাহে একদিন বাড়তি সময় নিয়ে গভীরভাবে পরিষ্কার করা জরুরি।
মেঝের কোণা, দরজার নিচের অংশ, সিলিং ফ্যান বা বাথরুমের টাইলস- এসব জায়গায় দ্রুত ময়লা জমে।
নিয়মিত সাপ্তাহিক গভীর পরিষ্কারে নতুন বছরেও এসব জায়গায় ময়লা জমতে পারবে না। আর ঘর থাকবে সতেজ এবং স্বাস্থ্যসম্মত।
আরও পড়ুন
ঘরের যেসব জিনিস প্রতি মাসেই পরিষ্কার করা উচিত
ঘর পরিষ্কারের সাপ্তাহিক অভ্যাস