কানের খৈল পরখ করে বোঝা যাবে ঘামে দুর্গন্ধ হবে, নাকি হবে না
জিনগত বৈশিষ্ট ছাড়াও ঘামে গন্ধ না হওয়ার কারণের মধ্যে আছে খাদ্যাভ্যাস ও যাপিত জীবনের ধারা।
প্রচণ্ড গরমেও কিছু মানুষের শরীরে কোনো দুর্গন্ধ হয় না। ডিওডোরেন্টও লাগে না তাদের। এর পেছনে আছে জিনগত কারণ থেকে শুরু করে খাদ্যাভ্যাস পর্যন্ত নানান বিষয়।
গরমের দিনে অফিস থেকে বাড়ি ফেরার পথে নিজেকে নিয়ে একটু অস্বস্তি হয় প্রায় সবারই। তবে আশপাশে এমন কিছু মানুষ আছেন, যারা ঘণ্টার পর ঘণ্টা রোদে ঘুরেও একেবারে নির্গন্ধ থাকেন। ডিওডোরেন্ট ছাড়াও তাদের কোনো সমস্যা হয় না। কীভাবে সম্ভব এটা?
উত্তরটা লুকিয়ে আছে মানুষের শরীরের ভেতরে — জিন বা বংশগতিতে, ঘর্মগ্রন্থিতে, এমনকি খাবারের থালায়।
ঘামের নিজের কোনো গন্ধ নেই
অনেকেই মনে করেন, ঘাম মানেই দুর্গন্ধ। তবে ধারণাটা আসলে ঠিক নয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “ঘামের নিজস্ব কোনো কটু গন্ধ নেই। ঘামের বেশির ভাগটাই পানি। সঙ্গে থাকে সোডিয়াম এবং ক্লোরাইডের মতো কিছু উপাদান। গন্ধ তৈরি হয় পরে, যখন এই ঘাম ত্বকের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে।”
শরীরে দুই ধরনের ঘর্মগ্রন্থি আছে — ‘এক্রিন’ এবং ‘অ্যাপোক্রিন’। এক্রিন গ্রন্থি থেকে যে ঘাম বের হয়, সেটা পানির মতো পাতলা এবং গন্ধহীন। এই ঘামই শরীরকে ঠাণ্ডা রাখে, গরমের দিনে শরীরে হওয়া ঘামের বেশির ভাগটাই এই ধরনের।
সমস্যা হয় অ্যাপোক্রিন গ্রন্থি নিয়ে। এই গ্রন্থি থাকে মূলত বগল, কুঁচকি আর মাথার মতো যেসব জায়গায় চুল আছে সেখানে।
এখান থেকে বের হওয়া ঘাম তুলনামূলক ঘন। আর এই ঘামই ব্যাকটেরিয়ার সঙ্গে মিলে দুর্গন্ধ তৈরি করে।
জানালেন এই চিকিৎসক।
চাপ বাড়লে গন্ধও বাড়ে
একটু অবাক লাগলেও কথাটা সত্যি। যখন মানসিক চাপে থাকা হয় বা অবসন্ন বোধে অ্যাপোক্রিন গ্রন্থি বেশি সক্রিয় হয়ে ওঠে। মানে, উদ্বেগের সময় যে ঘাম হয়, সেটা স্বাভাবিক সময়ের ঘামের চেয়ে অনেক বেশি দুর্গন্ধ তৈরি করে।
পরীক্ষার আগের রাতে বা বড় কোনো উপস্থাপনার আগে শরীরে যে বিশেষ ধরনের ঘাম হয়, সেটা মূলত এই কারণেই।
শরীরের রসায়নটা ঠিক সেভাবেই কাজ করে।
জিনের কারণেই কেউ কেউ নির্গন্ধ
কিছু মানুষের শরীরে ঘামের দুর্গন্ধ খুব কম হয় বা একেবারেই হয় না। এর পেছনে বড় কারণ জিনগত বৈচিত্র্য।
‘জার্নাল অফ ইনভেস্টিগেইটিভ ডার্মাটোলজি’তে প্রকাশিত জার্মানি ও সুইজারল্যান্ডের প্রসাধনী ও সুগন্ধি প্রতিষ্ঠান ‘বায়ার্সডর্ফ এজি’ এবং ‘জিভোদাঁ সোয়াইত্স এজি’-র বিজ্ঞানীদের করা গবেষণায় দেখা গেছে- পূর্ব এশিয়ার মানুষদের মধ্যে একটি বিশেষ ‘জিন ভ্যারিয়েশন’ আছে, যাকে বলা হয় এবিসিসি১১।
এই জিনটি অ্যাপোক্রিন গ্রন্থির ঘামে প্রোটিনের পরিমাণ কমিয়ে দেয়। প্রোটিন কম মানে ব্যাকটেরিয়ার সঙ্গে মিলে গন্ধ তৈরির উপাদানও কম। ফলে দুর্গন্ধ হয় না বললেই চলে।
গবেষণার ফলাফলে আরও জানানো হয়, এই জিনের মিউটেইশন বা পরিবর্তনের কারণে পূর্ব এশীয়দের (বিশেষ করে চীনা, জাপানি ও কোরিয়ান) ঘামে দুর্গন্ধ তৈরি করার মতো নির্দিষ্ট প্রোটিন বা রাসায়নিক থাকে না। এই জিনের প্রভাবেই তাদের কানের খৈল শুষ্ক হয়।
এছাড়া যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ ব্রিস্টল’য়ের ‘জেনেটিক এপিডেমিওলজিস্ট’ অধ্যাপক ইয়ান ডে এবং তার দল, ২০১৩ সালে প্রায় ৬ হাজার ৫শ’ নারীর ওপর গবেষণা চালিয়ে দেখেছিলেন, যাদের শরীরে এবিসিসি১১ জিনের একটি নির্দিষ্ট সংস্করণ আছে, তাদের বগলে কোনো দুর্গন্ধ তৈরি হয় না।
শরীরে এবিসিসি১১ জিনটি আছে কি-না, বোঝার উপায়
সবচেয়ে সহজ প্রাকৃতিক উপায় হল, কানের খৈল বা ‘ইয়ারওয়াক্স’ পরীক্ষা করা।
গবেষকরা দেখেছেন, এই একটি মাত্র জিনই কানের খৈলের ধরন এবং বগলের দুর্গন্ধ— দুটাই নিয়ন্ত্রণ করে। নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখা যেতে পারে-
শুষ্ক ও খসখসে খৈল: কানের খৈল যদি শুষ্ক, সাদাটে এবং গুঁড়া বা পাপড়ির মতো খসখসে হয়, তবে শরীরে ওই বিশেষ জিনটি সক্রিয়। এই ধরনের খৈল থাকলে বগলে প্রাকৃতিকভাবেই কোনো দুর্গন্ধ হওয়ার কথা নয়।
আঠালো ও ভেজা খৈল: কানের খৈল যদি বাদামি বা হলদেটে রংয়ের এবং আঠালো বা ভেজা প্রকৃতির হয়, তবে শরীরে সাধারণ এবিসিসি১১ জিনটি আছে। এই ক্ষেত্রে ঘামলে বগলে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
খাবারের থালাও ঠিক করে শরীরের গন্ধ
জিন বা বংশগতি ছাড়াও আরেকটি বড় প্রভাবক আছে, সেটা হল প্রতিদিনের খাবার।
ডা. নয়ন বলেন, “বিভিন্ন গবেষণায় দেখা গেছে- রেড মিট’ বা লাল মাংস, অ্যালকোহল, কাঁচা পেঁয়াজ, রসুন — এসব খাবার শরীরে দুর্গন্ধ বাড়ায়।”
তিনি আরও জানান, এছাড়া জিরা, মেথি, কারিপাতার মতো মসলায় এমন কিছু যৌগ আছে যা শরীরে দীর্ঘক্ষণ থাকে এবং ঘামের মাধ্যমে বের হওয়ার সময় গন্ধ ছড়ায়।
অন্যদিকে যারা এসব খাবার কম খান, বেশি পানি পান করেন এবং সবজি নির্ভর খাবার বেশি বেছে নেন, তাদের শরীরে স্বাভাবিকভাবেই দুর্গন্ধ কম হয়।
মানে, খাবারের পছন্দ বদলালে শরীরের গন্ধও অনেকটা বদলে যেতে পারে।
নিজের গন্ধ নিজে টের পান না কেন?
ডা. নয়ন বলেন, “এখানে একটা মজার বিষয় আছে। আমরা প্রায়ই ভাবি, আমার শরীরে কোনো দুর্গন্ধ নেই। তবে আশপাশের মানুষেরা হয়তো ঠিকই টের পাচ্ছেন।”
এটা হয় কারণ মস্তিষ্ক নিজের শরীরের গন্ধকে একটা স্থায়ী পরিচিত উদ্দীপনা হিসেবে দেখে এবং ধীরে ধীরে সেটাকে উপেক্ষা করতে শুরু করে। বাইরের নতুন গন্ধের প্রতি মনোযোগ বাড়ে, নিজের গন্ধের প্রতি কমে।
তাই নিজেকে নির্গন্ধ মনে হলেও সেটা সবসময় সত্যি নয়।
কাজেই বন্ধু বা পরিচিত কেউ যদি কখনও সরাসরি বলে দেন, তাহলে অপমান না ভেবে বরং কৃতজ্ঞ থাকুন।
শরীরের দুর্গন্ধ কমাতে যা করা যায়
জিন বদলানো সম্ভব নয়, তবে কিছু অভ্যাস বদলালে পরিস্থিতি অনেকটাই ভালো রাখা যায়।
নিয়মিত গোসল করা এবং ত্বক পরিষ্কার রাখতে হবে। ঢিলেঢালা, বাতাস চলাচলে সুবিধাজনক পোশাক পরতে হবে, যাতে ঘাম শরীরে আটকে না থাকে।
প্রচুর পানি পানের অভ্যাস করতে হবে। কারণ পানি ঘামকে পাতলা করে দেয়। পেঁয়াজ, রসুন, লাল মাংসের মতো দুর্গন্ধ বাড়ানো খাবার যতটা পারা যায় কম খাওয়ার চেষ্টা করতে হবে।
“ডিওডোরেন্টের পাশাপাশি ‘অ্যান্টিপার্সপিরান্ট’ ব্যবহার করা উপকারী। বগল পরিষ্কারে ‘বেনজাইল পারঅক্সাইড বডিওয়াশ’ কার্যকর” বলেন ডা. নয়ন।
আরও গুরুত্বপূর্ণ হল মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। ধ্যান বা হালকা ব্যায়ামের মাধ্যমে চাপমুক্ত থাকতে পারলে অ্যাপোক্রিন গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা কমে, এবং দুর্গন্ধের আশঙ্কাও কমে আসে।
আরও পড়ুন
