২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দেখায় কী বলবেন বুঝে উঠতে পারছেন না?

প্রশ্ন করার ধরন জানলে আলাপচারিতা হয়ে উঠতে পারে মজার।

প্রথম দেখায় কী বলবেন বুঝে উঠতে পারছেন না?
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 07:14 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

প্রিয় মানুষের সঙ্গে প্রথম দেখার আগে হালকা ভয় অনুভব হওয়াটা খুব স্বাভাবিক। কারণ এমন একজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, যিনি ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠতে পারেন। এই ভাবনা থেকেই চাপ তৈরি হয়।

কী বলবেন, কখন হাসবেন, কীভাবে নিজেকে উপস্থাপন করবেন— সবকিছুই এক ধরনের মানসিক প্রস্তুতির অংশ।

তবে অনেকেই একসময় এমন অবস্থায় পড়েন, যখন কথার জোগান ফুরিয়ে আসে। এমন সময় কিছু প্রশ্ন বা আলাপের বিষয় আগে থেকে মাথায় রাখলে আলাপচারিতা সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে।

প্রথম দেখা মানেই যেন ইন্টারভিউ না হয়

প্রথম দেখায় যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, তা হল— এটা কোনো চাকরির ইন্টারভিউ নয়। বরং এটি সম্পর্কে জড়ানোর প্রথম ধাপ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পর্ক বিশেষজ্ঞ জাইমি ব্রনস্টেইন ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “প্রথম দেখায় কখনই জিজ্ঞাসাবাদের মতো মনে হওয়া উচিত নয়। আলাপটা যেন সহজভাবে চলতে পারে, সেটাই জরুরি।”

তিনি আরও বলেন, “অনেক সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চেষ্টা করি যেন সামনের মানুষটি আমাদের পছন্দ করে। অথচ ভুলে যাই, সম্পর্ক তো দুই পক্ষের! আপনি যেমন তার পছন্দ জানতে চাইছেন, তেমন আপনিও দেখছেন এই মানুষটি আদৌ আপনার মানসিকতা ও মূল্যবোধের সঙ্গে মেলে কি-না।”

দেখা করতে যাওয়ার আগে একবার কথা বলা

বিশেষ করে যদি কারও সঙ্গে ডেটিং অ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, তবে সরাসরি দেখা করার আগে ফোনে বা ‘ভিডিও কলে’ হালকা আলাপ করে নেওয়া ভালো।

এতে একে অপর সম্পর্কে কিছুটা বোঝাপড়া তৈরি হয় এবং ডেইটের সময় একদম নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হয় না।

জাইমি ব্রনস্টেইন বলেন, “ডেইটের আগেই ফোনে কিছু সময় কথা বললে মূল ডেইটের সময় প্রশ্নের চাপে পড়তে হয় না, বরং দুজনেই উদ্বেগহীন অবস্থায় গল্প করতে পারেন।”

মূল্যবোধ সামনে রেখে আলাপ চালানো জরুরি

প্রথম দেখার দিনে নিজের জীবনের গল্প, কাজ, পড়াশোনা বা আগ্রহের বিষয় তুলে ধরার পাশাপাশি একজন মানুষ হিসেবে আপনি কেমন, তাও তুলে ধরা জরুরি।

একইভাবে তার ব্যক্তিত্ব, চিন্তাধারা ও মানসিকতা বোঝার চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ।

উদাহরণ হিসেবে ব্রনস্টেইন বলেন, “যদি জানতে চান আপনার ডেইট বা পছন্দের মানুষটি কতটা সহানুভূতিশীল, তাহলে সরাসরি প্রশ্ন না করে জিজ্ঞেস করতে পারেন— ‘তোমার বন্ধুদের কেউ কঠিন সময় পার করলে তুমি কীভাবে পাশে থাকো?’ এই ধরনের প্রশ্নে একজনের মানবিক দিকগুলো উঠে আসে।”

কী কী প্রশ্ন করলে আলাপ প্রাণবন্ত হয়?

এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আলাপকে একঘেয়ে হতে না দিয়ে মজার ও অর্থবহ করে তোলে।

মজার ও হালকা আলাপের জন্য:

যদি সারাজীবন একটি খাবার খেতে হত, সেটা কী হতো?

শেষবার কোথায় ভ্রমণে গিয়েছিলে?

কোন গান তোমার জীবনের ‘সাউন্ডট্র্যাক’ হতে পারে বলে মনে হয়?

কোনো তারকার সঙ্গে দেখা হয়েছিল? কেমন অভিজ্ঞতা ছিল?

অন্তরঙ্গ ও সম্পর্কঘনিষ্ঠ প্রশ্ন:

একান্ত সময় কাটানোর জন্য তোমার আদর্শ ডেইট কেমন?

বড় চ্যালেঞ্জে পড়লে কার সঙ্গে কথা বল প্রথমে?

সম্পর্কের ক্ষেত্রে তোমার জন্য কোন বিষয়টি অপরিহার্য?

গভীর প্রশ্ন যেগুলো মানসিকতা বোঝাতে সাহায্য করে:

ছোটবেলায় তুমি নিজের সম্পর্কে কী ভাবতে?

আজকের তুমি সেই ছোট মানুষটিকে কী পরামর্শ দিতে চাইতে?

জীবনে কোন কাজটি করে সবচেয়ে বেশি গর্বিত হয়েছ?

এই ধরনের প্রশ্নগুলো শুধুই কথোপকথনের বিষয় নয়— এগুলো পারস্পরিক বোঝাপড়ার একটা সেতুবন্ধন গড়ে তুলতে সাহায্য করে।

আরও পড়ুন

সম্পর্ক গভীর করতে সঙ্গীকে যে প্রশ্নগুলো করা ভালো

সম্পর্ক রক্ষায় কঠিন হওয়া

নতুন সম্পর্কে জড়াতে যা খেয়াল রাখা দরকার