কাঁথা মুড়িয়ে ঘুমানোর অভ্যাসে দীর্ঘমেয়াদি ক্ষতি
মাথা থেকে পুরো দেহ কাঁথা মুড়িয়ে ঘুমালে ব্রণের সমস্যাও দেখা দিতে পারে।
শীতের রাতে বা বর্ষার ভ্যাপসা আবহাওয়াতে অনেকেই কাঁথা বা কম্বল মুড়িয়ে আরামে ঘুমিয়ে পড়েন।
পুরো শরীরের সঙ্গে মুখও ঢেকে ফেলেন, যাতে বাইরের ঠাণ্ডা বাতাস বা ধুলা থেকে সুরক্ষা পাওয়া যায়। এতে এক ধরনের নিরাপত্তা ও আরামের অনুভূতি হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য মোটেই নিরাপদ নয়। নিয়মিত মুখ ঢেকে ঘুমালে ধীরে ধীরে এমন কিছু সমস্যা তৈরি হয়, যা প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে।”
সবচেয়ে বড় ঝুঁকি হল- শ্বাসপ্রশ্বাসে বাধা। মুখ ঢেকে ঘুমালে কাঁথার ভেতরে নিঃশ্বাসের বাতাস জমে থাকে।
ডা. নয়ন বলেন, “আমরা যে বাতাস ছাড়ি, তাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে। সেই বাতাসই বারবার শ্বাসের সঙ্গে শরীরে ঢুকতে থাকলে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে রাতে ঘুমের মধ্যে অস্বস্তি, অস্থিরতা বা অজান্তেই বারবার ঘুম ভেঙে যায়। সকালে উঠে মাথা ভার লাগা, ঝিমুনি, হালকা মাথাব্যথা বা ক্লান্তির অনুভূতি হওয়া অস্বাভাবিক নয়।”
দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ঘুমের মান খারাপ হয় এবং শরীর পুরোপুরি বিশ্রাম পায় না।
ঘুমের মান খারাপ হলে দিনের কর্মক্ষমতা, মনোযোগ ও মেজাজের ওপরও প্রভাব পড়ে। অনেকে মনে করেন, সারারাত বিছানায় ছিলেন মানেই ভালো ঘুম হয়েছে। তবে অক্সিজেনের ঘাটতির কারণে গভীর ও আরামদায়ক ঘুম ব্যাহত হয়। ফলে সকালে উঠে ক্লান্তি, অবসাদ বা মনোযোগের অভাব অনুভব করা স্বাভাবিক হয়ে দাঁড়ায়।
পড়াশোনা বা কাজের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়।
ত্বকের সমস্যাও বাড়ে। মুখ ঢেকে ঘুমালে কাঁথার ভেতরে ঘাম ও আর্দ্রতা জমে যায়। উষ্ণ ও আর্দ্র পরিবেশ ব্যাক্টেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ। এতে মুখের ত্বকে ব্রণ, ফুসকুড়ি, চুলকানি বা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।
যাদের ত্বক সংবেদনশীল বা আগে থেকেই ব্রণের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।
কাঁথায় ধুলা, ‘ডাস্ট মাইট’, জীবাণু বা ছত্রাক লেগে থাকতে পারে। মুখ ঢেকে শ্বাস নেওয়ার সময় এসব ময়লা সরাসরি নাক ও ফুসফুসে প্রবেশ করে। ফলে সর্দি, কাশি, নাক বন্ধ হওয়া বা শ্বাসনালির সংক্রমণের আশঙ্কা বাড়ে।
যাদের হাঁপানি বা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য এই অভ্যাস বিশেষভাবে ক্ষতিকর।
কাঁথার ভেতরের গরম বাতাস অনেক সময় শুষ্কও হয়ে যায়। এতে নাকের ভেতর খুসখুস ভাব, গলা শুকিয়ে যাওয়া বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়।
রাতে বারবার পানি পিপাসা লাগা বা গলা ব্যথা নিয়েও অনেকে ঘুম ভাঙেন।
“স্বাস্থ্যকর ঘুমের জন্য মুখ খোলা রেখে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত। কাঁথা দিয়ে শুধু শরীর ঢেকে রাখুন” – পরামর্শ দেন ডা. নয়ন।
নিয়মিত পরিষ্কার বিছানার চাদর ও কাঁথা ব্যবহার করতে হবে। ঘরে সামান্য বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি।
শীতের সময় হালকা কম্বল বা চাদর ব্যবহার করতে হবে যাতে মুখ ঢাকা না পড়ে।
ছোট একটি অভ্যাস বদলালেই বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। একটু সচেতন থাকলেই ঘুম হবে আরামদায়ক ও গভীর।
আরও পড়ুন
