২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীত পরবর্তী সংক্রমণ রোধে তুলসী

প্রাকৃতিক ভেষজ হিসেবে তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শ্বাসতন্ত্র রক্ষা করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 01:55 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ঋতু পরিবর্তনের সময় অনেকেরই সর্দি-কাশি, গলা-ব্যথা, নাক বন্ধ ও হালকা জ্বরের মতো সমস্যা বেড়ে যায়।

তাপমাত্রার পরিবর্তনে ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়।

এই সময় প্রাকৃতিক ভেষজ হিসেবে তুলসী পাতা সহজলভ্য ও কার্যকর সমাধান হিসেবে বেছে নেওয়া যেতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন জানান, আয়ুর্বেদ ও প্রাচীন ভেষজ চিকিৎসায় তুলসীর ব্যবহার বহুকাল ধরে প্রচলিত। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাক্টেরিয়া ও ভাইরাস রোধী উপাদান শীত ও শীত পরবর্তী সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তুলসী পাতায় থাকা ‘ইউজেনল’, ফ্লাভানয়েডস এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

নিয়মিত তুলসী গ্রহণ করলে ভাইরাসজনিত সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে। তুলসী চা বা রস কাশি কমাতে এবং গলার জ্বালা-খুসখুসে ভাব দূর করতে অত্যন্ত কার্যকর।

এতে প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান শ্বাসনালীর প্রদাহ কমিয়ে দ্রুত আরাম দেয়।

অনেকেরই ঋতু পরিবর্তনের সময় নাক বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয়। তুলসীর উষ্ণ চা নাকের ভেতর জমে থাকা শ্লেষ্মা কমাতে সাহায্য করে, ফলে শ্বাসপ্রশ্বাস সহজ হয়।

হালকা জ্বর ও শরীর ব্যথায় তুলসীর ‘ক্বাথ’ শরীরকে উষ্ণ রাখে এবং দূষিত পদার্থ বের করে দিতে সহায়তা করে।

ব্যবহারের সহজ উপায়গুলো হল-

তুলসী চা: কয়েকটি তাজা তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে মধু বা লেবু মিশিয়ে পান করা যায়।

তুলসী পাতার রস: সকালে খালি পেটে দুয়েক চা-চামচ তাজা পাতার রস গ্রহণ করা উপকারী।

তুলসী-আদা: তুলসী পাতার সঙ্গে আদা ফুটিয়ে পান করলে সর্দি-কাশিতে দ্রুত উপকার পাওয়া যায়।

তুলসী পাতা বাসায় টবে লাগিয়ে রাখলে সারা বছর সহজেই ব্যবহার করা যায়।

তবে দীর্ঘদিন ধরে সর্দি-কাশি, জ্বর বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে শুধু ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত- পরামর্শ দেন ডা. নয়ন।

আরও পড়ুন

ঘরের ভেতর ভেষজ বাগান করার পদ্ধতি

উজ্জ্বল ত্বকের জন্য ভেষজ চা

ভেষজ পানির উপকারিতা