২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন কাঁদলে শরীরও কি কাঁদে?

মানসিক আঘাত ডেকে আনতে পারে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ ও দীর্ঘস্থায়ী রোগ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 02:00 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

প্রিয়জন চলে গেছেন বা সম্পর্ক ভেঙে গেছে কিংবা জীবনে এমন একটা আঘাত এসেছে যেটা সামলানো কঠিন। মন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। তবে বাইরে থেকে মনে হচ্ছে 'সব ঠিক আছে’।

কিছুদিন পর হঠাৎ দেখা গেল ঘাড়ে যন্ত্রণা। পিঠে টান লাগছে। মাথা ভার। সর্দি-কাশিতে বারবার পড়ছেন। ঘুম হচ্ছে না ঠিকমতো।

আলাদা আলাদা সমস্যা মনে হলেও এগুলো একটা কারণ থেকে আসতে পারে, সেটা হচ্ছে মানসিক কষ্ট।

শোক শুধু মনে থাকে না, শরীরে ছড়িয়ে পড়ে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলেন, “শোক কেবল মনের ভেতরে সীমাবদ্ধ থাকে না। এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতাকে পরিবর্তন করতে শুরু করে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান এখন স্পষ্টভাবে বলছে, তীব্র মানসিক চাপ ও শোক শরীরে বাস্তব শারীরিক পরিবর্তন আনতে পারে।”

মন আর শরীর আসলে আলাদা নয়। একটি আঘাত পেলে অন্যটিও কাঁপে।

পেশি ও হাড়ের ব্যথা, কারণটা হয়ত মনের

তীব্র শোকের সময় শরীর নিজেকে একটা আত্মরক্ষামূলক অবস্থায় নিয়ে যায়। পেশিগুলো অজান্তেই শক্ত হয়ে ওঠে, যেন ভেতর থেকে কুঁকড়ে যায়। দীর্ঘ সময় এই টান বজায় থাকলে ঘাড়, পিঠ আর হাড়ের জোড়ে ব্যথা শুরু হয়।

মার্কিন ট্রমা বিশেষজ্ঞ এবং বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ডা. বেসেল ভ্যান ডার কোল্ক, তার বই ‘দ্য বডি কিপস দ্য স্কোর’-এ লিখেছেন, “মন হয়ত কোনো পুরনো কষ্টের কথা ভুলে যেতে পারে, তবে শরীর তা কখনও ভোলে না।”

তিনি জানান, মানসিক আঘাতের কারণে মস্তিষ্কের ‘স্ট্রেস-রেসপন্স সিস্টেম’ বা চাপ সামলানোর পদ্ধতিটি স্থায়ীভাবে এলোমেলো হয়ে যায়। শরীর সবসময় নিজেকে কোনো বিপদের মুখোমুখি মনে করে। ফলে পেশিগুলো সবসময় শক্ত হয়ে থাকে, যা থেকে পরে তীব্র শরীর ব্যথা ও ক্লান্তি তৈরি হয়।

অনেকে বুঝতেই পারেন না যে, তাদের শারীরিক ব্যথার পেছনে আসল কারণটা মানসিক। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করান, কিছু ধরা পড়ে না। তবে ব্যথা থাকে। কারণ সেই ব্যথার উৎস শরীরে নয়, মনে।

মাথাব্যথা ও মাইগ্রেইন, স্ট্রেস হরমোনের কাণ্ড

শোকের সময় মস্তিষ্কে স্ট্রেস হরমোন বেড়ে যায়।

ডা. ফারজানা রহমান দিনা বলেন, “এই হরমোন রক্তনালির কার্যক্রমেও পরিবর্তন আনে, যা তীব্র মাথাব্যথা বা মাইগ্রেইনের জন্ম দিতে পারে। আলো ও শব্দে অস্বস্তি, বমি বমি ভাব, এগুলো সেই প্রক্রিয়ারই অংশ।”

কানাডা’র চিকিৎসক ও লেখক ডা. গ্যাবর মাতে, তার ‘হোয়েন দ্য বডি সেস নো’ বইতে উল্লেখ করেন, “মানুষ যখন নিজের ভেতরের মানসিক চাপ বা কান্না চেপে রাখে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। আর এ কারণেই শরীরে বাসা বাঁধে মাইগ্রেইন বা তীব্র ক্লান্তির মতো সমস্যা।”

কেউ হয়ত ভাবছেন মাইগ্রেইন বাড়ছে। আসলে বাড়ছে মানসিক চাপ। আর দুটো আলাদা নয়।

বারবার অসুখে পড়ছেন? রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়েছে

কিংস কলেজ লন্ডনের ‘ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্স’-এর করা গবেষণায় দেখা গেছে, শৈশব বা অতীতের মানসিক আঘাত, মানুষের রক্তের তিনটি প্রধান বায়োমার্কারে স্থায়ী প্রদাহ বা ইনফ্লেমেইশন তৈরি করে।

এই দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়ে। ফলে শরীর বাইরের সাধারণ জীবাণুর বিরুদ্ধেও লড়াই করতে পারে না এবং মানুষ বারবার অসুখে পড়তে থাকে।

তাই মানুষ যে প্রায়ই বলে, ‘কষ্টের সময় শরীরটাও ভেঙে পড়েছিল’, সেটা আসলে রূপকথা নয়, এটা বিজ্ঞান।

'ব্রোকেন হার্ট সিনড্রোম', হৃদয় সত্যিই ভেঙে যায়

অনেকে অবাক হতে পারেন, তবে চিকিৎসাবিজ্ঞানে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বলে একটি বাস্তব অসুখ আছে।

ডা. দিনা বলেন, “তীব্র মানসিক আঘাতে হৃদপিণ্ডের স্বাভাবিক সংকোচন ব্যাহত হতে পারে। উপসর্গ অনেকটা হার্ট অ্যাটাকের মতোই; বুকে ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা। হার্ভার্ড হেলথের গবেষণাও বলছে, অতিরিক্ত মানসিক আঘাত হৃদযন্ত্রের কার্যকারিতাকে সাময়িকভাবে প্রভাবিত করতে পারে।”

জনস হপকিন্স মেডিসিনের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইলান শোর উইটস্টেইন, চিকিৎসা সাময়িকী ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত তার একটি গবেষণাপত্রে ব্যাখ্যা করেন, “তীব্র মানসিক ধাক্কার কারণে শরীরে হঠাৎ ‘ক্যাটকোলামাইনস’ বা ‘অ্যাড্রেনালিনে’র মতো চাপের হরমোনের একটি সুনামি বা বন্যা বয়ে যায়। এই হরমোনের অতি-নিঃসরণ হৃদপিণ্ডের পেশিকে সাময়িকভাবে অবশ বা স্তব্ধ করে ফেলে। যে কারণে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়, যা হুবহু হার্ট অ্যাটাকের মতো মনে হলেও আসলে সেটা তীব্র মানসিক কষ্টের কারণে ঘটে।”

'মন ভেঙে গেছে', কথাটা তাই শুধু রূপক নয়, বাস্তবও।

খাওয়া, ঘুম, হজম, সব এলোমেলো হয়ে যায়

শোকের সময় শরীর একটা বিশেষ সতর্কাবস্থায় চলে যায়। রক্ত প্রবাহ মস্তিষ্ক ও হৃদপিন্ডের দিকে বেশি যায়, হজম প্রক্রিয়া ধীর হয়। কেউ কোষ্ঠকাঠিন্যে ভোগেন, কেউ ডায়রিয়ায়, কারও হয় বমি বমি ভাব।

ডা. দিনা বলেন, “খাওয়ার রুচিতেও বড় পরিবর্তন আসে। কেউ কষ্ট পেলে বেশি খান, কেউ একেবারেই খেতে পারেন না। ঘুম ভেঙে যায় রাতে, সকালে উঠতে পারেন না। এই চক্রটা চলতে থাকলে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে।”

তাহলে কী করবেন?

শোকের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কারও কয়েক সপ্তাহে কমে, কারও মাসের পর মাস লাগে। তবে এই সময় শরীর ও মনের যত্ন না নিলে ক্ষতিটা আরও গভীর হয়।

ডা. দিনা পরামর্শ দেন, “পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, হালকা শরীরচর্চা করুন। একা থাকবেন না, প্রিয়জনদের সঙ্গে কথা বলুন, অনুভূতি লুকিয়ে রাখবেন না। কাছের কাউকে বলা না গেলে একজন থেরাপিস্টের কাছে যান।”

ডায়েরি লেখার অভ্যাস গড়া উপকারী। যা মনে আসছে লিখে ফেলতে হবে। এটা ভেতরের ভার কমায়। মেডিটেইশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাসও অনেকটা কাজ করে।

মন ভালো না থাকলে শরীরকে সুস্থ রাখা কঠিন। আর শরীর দুর্বল হলে মন আরও ভেঙে পড়ে। এই চক্র ভাঙতে হলে দুটোকেই একসঙ্গে সামলাতে হবে।

আরও পড়ুন

ভাঙা সম্পর্কের রেশ কাটাতে

লম্বা ছুটির পরে মন খারাপ থাকার কারণ

মানসিকতা উন্নত করার পন্থা

মনের ব্যাধিও ছড়াতে পারে সঙ্গীর মাঝে

মানসিক চাপ অদ্ভূত প্রভাব ফেলে শরীরে