২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প অসুস্থতায় হালকা ব্যায়াম উপকারী

অলস হয়ে পড়ে থাকলেই জেঁকে বসবে অসুখ-বিসুখ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 12:57 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

মৌসুম পরিবর্তনের সময় সাধারণ সর্দি-জ্বরে ভুগতেই হয়। তবে এই অবস্থায় ব্যায়াম করাটা কি ঠিক? নাকি সম্পূর্ণ বিশ্রামে থাকাই হবে শ্রেয়?

চিকিৎসা-বিষয়ক সাধারণ পরামর্শ হল- যদি অসুস্থতা গলার ওপরে থাকে, যেমন- হালকা মাথাব্যথা, নাক বন্ধ বা সর্দি অল্প গলাব্যথা, তবে হালকা ব্যায়াম করা উপকারী।

তবে গলার নিচে যদি অসুস্থতা ধরে, যেমন- বুকে ঠাণ্ডা জমা বা পেটে সমস্যা, তবে ব্যায়াম করা থেকে পিছিয়ে আসতে হবে।

স্বাস্থ্য-বিষয়ক অ্যাপ ‘জিং কোচ’য়ের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ড নিবাসী ওয়াল্টা জর্জা এই বিষয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “সম্পূর্ণভাবে অলস হয়ে বিছানায় শুয়ে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা, শক্তির মাত্রা ও সার্বিকভাবে সেরে ওঠার প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।”

যে পরিমাণ ব্যায়াম করা হয়, সেটার ওপর নির্ভর করবে অসুস্থতায় কতটা কম শরীরচর্চা চালানো যেতে পারে।

এই বিষয়ে উদাহরণ দিতে গিয়ে ‘ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন’য়ের ‘ফ্যামিলি মেডিসিন’ বিভাগের গবেষণাবিষয়ক সহ-সভাপতি ডা. ব্রুস ব্যারেট বলেন, “যদি হালকা-পাতলা অসুস্থতায় ভোগেন তবে ব্যায়াম চালিয়ে যাওয়া যেতে পারে। তবে স্বাভাবিক সময়ে যতটুকু করা হয়, তার চেয়ে কম করতে হবে।”

যেমন- সপ্তাহে ১০ মাইল দৌড়ানো হলে, হালকা ঠাণ্ডা লাগা অবস্থায় পাঁচ মাইল দৌড়ানো যেতে পারে।

হাঁটা আরেকটি ভালো এবং স্বাস্থ্যকর ব্যায়াম- মন্তব্য করেন ওয়াল্টার জর্জা।

তবে যারা ঠাণ্ডা অঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে বুকে কফ জমা জনিত অসুস্থতায় বাইরে না গিয়ে ঘরে ব্যায়াম করার পরামর্শ দেন এই প্রশিক্ষক। না হলে কাশির সমস্যা বেড়ে যেতে পারে।

আবার, বাতাসের গুণগত মানের দিকেও নজর দিতে বলেন ডা. ব্যারেট। যদি বাতাসে দূষণের মাত্রা বেশি হয় তবে হালকা অসুস্থতায় ঘরেই ব্যায়াম নিরাপদ।

ধীর ও সহজ ব্যায়াম সেরা

“সাধারণ ‘স্ট্রেচিং’ করা ভালো পন্থা। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন না, তাদের জন্য”- বলেন ওয়াল্টার জর্জা।

যেমন- কাঁধ টানটান করা ও হাত ওপরে নিচে ওঠানো বা ঘোরানো, পা টানটান করা, গোড়ালি ঘোরানো ইত্যাদি। এক্ষেত্রে ইয়োগা করা উপকারী ভূমিকা রাখে।

জর্জা’র ভাষায় “এ ধরনের ব্যায়ামগুলো হালকা, শক্তির খরচ কম। তবে দেহে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ায় ফলে সার্বিকভাবে দেহের ও হাড়ের জোড়ে উপকার মেলে।”

প্রধান বিষয় হল, অতি মাত্রায় ব্যায়াম করা যাবে না।

ডা. ব্যারেট বলেন, ““যারা নিয়মিত ব্যায়াম করেন তারা অসুস্থ হন কম, আর হলেও ভোগেন কম। তাই সুস্থ হওয়ার পর নিয়মিত ব্যায়ামের রুটিনে ফিরে যেতে হবে।”

‘অনালস অফ ফ্যামিলি মেডিসিন’ সাময়িকীতে ২০১৩ সালে প্রকাশিত এই চিকিৎসকের করা গবেষণায় এমন ফলাফলই পাওয়া গিয়েছে।

তিনি আরও বলেন, “যারা নিয়মিত ব্যায়াম করেন না, বা একেবারেই করছেন না, তাদের বলবো সপ্তাহে দুই, তিন বা চার ঘণ্টা শরীরচর্চায় মনোযোগ দিন। এতে অসুস্থ হওয়ার ঝুঁকি কমবে।”

মোটা দাগে এই দুই বিশেষজ্ঞের পরামর্শ হল- অলস হয়ে পড়ে থাকা যাবে না, নড়াচড়া ও কর্মক্ষম থাকতে হবে।

আরও পড়ুন

অতিরিক্ত ব্যায়ামের জটিলতা

ব্যায়ামের পর পেটের অস্বস্তি

প্রদাহ কমাতে ব্যায়াম

অতিরিক্ত ব্যায়ামের কুফল

ব্যায়াম ছাড়াও স্বাস্থ্যবান থাকার পন্থা