মানসিক সুস্থতার জন্য ‘নিজের সময়’ কেন অপরিহার্য?
নিরিবিলি সময় মানে, মস্তিষ্ককে পুনরুদ্ধারের সুযোগ দেওয়া।
পরিবার, কাজ, সমাজ সব মিলিয়ে জীবন যেন সারাক্ষণই অন্যের প্রয়োজন মেটাতে ব্যস্ত।
সন্তানের দায়িত্ব, স্বামী–স্ত্রীর প্রত্যাশা, অফিসের কাজ কিংবা বন্ধুস্বজনের আবদার সামলাতে গিয়ে নিজের জন্য একটু সময় চাইলে অনেকের মনেই অপরাধবোধ কাজ করে। মনে হয়- একা থাকতে চাওয়া বুঝি স্বার্থপরতা।
তবে মনোরোগ বিশেষজ্ঞ নাদিয়া নাসরিন এই ধারণাকে পুরোপুরি ভুল বলছেন।
তার কথায়, “নিজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা বিলাসিতা নয়, বরং মানসিক সুস্থতার জন্য একটি মৌলিক প্রয়োজন।”
মস্তিষ্কের বিশ্রামের বিজ্ঞান
মানুষের মস্তিষ্ক একটানা সাড়া দেওয়ার অবস্থায় বেশিক্ষণ থাকতে পারে না। সারাক্ষণ মানুষের কথায়, কাজের চাপে সাড়া দিতে দিতে মস্তিষ্কের চাপ সহনশীল অংশটি ক্লান্ত হয়ে পড়ে।
বিশেষ করে পরিকল্পনা, সিদ্ধান্ত নেওয়া ও মনোযোগ ধরে রাখার দায়িত্বে থাকা অংশটি তখন দুর্বল হয়ে যায়। ফলে সহজ কাজেও মন বসে না, সামান্য ঘটনাতেও ধৈর্য হারিয়ে যায়।
নাদিয়া নাসরিন বলেন, “অল্প সময়ের নীরবতা বা কাজ থেকে বিরতি মস্তিষ্ককে আবার নতুন করে জেগে উঠতে সাহায্য করে।”
গবেষণায় দেখা গেছে, এই নিঃশব্দ সময় মস্তিষ্কের অভ্যন্তরীণ বিশ্রাম-ব্যবস্থাকে সক্রিয় করে। যা ভাবনা, স্মৃতি আর সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখে।
বিরতি মানেই পালানো নয়, বরং পুনরুদ্ধার
অনেকে ভাবেন, একা থাকার মানে সব কিছু থেকে পালানো। তবে বিষয়টি তা নয়।
নিজের জন্য নিরিবিলি সময় মানে, মস্তিষ্ককে পুনরুদ্ধারের সুযোগ দেওয়া। যখন বাইরের চাপ কমে আসে, তখন ‘স্ট্রেস’ বা চাপ হরমোনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে।
অনুভূতির ভারসাম্য ফেরে, চিন্তা পরিষ্কার হয়। অর্থাৎ ‘নিজের সময়’ হল মানসিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া।
দুশ্চিন্তা কমাতে ভূমিকা
একাকিত্বের এই সচেতন মুহূর্তগুলো সবচেয়ে বড় যে উপকারটি করে, তা হল মানসিক চাপ কমানো।
যখন মানুষ সব ধরনের দাবি থেকে সাময়িক দূরে থাকে, তখন দুশ্চিন্তার সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশটি কম সক্রিয় হয়। ফলে উদ্বেগের মাত্রা হ্রাস পায় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়।
নিয়মিত অল্প সময়ের এই বিরতি মানুষকে ভিতর থেকে স্থির রাখতে সাহায্য করে।
স্মৃতি ও সৃজনশীলতা বাড়ায়
‘নিজের একান্ত সময়’ মস্তিষ্কের স্মৃতি ধারণক্ষমতা ও সৃজনশীলতাও বাড়ায়।
গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কিছু সময় ‘ইনপুট’-হীন বা কোনো কাজ না করা অবস্থায় থাকে, তখন নতুন চিন্তার রাস্তা খুলে যায়।
এই সময়টাতে মানুষ সমস্যার সমাধান নতুন দৃষ্টিতে দেখতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার হয়, মানসিক ক্লান্তিও অনেকটাই কমে।
অবসাদ ও কর্মক্ষয় রোধে সহায়ক
মানসিক চাপ দীর্ঘদিন চলতে থাকলে তা একসময় তীব্র অবসাদে রূপ নিতে পারে।
নাদিয়া নাসরিনের মতে, “নিয়মিত নিজের জন্য সময় রাখা হলে উদ্বেগের লক্ষণ কমে আসে এবং পেশাগত কর্মক্ষয়ের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।”
কর্মজীবন, যানজট, পরিবার সামলানোর মাঝে, ‘নিজের সময়’ মানে ঘণ্টার পর ঘণ্টা বিলাসী অবসর নয়। বরং দিনের ভেতরে থাকা ছোট ছোট ফাঁকই যথেষ্ট হতে পারে।
পাঁচ মিনিট গভীর শ্বাস নেওয়া, দশ মিনিট হাঁটা, অথবা কিছুক্ষণ নীরবে বসে লেখা— এগুলো মস্তিষ্ককে প্রয়োজনীয় প্রশান্তি দিতে পারে।
দৈনন্দিন অভ্যাসের সঙ্গে যুক্ত করা
‘নিজের সময়’ আলাদা করে তৈরি করার বদলে, প্রতিদিনের অভ্যাসের সঙ্গেই জুড়ে দেওয়াই ভালো।
সকালের চা খাওয়ার সময় কয়েক মিনিট নিঃশ্বাসের দিকে মনোযোগ দেওয়া, যাতায়াতের পথে নিরিবিলি বসে থাকা কিংবা সন্ধ্যায় ঘুমের আগে দিনের কথা ভাবা- এসব ছোট অভ্যাস ধারাবাহিকভাবে মানসিক সুস্থতা গড়ে তোলে।
এতে নতুন করে সময়সূচি বদলানোর প্রয়োজন পড়ে না, তবু উপকার মেলে নিয়মিত।
সীমারেখা টানার গুরুত্ব
‘নিজের সময়’ টিকিয়ে রাখতে হলে অন্যদের সঙ্গে ছোট ছোট সীমারেখা টানা জরুরি।
সকাল শুরুর প্রথম দশ মিনিট বা রাতের শেষ দশ মিনিট পরিবারের বা কর্মস্থলের অনুরোধ থেকে মুক্ত রাখাতে হবে।
সময়টি স্পষ্ট করে নির্ধারণ করলে ‘মি টাইম’ চর্চায় সুবিধা হবে।
অতিরিক্ত দায়িত্ব নেওয়া, ফোনে অহেতুক সময় নষ্ট করা কিংবা অন্যের প্রত্যাশা মেটাতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া এসব অভ্যাস কমালে নিজের সময় পাওয়া সহজ হয়।
আরও পড়ুন
