ধ্যান গভীর করতে সংগীতের সাত ধরন
একেক ধরনের সংগীত একেকভাবে মন ও দেহ শান্ত করতে সাহায্য করে।
ধ্যানে বসলে অনেক সময়েই মন স্থির হতে চায় না। চিন্তা, উদ্বেগ, দিনের নানান ঘটনা মাথার ভেতরে ঘুরতেই থাকে। এমন কি নীরব পরিবেশেও মন শান্ত না হয়ে বরং আরও অস্থির হয়ে উঠতে।
তাই ধ্যান গভীর করতে সংগীত বা প্রাকৃতিক শব্দ ব্যবহার অন্যতম এক মাধ্যম। সঠিক ধরনের সুর শব্দ মনকে কোমলভাবে স্থির হতে সাহায্য করে এবং ধ্যানের অভ্যাসকে সহজ করে তোলে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ধ্যান ও মানসিক সুস্থতা-বিষয়ক ওয়েবসাইট ‘কামডটম’–এর মননচর্চার প্রধান তামারা লেভিট বলেন, ধ্যানের সময় সঠিক শব্দ বা সংগীত ব্যবহারে মনকে শান্ত অবস্থায় পৌঁছানো সহজ হয় এবং নতুনদের জন্য এটি ধ্যানকে ভীতিকর না হয়ে স্বস্তিকর হয়।
ধ্যানে সংগীত ব্যবহারের কারণ
ধ্যান মানেই সম্পূর্ণ নীরবতা— এমন ধারণা সবার ক্ষেত্রে কার্যকর হয় না। অনেকের জন্য নীরবতা বরং অস্বস্তিকর হতে পারে।
সংগীত বা কোমল শব্দ মনকে এক ধরনের আশ্রয়ের জায়গা দেয়। যাতে চিন্তা এলেও সহজে মনোযোগ ফিরিয়ে আনতে পারে।
তামারা লেভিটের মতে, “সংগীত ধ্যানের প্রতি মানসিক প্রতিরোধ কমায়। তবে ধ্যান মানে সব চিন্তা থামিয়ে দিতে হবে এমনও নয়। তবে সংগীত থাকলে ধ্যানের অভিজ্ঞতা সহজ ও গ্রহণযোগ্য মনে হয়।”
শব্দ যেভাবে দেহ ও মনকে শান্ত করে
শব্দ কেবল কানেই শোনা যায় না, এটি দেহের স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলে। ধীর ও স্থির সংগীত শুনলে হৃদস্পন্দন ধীরে আসে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয় এবং শরীরের পেশি শিথিল হতে শুরু করে।
বিজ্ঞানীরা দেখেছেন, কোমল শব্দ মস্তিষ্কের কার্যকলাপকে শান্ত তরঙ্গে নিয়ে যেতে পারে- যা ধ্যান, স্বস্তি এবং গভীর ঘুমের সঙ্গে সম্পর্কিত।
প্রকৃতির শব্দ শুনলে শরীরে চাপজনিত হরমোন কমে এবং নিরাপত্তার অনুভূতি বাড়ে। তাই বৃষ্টি, সমুদ্রের ঢেউ বা বাতাসের শব্দ শুনে দ্রুত শান্ত হওয়া সম্ভব।
বিস্তৃত ও মৃদু পরিবেশ সংগীত
ধ্যানের জন্য সবচেয়ে জনপ্রিয় সংগীতের একটি ধরন হল- বিস্তৃত ও ধীর পরিবেশ সংগীত। এতে তীব্র তালো বা গানের কথা থাকে না। দীর্ঘ সময় ধরে একই ধরনের কোমল সুর চলতে থাকে, যা মনকে ধীরে ধীরে স্থির করে।
শ্বাসপ্রশ্বাসে মনোযোগ, শরীর পর্যবেক্ষণ বা মননচর্চার সময় এ ধরনের সংগীত খুব কার্যকর। এতে মন সহজে শব্দে আটকে যায় না, বরং শান্ত অবস্থায় প্রবেশ করে।
কোমল সুরে সুরমিলানো সংগীত
কিছু সংগীত বিশেষ সুরমিলিয়ে তৈরি করা হয়, যা অনেকের কাছে শরীর ও মনকে স্বস্তিদায়ক মনে হয়। গবেষণায় পুরোপুরি নিশ্চিত না হলেও এ ধরনের সংগীত শুনলে মানসিক চাপ কম অনুভূত হয়।
বিশেষ করে আবেগজনিত অস্থিরতা বা অতিরিক্ত মানসিক ক্লান্তির সময় কোমল সুরের সংগীত দ্রুত মনকে ভারমুক্ত করতে ভালো কাজ করে।
দুই কানে ভিন্ন তরঙ্গভিত্তিক শব্দ
এই ধরনের সংগীতে দুই কানে সামান্য ভিন্ন তরঙ্গের শব্দ শোনানো হয়, যা মস্তিষ্ককে নির্দিষ্ট শান্ত অবস্থায় যেতে সহায়তা করতে পারে।
মনোযোগ বাড়ানো, মানসিক চাপ কমানো এবং ঘুমে সহায়তা করার জন্য অনেকে এটি ব্যবহার করেন।
এ ধরনের শব্দ ব্যবহার করার সময় হেডফোন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এবং শুরুতে অল্প সময় শুনে শরীরের প্রতিক্রিয়া বোঝা উচিত।
বাদ্যযন্ত্রভিত্তিক কোমল সংগীত
সব বাদ্যযন্ত্রের সংগীত ধ্যানের জন্য উপযোগী নয়। তবে ধীর লয়ে পিয়ানোর শব্দ, কোমল তারবাদ্য বা শান্ত গিটার সংগীত আবেগকে স্থির করে, কিন্তু মনোযোগ নষ্ট করে না।
চিন্তামগ্ন সময়, অনুভূতি পর্যবেক্ষণ বা ডায়েরি লেখার মতো ধ্যানচর্চায় এ ধরনের সংগীত কার্যকর হতে পারে।
প্রকৃতির শব্দভিত্তিক সংগীত
বৃষ্টির শব্দ, নদীর প্রবাহ, পাখির ডাক বা বাতাসের শব্দ মনে নিরাপত্তা ও প্রশান্তির অনুভূতি তৈরি করে। প্রযুক্তিনির্ভর জীবনে প্রকৃতি থেকে দূরে সরে গেলেও এই শব্দগুলো মানসিক সংযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে।
উদ্বেগ, অস্থিরতা বা ঘুমের সমস্যায় ভোগাদের জন্য প্রকৃতির শব্দ উপকারী।
শ্বাসের ছন্দে ধীর সংগীত
কিছু সংগীত এমনভাবে তৈরি হয় যাতে শ্বাসপ্রশ্বাসের ছন্দ ধীরে আসে। শব্দের ওঠানামার সঙ্গে শ্বাস মিলিয়ে নিলে দ্রুত দেহ ও মন শান্ত অবস্থায় পৌঁছায়।
চাপপূর্ণ পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে বা ধ্যান শুরুর আগে এ ধরনের সংগীত খুব কার্যকর।
কোমল তালযুক্ত হালকা ইলেকট্রনিক সংগীত
অনেকে সম্পূর্ণ নীরবতা সহ্য করতে পারেন না। আবার তীব্র সংগীতও ধ্যানের জন্য উপযুক্ত নয়। এক্ষেত্রে কোমল তালযুক্ত হালকা ইলেকট্রনিক বা ধীর গতির পুনরাবৃত্ত সংগীত মনকে স্থির রাখে, কিন্তু মনোযোগ কেড়ে নেয় না।
হাঁটতে হাঁটতে ধ্যান করা, পড়াশোনা বা কাজে মনোযোগ বাড়ানোর সময় এই সংগীত ব্যবহার করা যায়।
নতুনদের জন্য কোন সংগীত ভালো?
ধ্যান শুরু করাদের জন্য গানের কথা বা হঠাৎ সুর পরিবর্তন নেই— এমন সংগীত সবচেয়ে ভালো। ধীর, স্থির ও কোমল সংগীত মনকে বিভ্রান্ত না করে বরং স্থির হতে সাহায্য করে।
তামারা লেভিটের পরামর্শ, প্রথমে বিভিন্ন ধরনের সংগীত শুনে দেখতে হবে কোনটি নিজের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক মনে হয়।
ঘুমের জন্য কোন শব্দ কার্যকর?
ঘুমের আগে ধীর ও স্থির শব্দ খুব উপকারী। বৃষ্টি, সমুদ্রের ঢেউ বা বাতাসের শব্দ দীর্ঘ সময় চললে মন ধীরে ধীরে ঘুমের দিকে যায়। তবে হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেলে ঘুম ভেঙে যেতে পারে, তাই দীর্ঘ সময় চলা শব্দ বেছে নেওয়া ভালো।
সংগীত নাকি নীরবতা— কোনটি ভালো?
ধ্যানের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কেউ নীরবতায় স্বস্তি পান, কেউ সংগীতে। মানসিক অবস্থার ওপর নির্ভর করে দুইটিই ব্যবহার করা যায়।
ধ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- নিয়মিত চর্চা। সংগীত বা নীরবতা— যেটি নিজেকে শান্ত থাকতে সাহায্য করে, সেটিই সঠিক।
আরও পড়ুন
