Published : 23 Jun 2026, 05:25 PM
ব্যস্ত জীবনে ফাস্টফুড এড়ানো প্রায় অসম্ভব। সময় বাঁচাতে কিংবা স্বাদের টানে অফিসগামী মানুষ বা তরুণ প্রজন্ম এখন প্রতিনিয়ত বার্গার, ফ্রাইড চিকেন বা পিৎজার মতো খাবারের ওপর নির্ভর করছেন।
ফাস্টফুড মানেই যে সবসময় অস্বাস্থ্যকর, তা কিন্তু নয়। তবে অর্ডার করার সময় মেনুর কিছু চতুর শব্দ চয়ন, অজান্তেই শরীরে অতিরিক্ত ক্যালোরি ও চর্বি বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষক কেলসি হোলগেট ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, ফাস্টফুড মেনুর এমন ৭টি গোপন ফাঁদ সম্পর্কে সতর্ক করেছেন, যা এড়িয়ে চলা উচিত।
‘ক্রিস্পি’, ‘ফ্রাইড’ বা ‘ব্রেডেড’ শব্দযুক্ত খাবার: মেনুতে কোনো খাবারের নামের সাথে যদি ‘ব্রেডেড’, ‘ফ্রাইড’ বা ‘ক্রিস্পি’ লেখা থাকে, তবে বুঝবেন সেটি তেলের ফাঁদ।
কেলসি হোলগেটের মতে, “এই খাবারগুলো সাধারণত সস্তা ভেজিটেবল অয়েল বা সিড অয়েলে (বীজ থেকে তৈরি তেল) ডুবিয়ে ভাজা হয়। এগুলো শরীরে ক্ষতিকর কোলেস্টেরল বাড়ায় এবং রক্তনালীতে প্রদাহ বা ইনফ্লামেইশন তৈরি করে।
‘সুপ্রিম’ বা ‘ডিল্যাক্স’ অফার: বার্গার বা স্যান্ডউইচ অর্ডারের সময় মনে হতে পারে, ‘সুপ্রিম’ বা ‘ডিল্যাক্স’ নিলে হয়ত ভালো হবে।
তবে এই পুষ্টিবিদের মতে, “এই নামের খাবারগুলোতে সাধারণ পদের চেয়ে দ্বিগুণ, এমনকি তিনগুণ বেশি ক্যালোরি থাকে। ক্যালোরির পাশাপাশি এগুলোতে অতিরিক্ত সোডিয়াম বা লবণ থাকে, যা উচ্চ রক্তচাপের জন্য দায়ী।”
হরেক রকমের ‘স্পেশাল সস’: ফাস্টফুডের স্বাদ বাড়াতে যে অতিরিক্ত সস, মেয়োনেইজ বা স্পেশাল কন্ডিমেন্টস ব্যবহার করা হয়, তা অত্যন্ত বিপজ্জনক।
এই সসগুলো তৈরিতে প্রচুর পরিমাণে সীড অয়েল এবং কর্ন সিরাপ (এক ধরনের চিনি) ব্যবহার করা হয়। সামান্য একটু সস খাবারে প্রচুর লুকানো চিনি ও বাড়তি ক্যালোরি যোগ করে দেয়।

‘রিফ্রেশার্স’ বা সুগারি কফি: খাবারের সঙ্গে কোল্ড ড্রিংকস বা কোল্ড কফি নেওয়ার অভ্যাস খুব সাধারণ। বিশেষ করে ‘রিফ্রেশার’ বা আইসড কফি নামের পানীয়গুলো চিনি এবং অপ্রয়োজনীয় কার্বোহাইড্রেইটে ঠাঁসা থাকে।
এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে শর্করার মাত্রা এক লাফে বাড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই শরীরকে ক্লান্ত করে ফেলে।
আকর্ষণীয় ‘ভ্যালু মিল’ বা কম্বো প্যাক: অল্প টাকায় বেশি খাবার পাওয়ার লোভে ‘ভ্যালু মিল’ বা কম্বো অফারগুলো কিনতে বেশ লাগে। এটি হয়ত টাকা বাঁচায়, তবে দ্বিগুন ‘পোরশন’য়ের কারণে শরীরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্যালোরি ও ফ্যাট জমা করে।
‘আনলিমিটেড’ বা ‘বুফে’ অফার: আজকাল রেস্তোরাঁগুলোতে ‘আনলিমিটেড’ ড্রিংকস বা ‘অল ইউ ক্যান ইট’ অফারের ধারা প্রায়ই দেখা যায়।
এই ধরনের বিজ্ঞাপনে মানুষ নিজের অজান্তেই অতিরিক্ত খেয়ে ফেলেন। মূল খাবার টেবিলে আসার আগেই ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিংকস বা পপকর্ন দিয়ে পেট ভরে যায়, যা অতিরিক্ত ক্যালোরি বাড়ায়।
ডায়েটের নামে বিভিন্ন ‘বোল’: অনেকে বার্গার বা পিৎজা এড়িয়ে ‘রাইস বোল’ বা ‘সালাদ বোল’ অর্ডার করেন স্বাস্থ্যকর ভেবে।
তবে কেলসি হোলগেট সতর্ক করেছেন যে, “এই বোলগুলোতে ব্যবহৃত সাদা ভাত, অতিরিক্ত মেয়োনেইজ, চিপস বা প্রক্রিয়াজাত মটরধর্মী খাবারের কারণে কার্বোহাইড্রেইটের মাত্রা অনেক বেশি থাকে। ফলে এটিও রক্তে সুগার বাড়াতে এবং মেদ জমাতে ভূমিকা রাখে।

এই পুষ্টিবিদের পরামর্শ
“তাই পরের বার যখন কোনো ফাস্টফুড রেস্তোরাঁয় যাবেন, তখন মেনুর এই চটকদার শব্দগুলোর ফাঁদে পা না দিয়ে সচেতনভাবে খাবার বেছে নিন”, বলেন কেলসি হোলগেট।
আর এই সতর্কতাই সুস্থ ও সবল রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন
যকৃতে চর্বি জমছে? ‘ফ্যাটি লিভার’ তাড়াতে পাতে রাখতে পারেন আঁশ সমৃদ্ধ খাবার