০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ডায়াবেটিসের কারণেও চুল পড়তে পারে

পুষ্টির অভাব, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, হরমোনের ভারসাম্যহীনতা এরকম বিভিন্ন কারণে ডায়াবেটিকদের চুল পড়ার সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিসের কারণেও চুল পড়তে পারে

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 07:32 PM

Updated : 17 Jun 2023, 07:31 PM

ডায়াবেটিসের কারণে চুল পড়া সমস্যা রোধ করা যায়।

তবে কী কারণে চুল পড়ছে সেটাও অনুসন্ধান করা জরুরি।

‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ের তথ্যানুসারে, দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। চুল পড়ার মাত্রা এর চেয়ে বেশি হলে তা চিরুনি, কাপড়, মেঝে ও সিংকেও দেখা যাবে।

এই বিষয়ে ভারতের গুরুগ্রামেস অবস্থিত ‘পরশ হেল্থ’য়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মানদ্বীপ সিং হেল্থ শটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “নারীদের বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ার প্রবণতা বাড়ে। তবে সবসময় এর জন্য বয়সকে দোষ দেওয়া যায় না।”

নানান স্বাস্থ্যগত সমস্যা যেমন- ডায়াবেটিস চুল পড়ার অন্যতম কারণ হতে পারে।

ডায়াবেটিস থেকে চুল পড়ার সমস্যা

ডায়াবেটিস একটা দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ যা রক্তে গ্লুকোজ বা শর্করার উচ্চ মাত্রার কারণে হয়ে থাকে।

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন’য়ের মতে, ডায়াবেটিস সময়ের সাথে সাথে চোখ, হৃদপিণ্ড, কিডনি, রক্তনালী ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করে থাকে।

রক্ত সঞ্চালনে সমস্যা

ডা. সিং বলেন, “উচ্চ মাত্রায় রক্তের শর্করা রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন কমায়। ফলে চুলের ফলিকলে পুষ্টি ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। চুলের বৃদ্ধির জন্য ফলিকল সুস্থ থাকা আবশ্যক।

হরমোনের ভারসাম্যহীনতা

ডায়াবেটিসের কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় ফলে চুল পড়ে। ইন্সুলিনের মাত্রা এবং অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি পেলে চুল পড়ার সমস্যা দেখা দেয়।

প্রদাহ

ডায়াবেটিসের কারণে শরীরে প্রদাহ বাড়ে, চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয় এবং চুল পড়ার সমস্যা দেখা দেয়।

পুষ্টির ঘাটতি

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের দেহে পুষ্টির ঘাটতি দেখা দেয়। তাই বায়োটিন, লৌহ ও জিংক সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে চুল পড়া বাড়তে পারে।

মানসিক চাপ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার বিষয়টা মানসিক চাপ সৃষ্টি করে। এর ফলে চুল পড়া বাড়ে।

ডায়াবেটিসের কারণে চুল পড়ার সমস্যা সমাধান

রক্তের শর্করার মাত্রার ভারসাম্য রক্ষা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।

ডা. সিং বলেন, “রক্তের শর্করার মাত্রা রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং মাথার ত্বকে রক্ত প্রবাহ কমিয়ে দেয়। ফলে চুল পড়ার প্রবণতা দেখা দেয়।”

ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের সাথে কথা বলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হবে। 

ডায়াবেটিসের কারণে চুল পড়া কমাতে আরও কিছু করণীয় আছে। যেমন- 

পুষ্টির ঘাটতি খুঁজে বের করা: ডায়াবেটিকদের পুষ্টির ঘাটতি দেখা দেয়। তাই নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া আবশ্যক। প্রয়োজনে পুষ্টির সাপ্লিমেন্টও গ্রহণ করতে হতে পারে।

প্রদাহ হ্রাস: চুল পড়া কমাতে দেহের প্রদাহ কমানোর ব্যবস্থা করতে হবে। প্রদাহ কমাতে প্রদাহ নাশক খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন ডা. সিং।

হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ: ডায়াবেটিসের কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, ফলে চুল পড়ে। তাই হরমোনের ভারসাম্যহীনতা আছে কিনা তা যাচাই করতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

সাধারণ চিকিৎসা: ডা. সিংয়ের মতে, “ডায়াবেটিসের কারণে চুল পড়ার কমাতে সহায়ক ওষুধ যেমন- চুলের বৃদ্ধি উদ্দীপ্তকারী ওষুধ গ্রহণ করা যায়। এছাড়াও চুলের বৃদ্ধিতে সহায়ক সম্পূরক ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।

মনে রাখা দরকার

কেবল ডায়াবেটিসের কারণেই চুল পড়ে- বিষয়টা এমন নয়, এর অন্য কারণও থাকতে পারে। তাই অতিরিক্ত চুল পড়া বা অন্যান্য ক্ষয় নজরে পড়লে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা জরুরি।

আরও পড়ুন

পুরানো খবর:

ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা
ডায়াবেটিস এড়াতে উপকারী খাবার
চুল পড়ার নানান কারণ