০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কাটাকাটিতে যে কারণে কাঠের চপিং বোর্ড ভালো

ঠিক মতো ব্যবহার করতে পারলে টেকে বহু বছর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 06:55 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

রান্নাঘরের বেশি ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে একটি হল, চপিং বোর্ড। সবজি কাটা, মাছ-মাংস প্রস্তুত করা বা ফল টুকরো করতে বিশেষ সহায়ক এটি।

তাই শুধু আকার বা বাহ্যিক সৌন্দর্য দেখেই চপিং বোর্ড বাছাই করা হবে ভুল সিধান্ত। কারণ ভালো মানের বোর্ডের ওপরই নির্ভর করে খাবারের পরিচ্ছন্নতা, ছুরির ধার, এমনকি বোর্ডটির স্থায়িত্ব।

অনেকেই ধারণা করেন প্লাস্টিকের চপিং বোর্ডই সবচেয়ে সুবিধাজনক। তবে বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের পণ্য ব্যবহারে, কিছু ক্ষতি হতে পারে।

আর সঠিকভাবে ব্যবহার ও যত্ন নিলে কাঠের চপিং বোর্ড অনেক ক্ষেত্রেই বেশি কার্যকর। এছাড়া ভালো মানের কাঠের চপিং বোর্ড ছুরির ধার দীর্ঘদিন ঠিক রাখতে কার্যকর।

ছুরির ধার দীর্ঘদিন ভালো থাকে

রান্নাঘরে একটি ভালো ছুরি অনেক কাজ সহজ করে দেয়। তবে ভুল ধরনের চপিং বোর্ড ব্যবহারে ছুরির ধার দ্রুতই নষ্ট হতে পারে।

“অপরদিকে কাঠের চপিং বোর্ডের একটি বড় সুবিধা হল, এর পৃষ্ঠ কিছুটা নমনীয়। ফলে ছুরি দিয়ে কাটার সময়, বোর্ড সামান্য চাপ শোষণ করে নেয়। এতে ছুরির ফলার ওপর অতিরিক্ত চাপ পড়ে না। তাই ধার দীর্ঘদিন ভালো থাকে এবং বারবার ধার দেওয়ার প্রয়োজনও কমে”, বলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

এছাড়া ভালো মানের কাঠের বোর্ড ছুরির জন্য নিরাপদ পৃষ্ঠ রেখেই তৈরি হয়, যা নিয়মিত রান্নার কাজে সুবিধা দেয়।

কাটাকাটিতেও স্বাচ্ছন্দ্য

চপিং বোর্ড খুব হালকা হলে অনেক সময় কাটার সময় নড়ে যায়। এতে কাজের ক্ষেত্রে অসুবিধাজনক। এমনকি আঙুল কেটে যাওয়া বা অন্য দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।

“কাঠের বোর্ড সাধারণত তুলনামূলক ভারী হলে, সহজে স্থান থেকে সরে যায় না। অর্থাৎ সবজি, ফল কিংবা মাংস যাই কাটা হোক বোর্ড স্থির থাকে। এতে কাজের গতি বাড়ে, তেমনি কাটাকাটিও হয় আরও নিরাপদ”, মন্তব্য করেন তাসমিয়া জান্নাত।

বিশেষ করে বড় আকারের উপকরণ কাটার সময় স্থির বোর্ড স্বস্তিদায়ক হওয়া জরুরি।

দীর্ঘদিন ব্যবহার

রান্নাঘরের যন্ত্রপাতি টেকসই হওয়া গুরুত্বপূর্ণ। ভালো মানের কাঠের চপিং বোর্ড নিয়মিত ব্যবহারেও সহজে বাঁকিয়ে যায় না বা ভেঙেও পড়ে না। সেজন্য সঠিক যত্নও সমানভাবে জরুরি।

তাসমিয়া জান্নাত বলেন, “ব্যবহারের পর দ্রুত ধুয়ে শুকিয়ে রাখতে হবে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় ফেলে রাখা উচিত নয়। এতে কাঠ পচে পোকা ও দুগন্ধ তৈরি হতে পারে। এছাড়া কাঠ ফুলেও যেতে পারে। আর নিয়মিত যত্ন নিলে একটি কাঠের বোর্ড বহু বছর ব্যবহার করা সম্ভব।”

খাবারের রস ছড়িয়ে পড়া কমায়

ফল, মাছ বা মাংস কাটতে, অনেক সময় রস বের হয়ে রান্নাঘরের টেবিল নোংরা হয়ে যায়। অনেক কাঠের চপিং বোর্ডের চারপাশে সরু খাঁজ থাকে, যা এই রস আটকে রাখে।

এই ধরনের বোর্ড ব্যবহারের পরামর্শ দেন, এই সহকারী অধ্যাপক।

এতে রান্নাঘর পরিষ্কার রাখা সহজ হয় এবং অন্য খাবারের সঙ্গে রস মিশে যাওয়ার সম্ভাবনাও কমে।

বড় বোর্ডে কাজ সহজ

একসঙ্গে অনেক সবজি কাটা বা বড় মাছ প্রস্তুত করার সময়, ছোট বোর্ডে জায়গার অভাব দেখা দেয়। বড় কাঠের বোর্ডে পর্যাপ্ত স্থান থাকায় একাধিক উপকরণ পাশাপাশি রাখা যায়।

এতে বারবার কাটা উপকরণ সরানোর দরকার হয় না। রান্নার প্রস্তুতিও দ্রুত শেষ করা সম্ভব হয়।

পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ

কাঠের বোর্ড পরিষ্কার করা কঠিন মনে হলেও, নিয়ম মেনে পরিষ্কার করলে এটি দীর্ঘদিন ভালো থাকে।

ব্যবহারের পর গরম পানি ও হালকা পরিষ্কারক দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ভালোভাবে শুকিয়ে রাখতে হবে। দীর্ঘ সময় পানিতে ডুবিয়ে রাখা ঠিক নয়। কারণ অতিরিক্ত আর্দ্রতা কাঠের গঠন দুর্বল করতে পারে।

সঠিক আকারও গুরুত্বপূর্ণ

সব রান্নাঘরের জন্য একই ধরনের বোর্ড উপযুক্ত নয়। ছোট পরিবারের জন্য মাঝারি আকারের বোর্ড যথেষ্ট হতে পারে। আবার নিয়মিত অনেক রান্না করলে বড় বোর্ড বেশি সুবিধাজনক।

“অতিরিক্ত পাতলা বোর্ড সহজে বাঁকতে পারে। আবার খুব ভারী বোর্ড প্রতিদিন ওঠানো-নামানো কষ্টকর হতে পারে। তাই নিজের প্রয়োজন অনুযায়ী আকার ও পুরুত্ব নির্বাচন করাই ভালো”, বলেন তাসমিয়া।

আর নিয়মিত যত্ন নিলে ভালো কাঠের চপিং বোর্ড, পাঁচ থেকে দশ বছর ব্যবহার করা যায়।

আরও পড়ুন

ফ্রিজ থেকে অস্বাভাবিক শব্দ কি পরিষ্কারের অভাবে হয়?

ভুলভাবে পরিষ্কারে কাচের চুলায় পড়তে পারে দাগ

বৃষ্টিতে ফোন ভিজে গেছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন আর যা করবেন না