২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঁড়ি ভাঙতে হাঁপিয়ে যান?

শারীরিক অবস্থা বুঝতে কিছু লক্ষণের ওপর নজর দেওয়া জরুরি।

সিঁড়ি ভাঙতে হাঁপিয়ে যান?
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

সিঁড়ি ভাঙতে গিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো শারীরিক অবস্থা অনেকেরই হয়।

বিশেষ করে কয়েক ধাপের পরই যদি বুক ধড়ফড় করতে থাকে বা শ্বাস নিতে কষ্ট হয়, তখন মনে হয় শরীরে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে।

তবে আদৌ কি সিঁড়ি ভাঙার পর হাঁপিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু? নাকি এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত ‘নর্থ-ওয়েস্টার্ন মেডিসিন ক্যানিং থোরাসিক ইন্সটিটিউট’য়ের ফুসফুস বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন মায়ার্স।

তিনি ‘দ্য স্কিম ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “সিঁড়ি ভাঙার সময় সাময়িকভাবে শ্বাসকষ্ট হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তবে কিছু পরিস্থিতিতে এটি হতে পারে শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার লক্ষণ।”

যে কারণে সিঁড়ি দিয়ে উঠেলে শ্বাসকষ্ট হয়

ডা. মায়ার্স ব্যাখ্যা করেন, “যখন কেউ দুতিন তলার বেশি সিঁড়ি দিয়ে ওঠেন, তখন শরীরকে স্বাভাবিকের তুলনায় বেশি অক্সিজেন প্রয়োজন হয়। কারণ তখন শরীরের অনেক অংশ একসঙ্গে কাজ করে— পা, পেশি, ফুসফুস, হৃদযন্ত্র—সবকিছুর ওপর চাপ পড়ে।”

অর্থাৎ সিঁড়ি ভাঙা মানেই শরীরের অনেক শক্তি ব্যয় হওয়া। হাঁটার সময় যেসব পেশি ব্যবহার হয়, সিঁড়ি ভাঙার সময় সেগুলোর সঙ্গে আরও কিছু গভীর পেশি সক্রিয় হয়। তাই শ্বাস দ্রুত হয়, হৃদ্‌স্পন্দন বেড়ে যায়— যা সম্পূর্ণ স্বাভাবিক।

তিনি আরও বলেন, “যদি কয়েক ধাপ সিঁড়ি ভাঙার পর সামান্য হাঁপান আর অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যান, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

কখন শ্বাসকষ্ট উদ্বেগের কারণ হতে পারে?

তবে যদি খুব অল্প সিঁড়ি ওঠার পরই নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় নেয়, তাহলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত।

ডা. মায়ার্সের ভাষায়, “যদি আগে কখনও এমন সমস্যা না থাকে তবে হঠাৎ সিঁড়িতে ওঠা কষ্টকর মনে হয়, তাহলে এটি কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।”

এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসক সাধারণত নিচের কিছু কারণ খুঁজে দেখেন—

অ্যাজমা বা হাঁপানি: শ্বাসনালিতে প্রদাহ বা সংকোচন হলে এমন হয়।

সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ): দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ।

হৃদরোগ: হৃদ্‌যন্ত্র দুর্বল হলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়।

রক্তাল্পতা বা রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি: অক্সিজেন পরিবহনে ঘাটতি হলে শ্বাসকষ্ট বাড়ে।

সিঁড়িতে ওঠা সহজ করতে যা করা যায়

যদি পরীক্ষা করে দেখা যায় যে শরীরে কোনো বড় সমস্যা নেই, তবে সিঁড়ি ভাঙা সহজ করার সবচেয়ে কার্যকর উপায় হল— অভ্যাস তৈরি করা।

ডা. মায়ার্স বলেন, “সিঁড়ি দিয়ে ওঠার সহনশীলতা বাড়াতে সবচেয়ে ভালো উপায় হল— আরও সিঁড়িতে ওঠা।”

শরীরকে ধীরে ধীরে এই পরিশ্রমের সঙ্গে অভ্যস্ত করতে হবে।

তার মতে, “নিয়মিত হাঁটা বা হালকা দৌড়ানোর সঙ্গে সঙ্গে যদি ঢালু পথে ওঠার (ইনক্লাইন) অভ্যাস করা যায়, তাহলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে এবং শরীর সহজে অক্সিজেন গ্রহণে অভ্যস্ত হয়। এতে সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট অনেকটাই কমে যায়।"

শরীরচর্চার পাশাপাশি জীবনযাপনে পরিবর্তন

সিঁড়ি ভাঙা সহজ করতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি কিছু সাধারণ অভ্যাসও সহায়ক হতে পারে।

ওজন নিয়ন্ত্রণে: অতিরিক্ত ওজন ফুসফুস ও হৃদযন্ত্রের ওপর চাপ বাড়ায়।

ধূমপান ত্যাগ: এটি ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয়।

পর্যাপ্ত পানি পান করুন: পানিশূন্যতা শরীরের শক্তি কমিয়ে দেয়।

পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্যগ্রহণ: শরীরের সার্বিক সক্ষমতা বজায় রাখে।

শরীরের সংকেত শোনা

ডা. মায়ার্স মনে করিয়ে দেন, “শরীর সবসময় সংকেত দেয়। যদি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, বুক ধড়ফড় করে বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।”

কারণ, অনেক সময় সাধারণ শ্বাসকষ্টের আড়ালে লুকিয়ে থাকে ফুসফুস বা হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, যা আগে থেকেই সনাক্ত করা গেলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

স্বাভাবিক প্রতিক্রিয়া, তবে সচেতন থাকা জরুরি

সিঁড়ি ওঠার সময় হাঁপিয়ে যাওয়া সবসময়ই রোগের লক্ষণ নয়। এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে, বিশেষ করে যদি নিয়মিত ব্যায়াম করা না হয়। তবে যদি এই শ্বাসকষ্ট বারবার হয় বা আগের তুলনায় বাড়ে, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে।

শিকাগোর ফুসফুস বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন মায়ার্স যেমন বলেছেন, “সিঁড়ি দিয়ে ওঠার সময় সামান্য হাঁপানো একদম স্বাভাবিক, তবে যখন এটি অল্পতেই হয় এবং দীর্ঘ সময় স্থায়ী হয়, তখন সেটিই সংকেত যে শরীরের কোথাও সমস্যা রয়েছে।”

আরও পড়ুন

অতিরিক্ত সময় বসে থাকার সাথে হৃদরোগের ঝুঁকি

একই সাথে মাথাব্যথা ও বুক ধড়ফড় করার যত কারণ

পানিশূন্যতা থেকে হতে পারে বুকে ব্যথা