২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিফটে ভদ্রতা: ছোট জায়গার শিষ্টাচার

লিফটের ভেতর অন্য মানুষদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা উচিত।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:28 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

উচ্চ ভবনে বসবাস বা অফিসে কাজের কারণে প্রতিদিনই লিফট ব্যবহার করতে হয়। তবে ছোট এই জায়গায় কয়েক সেকেন্ড বা মিনিটের যাতায়াতও অস্বস্তিকর হয়ে উঠতে পারে, যদি মৌলিক শিষ্টাচার না মানা হয়।

লিফট ব্যবহার করার সময় কিছু সাধারণ ভদ্রতা মেনে চললে সবার যাত্রাই হয় স্বস্তিদায়ক।

জোরে ফোনে কথা বলা এড়িয়ে চলা

লিফট একটি সীমিত ও বন্ধ জায়গা। এখানে ফোনে জোরে কথা বলা অন্যদের বিরক্ত করে এবং ব্যক্তিগত কথাও অনিচ্ছাকৃতভাবে সবার কানে পৌঁছে যায়।

তাই লিফটে উঠলে সম্ভব হলে ফোন কলে সংক্ষিপ্ত কথা বলতে হবে বা কল শেষ করা উচিত।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ‘রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ বিভাগের প্রধান রিনাত ফৌজিয়া মনে করেন, “লিফটে বেশি ব্যক্তিগত প্রশ্ন বা কথা বলা ঠিক নয়।”

এছাড়া অফিসের সহকর্মীদের সঙ্গে মিটিং, অন্য কোনও সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসে কী কাজ করলেন, অন্য কোনও সহকর্মীর সঙ্গে কোথাও দেখা বা কথা হওয়া- এই ধরনের বিষয় নিয়ে লিফটে বলা ঠিক নয়।

এতে লিফটে থাকা অন্য ব্যক্তিদের বিরক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

হাঁচি-কাশির সময় সতর্ক

বন্ধ জায়গায় জীবাণু দ্রুত ছড়াতে পারে। তাই হাঁচি বা কাশি এলে রুমাল, টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে নিতে হবে। এতে অন্যদের অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি কমে।

“এছাড়া কারও মুখের সামনে জোড়ে নাক ঝাড়া বা কাশি দেওয়াও ভদ্রতার পরিপন্থি”- বলেন এই রিনাত ফৌজিয়া।

পরিচিত মানুষের সঙ্গে ধীর-স্বরে কথা

লিফটে পরিচিত কারও সঙ্গে দেখা হলে, কথা বলা স্বাভাবিক। তবে উচ্চস্বরে গল্প, হাসাহাসি বা হৈচৈ অন্যদের বিরক্ত করতে পারে। তাই সংক্ষিপ্ত ও আস্তে কথা বলাই ভদ্রতা।

যেভাবে দাঁড়ানো ঠিক না

লিফটে ঢুকে দরজার দিকে মুখ করে বা পাশ ফিরিয়ে দাঁড়ানো ভালো, যাতে অন্যরা সহজে ঢুকতে বা বের হতে পারে। মাঝখানে দাঁড়িয়ে পুরো জায়গা আটকে রাখা ঠিক নয়।

আগে বের হওয়ার সুযোগ দেওয়া

লিফট থামলে আগে যারা নামবেন, তাদের বের হওয়ার সুযোগ দিতে হবে। অনেকে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন, এতে ভিড় ও ধাক্কাধাক্কি তৈরি হয়।

কারও দিকে একটানা তাকিয়ে না থাকা

লিফটে জায়গা ছোট থাকে ফলে সবাইকেই কাছাকাছি দাঁড়াতে হয়। তবে কোনওভাবেই কারও চেহারার দিকে একটানা তাকিয়ে থাকা যাবে না। এতে অন্য ব্যক্তি অস্বস্তিতে পড়েন।

এক্ষেত্রে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকাই ভালো উপায়।

বড় ব্যাগ বা মালপত্র সামলে রাখা

হাতে বড় ব্যাগ বা বাজার থাকলে তা শরীরের কাছাকাছি বা মাটিতে এমনভাবে রাখতে হবে যেন অন্যদের গায়ে না লাগে বা চলাচলে বাধা না হয়।

নিজের হাত ওঠা-নামা করা যাবে না, কারণ অন্যের গায়ে হাত লাগা অশোভন আচরণ।

বাটন অযথা না চাপা

অন্যের জন্য বাটন চাপা ভালো অভ্যাস, তবে অপ্রয়োজনে সব বাটন চাপা বা মজা করা অসভ্যতা। এছাড়া বাটন চেপে সেই তলায় না নামাও অভদ্রতা। আবার অন্য ব্যক্তি এতে বিরক্তও হন। কারণ লিফটে অনেকেই সময়ের তাড়ায় থাকতে পারেন।

সেক্ষেত্রে শুধু শুধু লিফটের দরজা খুলে আবার বন্ধ হলে অযথাই সময় নষ্ট হয়।

লিফটের দরজা না আটকানো 

দরজা হাত বা পা দিয়ে আটকে রাখা ঝুঁকিপূর্ণ এবং লিফটের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। দরকার হলে ‘ডোর ওপেন’ বাটন ব্যবহার করতে হবে।

খাবার বা দুর্গন্ধ এড়িয়ে চলা

তীব্র গন্ধযুক্ত খাবার বা ধূমপানের গন্ধ লিফটে অন্যদের অস্বস্তিতে ফেলতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। ধূমপান করে লিফটে ওঠার আগে অবশ্যই গায়ে সুগন্ধি ও মুখে ফ্রেশনার ব্যবহার করা উচিত।

শিশুদের আচরণে খেয়াল রাখা

শিশুরা লিফটে দৌড়ঝাঁপ বা বাটন চাপতে পছন্দ করে। তবে অভিভাবকদের উচিত তাদের নিয়ন্ত্রণে রাখা।

“এ ধরনের আচরণ শিশুদের ভালো শিক্ষা দেয় না”- বলেন রিনাত ফৌজিয়া।

গান, রিলস দেখতে গিয়ে নামতে দেরি করা

লিফটে অল্প সময় একসঙ্গে দাঁড়াতে হয়। তবে এই স্বল্প সময়ের ভদ্র আচরণই সামাজিক পরিবেশ তৈরি করে। অনেকেই লিফটে ফোনে উচ্চ শব্দে গান শোনেন ও রিলস দেখেন যা অন্যদের বিরক্ত করে।

আবার অনেক সময়েই দেখা যায় ফোন দেখতে দেখতে নিজের ‘তলা’ আসলেও খেয়াল না করায় নামতে দেরি করেন। এতে লিফটের সকলের সময় নষ্ট হওয়ার পাশাপাশি অস্বস্তিও তৈরি হয়।

নিচের তলায় যেতে ওপরের তলায় কল করা

অনেকেই নিচের তলায় যেতে চান, তবে ওপরে কল করেন। ফলে লিফট ওপরের তলায় যেতে সেই তলায় থেমে যায়।

যে তলাতেই থাকুন না কেনো আর লিফট যেখানেই থাকুক, নিচে যেতে চাইলে ‘নিচের দিক করা বাটন’ আর ‘উপরে যেতে উপরের দিক করা বাটন’ চাপতে হয়।

ময়লা না ফেলা

লিফটের ভেতর যে কোনো ধরনের কাগজের টুকরা, প্যাকেট ঠোঙাসহ সব ধরনের ময়লা ফেলা অভদ্রতার পর্যায়ে পড়ে।

আরও পড়ুন

হঠাৎ লিফটে আটকে গেলে কী করবেন?

বিচ্ছেদের পর প্রাক্তনকে দেখলে ভদ্রতা না এড়িয়ে যাওয়া?

বিমানের ভেতরে যে আচরণ করা যাবে না

বিমানবন্দরে করা যেসব কাজ সহযাত্রীদের অস্বস্তির কারণ হয়