কাচে পড়েছে পানির দাগ? তোলার রয়েছে কৌশল
যে কোনো ধরনের কাচে সাদাটে আস্তর ধরনের দাগ পড়তে পারে যা হয় পানিতে থাকা খনিজের কারণে।
কঠিন পানির সংস্পর্শে আয়না কিংবা কাচের গ্লাসে সময়ের সঙ্গে সঙ্গে দাগ পড়ে যায়।
ঘরের কাচের জানালা, দরজা কিংবা পানির গ্লাস যেটাই হোক না কেন, পানির মধ্যে থাকা ক্যালসিয়াম ও লাইমজাতীয় খনিজ পদার্থ জমে জমে কাচের ওপর সাদা স্তর তৈরি করে।
কঠিন পানির দাগ কীভাবে তৈরি হয়
পানির কঠোরতা নির্ভর করে এর মধ্যে থাকা খনিজ উপাদানের পরিমাণের ওপর।
যখন এসব খনিজ কাচের পৃষ্ঠে জমে শুকিয়ে যায়, তখন সাদা দাগ বা স্তর তৈরি হয়। শুরুতেই দাগ তুলতে না পারলে তা ধীরে ধীরে কাচের পৃষ্ঠে সূক্ষ্ম আঁচড় তৈরি করতে পারে।
একসময় সেই দাগ স্থায়ী হয়ে যায়, যা আর পরিষ্কার করা সম্ভব হয় না। তাই শুরুতেই নিয়মিত পরিচর্যা অত্যন্ত জরুরি।
ভিনেগার দিয়ে কাচের দাগ দূর করার পদ্ধতি
অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “বিশেষভাবে পরিশোধিত ও পরিষ্কার করা সাদা ভিনেগার কিংবা লেবুর রসে থাকা প্রাকৃতিক অম্ল খনিজ দাগ গলিয়ে ফেলতে খুবই কার্যকর। এটি নিরাপদ, সহজলভ্য এবং কাচ ক্ষতিগ্রস্ত করে না।“
পরিষ্কার করার দ্রবণ তৈরি
সমপরিমাণ পরিশোধিত ও পরিষ্কার করা সাদা ভিনেগার বা লেবুর রস ও পাতিত পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। এই মিশ্রণ জানালা ও গোসলখানার কাচ পরিষ্কারের জন্য যথেষ্ট কার্যকর।
দাগ যদি পুরনো ও শক্ত হয়, তবে সাধারণ খাবার ভিনেগারের বদলে পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত শক্তিশালী ভিনেগার ব্যবহার করা যেতে পারে। এটি বেশি কার্যকরভাবে খনিজ স্তর কাটতে পারে।
যদি পানি পানের গ্লাসে দাগ পড়ে তবে সেগুলোকে এই মিশ্রণে ডুবিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নরম কাপড়ে মুছে শুকিয়ে নিলেই হয়ে যাবে।
স্প্রে করে ভিজিয়ে রাখা
জানালার নিচে পুরানো শোষণক্ষম তোয়ালে বিছিয়ে নিলে পানির দাগ দেয়ালে লাগবে না। পছন্দ না হলে ঘরে বায়ু চলাচল বাড়িয়ে নিতে হবে। এরপর কাচের সবচেয়ে ওপরের অংশ থেকে নিচের দিকে সমানভাবে ভিনেগারের মিশ্রণ স্প্রে করতে হবে।
কাচের কোনো অংশ যেন শুকনা না থাকে। মিশ্রণটি অন্তত ৩০ মিনিট কাচে লেগে থাকতে হবে।
রোদেলা দিনে এই কাজ না করাই ভালো, কারণ ভিনেগার দ্রুত শুকিয়ে গেলে দাগ যেতে চাইবে না।
দাগ ঘষে তুলে ফেলা
মিশ্রণ শুকিয়ে গেলে আবার স্প্রে করতে হবে। এরপর নরম ব্রাশ দিয়ে ওপর থেকে নিচের দিকে ছোট ছোট বৃত্তাকার ঘষায় দাগ পরিষ্কার করতে হবে।
কোণায় জমে থাকা দাগ তুলতে পুরানো টুথব্রাশ খুব ভালো কাজ করে। যদিও ভিনেগার ক্ষতিকর নয়, তবে চোখে যাতে ছিটে না পড়ে সে জন্য চোখ রক্ষাকারী চশমা ও হাতে দস্তানা পরা ভালো।
কাচ ধোয়া ও শুকানো
পরিষ্কার পানি দিয়ে কাচ ধুয়ে আলগা দাগ ঝরিয়ে ফেলতে হবে। দাগহীন চকচকে ফিনিশ পেতে রাবারের পরিষ্কারকের সাহায্যে ওপর থেকে নিচে পানি নামাতে হবে।
প্রতিটি টানে পরিষ্কারকটি শুকনা কাপড়ে মুছতে হবে। শেষ ধাপে মাইক্রোফাইবার কাপড় বা কাচ মোছার বিশেষ তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিলে কাচ আবার স্বচ্ছ হয়ে উঠবে।
জেদি দাগ তুলতে বেকিং সোডার পেস্ট
যদি দাগ দীর্ঘদিন ধরে জমে থাকে, শুধু ভিনেগার দাগ তুলতে যথেষ্ট নাও হতে পারে।
এমন পরিস্থিতিতে বেইকিং সোডা খুব কার্যকর।
প্রথমে ভিনেগার মিশ্রণ কাচে লাগিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি বাটিতে তিন ভাগ বেইকিং সোডার সঙ্গে এক ভাগ পানি মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করতে হবে।
পেস্টটি ব্রাশ দিয়ে বৃত্তাকারে ঘষে কাচে লাগাতে হবে। কোণার অংশের জন্য টুথব্রাশ সবচেয়ে ভালো।
প্রায় ১০ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে পেস্টের ওপর সরাসরি ভিনেগার স্প্রে করতে হবে। তখন স্বাভাবিকভাবেই ফেনা তৈরি হবে, যা দাগ ভেঙে ফেলতে সাহায্য করে।
ফেনা থামার পর ওপর থেকে নিচে আবার ঘষতে হবে। শেষে পানি দিয়ে ধুয়ে পরিষ্কারক ও নরম কাপড়ে শুকিয়ে নিলেই কাচ দাগমুক্ত হয়ে যাবে।
কাচে দাগ পড়া রোধে প্রয়োজনীয় অভ্যাস
অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “দাগ দূর করার চেয়ে দাগ পড়া রোধ করাই বেশি সহজ। গোসল শেষে কাচ সঙ্গে সঙ্গে মুছে ফেললে কঠিন পানির দাগ হওয়ার সুযোগ থাকে না। সপ্তাহে একবার ভিনেগারের মিশ্রণ দিয়ে গোসলখানার কাচ পরিষ্কার করা উচিত।”
জানালা যেন ভিজে না যায়, তা খেয়াল রাখতে হবে। ইচ্ছা করলে কাচে পানি প্রতিরোধক কোনো স্তর লাগানো যেতে পারে, যাতে পানি দ্রুত নেমে গিয়ে দাগ তৈরি না করে।
আরও পড়ুন
